![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৪৬ |
ফেনা
রিপন ফেনায় পা ডুবিয়ে বসে আছে। ওকে আজ খারাপ হতে হবে। ভাল থাকতে গিয়ে ওর পকেট থেকে টাকা কেড়ে নিয়েছে, বুক থেকে সম্পর্ক ছিনিয়ে নিয়েছে, মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে, ভোটের লাইনে দাঁড়ানোর আগেই ছাপ্পা মেরে ভোট কেটে, মুখফোটা শব্দ এমনকি হাসিটাও কেড়ে নিয়েছে। পায়ের জুতো জোড়া সরিয়ে নিয়ে ওকে খোলা পৃথিবীতে একা ছেড়ে দিয়েছে, সারা গায়ে অন্ধকার মাখিয়ে।
-- সাবান জলের ফেনায় পা ডুবিয়ে
বসে আছ কেন? কী নোংরা লোক রে বাবা, দুর্গন্ধ জামাকাপড় ওই সাবান জলে কেচে নিতে পারছ
না?
কে যেন একটা বলে গেল। রিপন ঠাহর
করতে পারে না। অন্ধকারে থাকতে থাকতে মনে হয় ওর দৃষ্টিশক্তিও কেউ কেড়ে নিয়েছে।
-- জিও গুরু, আমরা খেতে পাই না,
আর তুমি বিয়ারের ফেনায় পা ডুবিয়ে বসে আছ? এক চুমুক এদিকেও বাড়াও গুরু...
রিপন গন্ধে বোঝার চেষ্টা করে ওর
পায়ের নিচে কী! কিন্তু মনে হচ্ছে ওর ঘ্রাণ শক্তিও ছিনিয়ে নিয়েছে। ক্ষিদেও নেই।
-- সমুদ্রের নোনতা ফেনায় এই মাঝরাত্তিরে
একা একা কী করছ? মরতে এসেছ নাকি? টের পাচ্ছ না, ঢেউ বাড়ছে? গায়ে জলের নোনা ছিটে লাগছে না? কী হল...
রিপন আর কিছু শুনতে পায় না, শব্দগুলো
হারিয়ে যায়। গায়ে কোন স্পর্শ নেই, মাথার ওপর কিছু বোঝা যাচ্ছে না। শুধু ফেনা, আর
ফেনার বুদবুদ, ওকে ঘিরে।
রিপন স্পঞ্জের মত এঁটে বসে থাকে,
প্রাণ আছে, আর কিছু নেই। ওকে আজ সব ফেরত পেতে হবে। ওকে আজ খারাপ হতে হবে।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন