কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১৪১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১৪১

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রীনা ভৌমিক

 

কবিতার কালিমাটি ১৫৬


কিছুই হয় না জীবনে

আয়না ভাঙলো

অথচ আওয়াজ হলো না

কথা ছিল ভালোবাসা আসবে

হৈহৈ করে, বিপুল সমারোহে

গাছ সাজাবে ফুল, পাখি গান

আকাশ রামধনুর রিবনে চুল বেঁধে

শায়র নামের পুকুরে লাজুক মুখ দেখবে

প্রজাপতি ফুলের সাথে মিষ্টি ঝগড়া সেরে

কৃষ্ণচূড়ার মগডালে বসে

বিরহ বিলাসী সুর সাধবে

 

প্রেম যখন চলে যাবে;

তীব্র আক্রোশে পাগলা হাতি হবে

চতুর্দিক 'ভাঙচুর ভাঙচুর' শব্দে

তটস্থ হবে

আশা আর যাওয়ায় লেগে থাকবে

তীক্ষ্ণ আভিজাত্য...

 

কিছুই হয় না, কিছুই হয় না জীবনে

সেই অভিমানে একসময়

আয়না নিজেকে ভেঙ্গে চুপচাপ

শূন্য হয়ে যায়...

 

ফিরে যাই

প্রচন্ড গ্রীষ্মবোধে যেভাবে চাইছো জল

আসন্ন বর্ষায় মুছে যাবে সেই স্মৃতি

এতোই নশ্বর চাওয়া

এতোই ভঙ্গুর

 

খিদে আর ঘুমের ভেতর

মানুষ নগ্ন পায়ে একা হেঁটে যায়

জন্ম-পূর্বে জেগে ওঠা স্পন্দিত

নাভির মতো, অফুরান উষ্ণতার

রঙ মেখে

একা কথা বলে নিজস্ব নদীর সাথে...

আকণ্ঠ চেয়েছো আমায়;

ক্যানভাসে এইটুকু রঙ জেগে থাক...

আমি ফিরে যাই!

 

পরাজিত

যাচ্ছি, টুঁ-শব্দ না করেই

যদি ভাবো এভাবেই জিতে গেছো...

সে জয়ের নামে থাক আমার সেলাম

 

যেভাবে চোখে জমে কান্নার উচ্ছ্বাস

যেভাবে শব্দেরা কাটাকুটি খেলে যায়

কবিতা শরীর নিয়ে , নৈঃশব্দের মাঠে...

নিঃশ্বাসে নড়ে চড়ে বুকের লাবডুব

 

সেভাবেই ক্লান্তিহীন মগ্নপাঠে চিনেছি তোমায়

পঠিতব্য আর কিছু নাই;

অবাক চোখ দ্যাখে স্বপ্নের একমুঠো ছাই

 

আমারি স্বপ্নের পোড়া ছাই

রাতজাগা পাখিটার ভোর-গন্ধে ঘুমে ডোবে চোখ

আমার পরাজয়ে তোমার রাজ্যাভিষেক হোক...

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন