কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ধীমান চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১৫৯

 

বদল

সমুদ্র বাজলে। ঘরময়

ছড়িয়ে পড়ে রজনীগন্ধা। কাচের বদলে চিঠির ভেতর দিয়ে দেখে এ্যকোরিয়াম।

কেউ কেউ চেষ্টা করেও।

সারাজীবনে পাল্টাতে পারে

না জীবন। অন্ধকার তুলতে গিয়ে ভেঙে ফেলে ছায়া।

ছায়ারা কখনো কখনো

সাদা বিড়ালে বদলে যায়।

ছুরি নিয়ে দরজার সামনে দাঁড়ালেও। চোখ জীবন ভর অপেক্ষা করে মদের গ্লাসের ভেতর থেকে।

 

আশকারা

বিভিন্ন বর্ণমালা। মানুষের

ঠোঁটে বুনে দেয়

নৌকাডুবির লন্ঠন।

লক্ষ্যভেদ হোক না হোক। একজন বুলেট। ফিরে এসে স্তব্ধতায় বসে বিশ্রাম নেয়।

কেউ আবদার করলে

আশকারা সোফায় তুলে

রাখে কাটা হাত।

কানামাছি খেলায়। ভুল

প্রতিবিম্ব ছুঁয়ে সারাজীবন।

ভুল গান, উল্টানো চেয়ার, আমায় ছুঁয়ে থাকে।

 

অজানা

কি হবে না জেনেই।

চকোলেট খেতে খেতে।

রাস্তা বদলে ফেলে অনেকে। সমুদ্রের এক নিজস্ব সমুদ্র

আছে। সেখানে শুয়ে মাসকারা এবং নখরঞ্জনী লাগায়।

ফ্রক পাল্টে পাল্টে দেখে।

পছন্দ না হলে।

আগুন লাগিয়ে। ধোঁয়ায়

নিজের খুলি সেঁকে নেয়।

বিশ্বাস কর। জলের নিচে

সে আজও নিঃশ্বাস নিয়ে চলেছে। মাঝে মাঝে  জলের লম্বা নখ দিয়ে, একমনে

আগুন খুঁচিয়ে দিচ্ছে।

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন