![]() |
| কবিতার কালিমাটি ১৫৯ |
বৃক্ষ আমার
তুমি
নির্জন বৃক্ষ আমার।
তোমার ডালে
দুঃখ বেঁধে রেখে
রাতে ঘুমোতে যাই
নিশ্চিন্তে।
জানি
গচ্ছিত ধন
থেকে যাবে যেমন রেখেছি যেখানে।
দেখে-শুনে
তুমি
রেখে দেবে আগলে পাতায়।
রোদের খপ্পর
হাওয়ার কান
বৃষ্টির দাপট
থেকে বাঁচিয়ে বাঁচিয়ে।
শমী বৃক্ষ ছিলে বুঝি তুমিই গত গতজন্মে?
শিকড়ে মাথা রেখে
ঘুমিয়ে পড়লে অসময়ে
কত কতবার ডাক
সকালে বিকালে।
এখন
ধর্মযুদ্ধ !
কৌরব
উঠোন পেরিয়ে
দাওয়ায় পিঁড়ি পেতে।
আবার অস্ত্র চাই।
শানিত দুঃখ ঝেড়ে ঝুড়ে
বাছা বাছা তূণ এবারও কি হাতে তুলে দেবে?
কোনও দিনই...
কাঁটায় কাঁটায়
ন'টা,
কথা বলতে ইচ্ছে
করছে
খুব...
আপনি বাড়ি পৌঁছে গেছেন
জানি
নীল কার্পেটে হবহু ভাবনা
চুপ...
এবার গেলাস গেলাস ডুব
এবার সতেজ একলা স্নান
কোথাও হয়তো কিচ্ছু নেই
খালি
অ্যাপে অ্যাপে ঝোলে
একজোড়া অভিমান...
কত কত কথা বলে ফেলেছি, আজকে তবু
ইচ্ছে করছে
এখন আবার বলি
দিব্যি দিচ্ছি, নিজেই মনে মনে
একদম না
একদম না
কক্ষনো কোনও দিনই...
সিটবেল্ড
নিজেকে বেঁধে রাখতে অপারগ বলে
সামনের সারিতে বসি না গাড়িতে
কোনও দিন।
সিটবেল্ট পোষায় না
আমার।
অথচ জানি,
বেঁধে রাখা
বেঁধে থাকা
চিরকালের নিয়ম।
সব ভেঙে
আলগোছে চুমু কপাল
ছুঁলে
অতীত ভিড় করে চৌকাঠে।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন