কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

অভিজিৎ মিত্র

 

কালিমাটির ঝুরোগল্প ১৪৯

 

ঠিকানা

এখানে একটা দরজা ছিল। মস্ত লাল টকটকে একটা সিং দরজা। যে কেউ আলতো চাপে খুলে ভেতরে ঢুকে যেতে পারত। সারাদিন কত লোকজন ঢুকত। একদল হঠাৎ কীর্তন গাইবে। আরেকদল কবিতা পাঠ করবে। কেউ কেউ ভেতরে বসে আলপনা দেবে।

দালান পেরিয়ে একটাই ঘর। তার মধ্যে ছয় বাই চারের একটা সেগুন কাঠের আলমারি। তালা থাকত না, শুধু ভেজিয়ে রাখা পাল্লা। কীর্তন গেয়ে ওরা আলমারি খুলে দশ কুড়ি টাকা নিয়ে চলে যেত। আলপনা দিয়ে বাচ্চা মেয়েটা আলমারি খুলে যা পেত, এক দুই পাঁচ, তাতেই খুশি হয়ে চলে যেত। একবার পরপর তিনদিন এক হনুমানওয়ালা এসে খেলা দেখিয়ে আলমারি খুলে কিছুই না পেয়ে চার নম্বর দিনে নিজের পকেট থেকে দুটো দশ টাকার নোট আলমারিতে রেখে গেছিল। কেউ কোনদিন কাউকে বলেনি, দরজা খুলছ কেন? আলমারি খুলছ কেন?

দরজাটা খুঁজছি। এসব পাড়ার ঠিকানা গুগল ম্যাপে লেখা থাকে না, তাই খুঁজে পেতে একটু সময় লাগে। ওদিকে দুটো ল্যাম্পপোস্ট, এদিকে দুটো। আলোর বদলে শঙ্কু আকারের অন্ধকার ফেলছে। খানিকটা ওদিকে গেলাম, আবার ঘুরে এসে এদিকে। বারবার অন্ধকার পেরোচ্ছি, আর মনে হচ্ছে ডানহাত বাঁহাত গুলিয়ে যাচ্ছে না তো? উপনিষদের পাতায় ঠিক দেখেছিলাম তো? আরেকটু পথ চলা দরকার।

একটা দরজা, যেটা খুঁজে পেলে কোন প্রশ্ন করা বারণ। কেউ কিছু জিজ্ঞেস করবে না, আমিও না।

শুধু নিজেকে একটা প্রশ্ন করব। একটাই।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন