![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৪৬ |
অচেনা টেবিল
দুঘন্টা পরপর ট্রেন আসে এই স্টেশনে। সন্দীপ পৌঁছে দেখল এখনও বেশ খানিকটা সময় বাকি। জানুয়ারির শেষ বিকেল। আলো দ্রুত ফিকে হয়ে আসছে।
টিকিট কাটার চাপ নেই কারণ রিটার্ন
টিকিট তার কাটাই আছে। তাই সে স্টেশনের সামনের রাস্তায় হাঁটতে লাগল। কয়েক পা এগোলেই
একটা ম্যাগাজিন স্টল থাকার কথা। আগে যতবার এখানে সে এসেছে স্টলে দাঁড়িয়ে পত্রিকার পাতা
উল্টেপাল্টে দেখেছে। কিছু না কিনলেও নতুন কাগজের গন্ধ তার ভাল লাগে।
কিন্তু আজ স্টলটা চোখে পড়ছে না।
সন্দীপ আরও এগিয়ে গিয়ে আবার ফিরে এল। ভুল হওয়ার কথা নয়। ঠিক
এই জায়গাতেই ছিল স্টলটা।
একটু পরেই বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডারের
পাশে বসে থাকা ছেলেটাকে দেখে চিনতে পারল সে। সেই রোগা চেহারা, ঝাঁকড়া চুল।
সন্দীপ জিজ্ঞেস করল, “তোমার ম্যাগাজিন
স্টলটা?”
ছেলেটা হেসে সামনেই একটা টেবিলের
দিকে দেখিয়ে বলল, “এই তো স্যার।“
সন্দীপ তাকিয়ে রইল।
টেবিলের উপর একটা অ্যালুমিনিয়ামের
পাত্র, ভাপ উঠছে।
“ওসব আর রাখি না স্যর”, ছেলেটা
বলল, “বিক্রিবাট্টা কমে গেছিল। তাই মোমো রাখি এখন। ভালই চলে”।
সন্দীপ চুপ করে রইল।
“দেব স্যর, এক প্লেট?”
সন্দীপ মাথা নাড়ল। তারপর প্ল্যাটফর্মের
দিকে হাঁটতে লাগল।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন