![]() |
| কবিতার কালিমাটি ১৫৯ |
ল্যাবিরিন্থ
রোবটের মত দিন যায়,
এঘর,ওঘর বারান্দা হয়ে ফিরে আসে প্রতিধ্বনি। দেয়ালে কাঁপতে থাকে
ল্যাবিরিন্থ ছায়ার অসংলগ্নতা…
নির্জন হয়ে গেলে সাপ ও সিড়ি খেলার ছকটি দেখতে লোভ হয় ভীষণ
দূর্বলতা নয়
পুরনো হাতযশ
ছন্দ ভাঙবে বলে জটিল জীবনের কাছে হেরে গিয়েও প্রস্তুত মন
মুক্তির আনন্দে ফের রচনা করে
গোলকধাঁধার বিন্যাস!
প্রেম, কথা ও জীবন
প্রেম
যা নিজস্ব, বোধে তীব্র
বিশ্বাস বুকে যৌথ সম্পর্কে বাধ্য থাকা
ব্যস্ততার আড়ালে লুকিয়ে পোড়া মন
পেত্রার্কের মতো একইসাথে যন্ত্রণা ও তৃপ্তিতে…!
কথা
যা সৃষ্টি হয় অলস কথোপকথনে
যা তিক্ত-মধুর সম্পর্কের সূচনা, সমাপ্তিও
চোখে চোখে কথা গুঢ় প্রেম …
জীবন
স্বাছন্দ্যে কাটে, বেশিরভাগ এলোমেলো
অবিন্যস্ত বালির সাজে
শব্দহীন সৈকত যেমন
স্থির নৌকার মত শত শত ঘরবাড়ি
প্রেমের জোয়ার অপেক্ষায়।
সংবেদনশীল
অল্পই হেঁটেছ যার সঙ্গে, তাদের কথা বেশি মনে পড়ে
স্পর্শই মনে পড়ে
...নিষিদ্ধ ফল ঠোঁট ছোঁয়ার মত!
বিকেলের যে রিনরিনে নদীটা আবেশে বয়ে চলেছে
তাকে চালিত করছে বিগত বর্ষাজল
সাম্প্রতিক বৃষ্টি অপর্যাপ্ত হলেও অল্পই প্রভাব ফেলে তার
অল্পই কথা, ভাবানুবাদ বেশি যার
সুর অনুভূত হয় প্রাণে, আগুন জ্বালে ধিকিধিকি
প্রগাঢ় ছেয়ে থাকে নিবিড় আত্মায়, সংবেদনশীল ...

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন