![]() |
| কবিতার কালিমাটি ১৫৯ |
শিরোনামহীন
(১)
ডুবে ডুবে অনেকদূর
ভেসে ভেসেও
সেই লব্জ
যাঁরা অন্ধ ছিল
যাঁরা আজও
বিপদসংকুল
নাভির গাঢ় ভুমিকায়
(২)
নিশ্বাস ফুরোলে
বাঁশিও ঝাড়ে
মোমের বিশ্বাস
শিকড়হীন। শূন্য-পা
তা-থই
নির্লজ্জ। গণমঞ্চ
চতুর ছায়া
চারটি স্তম্ভ ভেঙে
(৩)
কাচ কিংবা
ঠুনকো পিয়ালবন
অন্ধকার আঁচড়
সুতলির বহরে পাখিরাও
পাতলা আলোর ডিমে। নিস্তব্ধ
সাপ-নেউল মানুষ-কুকুর
গরু-ছাগল ছায়াসন্তর্পণ
জানলার ক্রাউন সাইজ
ভাঙতে চেয়ে
কেউ কি স্পন্দনে আছেন
কেউ বি-স্কেলে বসে
মালা গাঁথছেন এখনও
(৪)
রং। ভয়াবহ
দক্ষিণ বরাবর
অর্ধমগ্ন টুকলিগুলোর যৌনাঙ্গ
মশা-মাছির
ক্লিনারে ধুয়েমুছে
দুপুর কিনছে লেন্স
সব মড়া মাছের কানকো
পচাগলা গরমের উচ্ছিষ্ট
জল খসে ফাৎনায়
(৫)
সবকিছুর আয়নাগুলোয় খুচরো
যেনতেন প্রকারে মাথায় বাটখাড়া
ছবি আর সহজাতভাবে ছবি থাকলো না
জঙ্গলাকীর্ণ দূরুহ উপলব্ধি করুণ
বাঁশটিও সশব্দে
ক্যানভাস ধেবড়ে দেয়
(৬)
ফণা তুলো না
ধুলোর ভিতরও বেঁজি
ফুঁয়ে বিষ ছড়ায়
এই নিশ্বাস কমলায় হাঁটু মুড়ে
একগোছা রঙিন কুয়াশাও
কামড়ায়
ডাক্তার এসব খিদে নিয়ে
তীব্র পরীক্ষায়
(৭)
ন্যূনতম তুলোয় দাঁড়িপাল্লা
অগোছালো খেলাঘর
নামখানায় ভুলের পালকি
ছয়জন বেহারা
দাড়ি কামিয়ে বিবেচনাবোধ
তারপর চিতায়
(৮)
একজন বাইশগজে
আর অন্যজন
নাক টিপলেই
হাড়ে বাঁশি তোলে
ধুন্ধুমার কাগজে মেঘের চাখনা
একগ্লাস ঢেউয়ের কথা মাখায়

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন