কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শৌভিক দে

 

সমকালীন ছোটগল্প



কথায় কথায় যে রাত হয়ে যায়...

-  ' শুভ সন্ধ্যা ডাক্তারবাবু। আসছি ভিতরে। বাব্বা! যা বৃষ্টি, যেন আকাশের উদরাময়'।

= ' হুম তাই তো দেখছি। এই এই ছাতাটা ছাতাটা ...'।

-  ' ছাতা? এই তো ছাতা। হাতেই আছে। তবে কড়া করে ধরে রেখেছি। এটার স্বভাব একদম ভালো নয়। সুযোগ পেলেই অন্যের হাত ধরে পালাতে চায়'।

= ' আরে দূর মশাই। ছাতাটা বাইরে বালতিতে রেখে আসুন। সারা ঘর ভিজিয়ে ছাড়লেন। বাইরে ... বাইরে'।

-  ' ওহো। বাইরে বালতিটা ছাতা রাখার জন্যে। এ হে হে হে । একটু লিখে রাখতে হয় গো। আমি তো পানের পিক ওতেই ফেলে এলাম'।

= ' কী'?

-  ' হ্যাঁ। তবে আমি প্রথম নই। আগে থেকেই ওতে যথেষ্ট গুটকা ... তাছাড়া ধরুন শ্লেষ্মা, গয়ের ... আবার...'।

= ' উফ চুপ করুন। হে ঈশ্বর কবে আমাদের দেশে Civic Sense হবে। ইংল্যান্ডে যখন ছিলাম - পরিষ্কার পরিচ্ছন্নতা যেন ওদের ধর্ম্, হাসপাতালগুলো দেবালয়...'।

-  ' বাঃ। বিদেশে গিয়েছিলেন কিন্তু বেশ বাঙলা বলেন, মন্দির নয় দেবালয়। আসলে আমরা তো আর ব্রিটিশের শাসনে নেই তাই ব্যবস্থা উল্টে নিয়েছি'।

= ' তার মানে'?

-  ' মানে আমরা মন্দিরকেই হাসপাতাল করে দিয়েছি'।

= ' মন্দির ... হাসপাতাল '!

-  ' বুঝলেন না? যদি ভগবানকে দক্ষিণা চড়িয়ে চেষ্টা করি। আর না হলে আপনারা চড়াও হবেন। টাকাই মুক্তিদাতা’।

= ' বাব্বা! বেশ কথা বলেন তো, খটখট, খটাখট'।

-  ' শব্দ হল ব্রহ্ম। হেলা করবেন না। আর রইল কথা ওই বাইরে বালতিটার। অজান্তে একটু দুর্নীতি হয়ে গেছে। তবে কয়লা কি বালি চাপা দিলে ঠিক হয়ে যাবে'।

= ' আপনার সব কথা শুনছি কিন্তু আগে দয়া করে ছাতাটার কোথাও একটা ব্যবস্থা করে আসুন। ঘর একেবারে খাটাল করে তুলেছেন'।

-  ' তা খাটাল বললেন না ঘাটাল? সে যে কি দুর্দশা চোখে দেখা যায় না। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি বাইরে'।

= ' হ্যালো সিস্টার মল্লিকা? আজকে কজন Customer ... মানে রুগী আছে? আজ আবার Driver আসেনি। নিজেকেই গাড়ি চালিয়ে যাতে হবে। আমাদের পাড়ার যা অবস্থা হয় বর্ষাকালে - কেউ হেঁচে দিলেই জল দাঁড়িয়ে যায়। অ্যাঁ ... আর কেউ নেই? ওই একজনাই? ঠি...ক আ...ছে। কী আর করা। এই বৃষ্টির জন্যে যে  কত লোকের কত ক্ষতি হয়। Thank You,  ছাড়লাম।

-  ' আবার এসে পড়েছি স্যার। ছাতাটার জন্যে বিশ্বাসী লোক খুঁজতে একটু দেরি হয়ে গেল। Security Guardরা বর্ষায় একটু বাবার প্রসাদ পাচ্ছিল, জিম্মা করে এলাম। আমি দেখেছি গঞ্জিকা প্রেমীদের স্বভাব চরিত্র ভালো হয়'।

= ' কী করে জানলেন'?

-  ' বলতে একটু লজ্জাই হচ্ছে। এক শিবরাত্রিতে একটু প্রসাদ পেয়েছিলেম। তারপর দেখি স্বর্গের দিকে ভেসে ভেসে চলেছি। অমনটা একবার হোলিতে সিদ্ধি খেয়েও হয়েছিল। তখন  পাপ তাপ মনে থাকে না'।

= ' বুঝলাম। পাঁজি দেখে পাজি হন। শিবরাত্রিতে গাঁজা, হোলিতে ভাঙ, কালীপূজোয় সুরা, টুসু পরবে পচাই...'।

-  ' আপনার দেখছি স...ব নখ দর্পণে। বেশ রসে বশে থাকেন'।

= ' আমি না আপনি। যা হোক ছাতাটার গতি হয়েছে। এখন ...'।

- ' অমন বলবেন না। ওই তো আমার অগতির গতি। ছাতাটা ... কী আর বলব ...  এমন শরৎচন্দ্র ছাতা ভূভারতে পাবেন না'।

= ' শরৎচন্দ্র ছাতা? ও ছাতার জলকে চোখের জলের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। বুঝলাম রসিক-বাবু'।

-  ' আজ্ঞে না, বোধহয় বোঝেননি। ছাতাটাকে চরিত্রহীন বলে বললাম। সাবিত্রী হবে, না কিরণময়ী। সতীশের কাছে যাবে না নাকি উপীন সম্বল হবে - ঠিকই করতে পারে না। মাঝে মাঝেই দাগা দেয়'।

= ' তাই বলে খোদ শরৎচন্দ্রকেই চরিত্রহীন বলবেন'?

-  ' আজ্ঞে তিনি বড় লেখক বটে কিন্তু স্বভাব চরিত্র ঠিক - হে হে হে হে '।

= ' মেরি গলতি। ভৈঁষ কে আজ্ঞে বীণ বজানা। বলুন কী অসুবিধে বলুন'।

-  ' ওইটা কী বললেন, ভঁইষ টইষ? ঠিক বুঝলাম না'।

= ' ও কিছু না, কিছু না। আমি আসলে বিহারে মানুষ তো। মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যায়। ভুল চুক লেনি দেনি। মানে - ছাড়ুন,ছাড়ুন। এবার বলুন কি অসুবিধে'?

-  ' অসুবিধে বলতে তেমন বড় কিছু নয় - ওই টুকটাক। ধরুন আমার বরাবরের লুঙ্গি পরার অভ্যাস। ফ্ল্যাটে এসে গিন্নী কিছুতেই পরতে দেন না। আমার আবার পাজামা পরলে যখন তখন গিঁট পড়ে যায়। বিশেষত সকালবেলা গরম চা পেটে পড়ার পর গিঁট পড়লে ... সে এক অসৈরন কাণ্ড বেধে যায়'।

= ' উফ, বাঁধিয়ে রাখার মত ব্যক্তিত্ব। বলছি আপনার অসুখটা কী'?

-  ' অসুখ? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু - অনলে পুড়িয়া গেল / অমিয়-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। আহা এখনও চোখে জল আসে'।

= ' এত বড় Symptom? ঠিক বুঝলাম না। আর চোখে জল আসার ব্যাপারটা - কোনো Eye Specialist দেখালে ভাল'।

-  ' আমাকে একটু আগে রসিক বললেন আমার তো মনে হয় আপনি রসিকোত্তম। আসলে আপনি অসুখ আর রোগ একটু গুলিয়ে ফেলছেন। অসুখ ঠিক আপনার Department নয়। জীবনানন্দ পড়েননি - পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। সেকি আর ডাক্তার ঠিক করতে পারে'?

= ' হ্যাঁ। জীবনানন্দ পড়েছি। মাধ্যমিকে বাংলায় ছিল দুটো কবিতা। কি যেন - হ্যাঁ - রূপসী বাংলা '।

-  ' যাক। তবে এখন এগিয়ে বাংলা। ওসব বোধহয় আর না পড়লেও চলবে। অনেক অনুপ্রাণিত কবি আছেন চারিদিকে, আমাদের মত দুর্বল শিরদাঁড়া নয়'।

= ' ও আপনার শিরদাঁড়া দুর্বল। যদিও এটা ঠিক আমার বিষয় নয় তবে Preliminary বলে দিতে পারব। আপনার কি একটানা বসতে অসুবিধে হয়'?

-  ' বাঙ্গালী তো বসেই থাকে। তাতে আবার অসুবিধে কী? তবে সব ব্যাপারেই তার মাথাব্যথা হয়। আমারও সেই ব্যাধি'।

= ' ওওও মাথার ব্যামো। এই মাথাব্যথাই Final তো? না কি আরো Quotation আছে'?

-  ' না। একদম ঠিক ধরেছেন। এখন এ ব্যথা কি যে ব্যথা -  সেটাই জানতে এসেছি'।

= ' বেশ। প্রথমেই আমাদের কয়েকটা টেস্ট করে নিতে হবে। যেমন ধরুন...'।

-  ' আমি আগেই ধরা পড়ে গেছি ডাক্তারবাবু। আপনি ভুলে গেছেন, অবশ্য সেটাই স্বাভাবিক। আমি গত সপ্তাহে আপনার কাছে এসেছিলাম। আপনি কিছু টেস্ট দিয়েছিলেন সে সব এখানেই করেছি। Reportগুলো বোধহয় আপনার টেবিলেই রয়েছে'।

= ' ওহো। Sorry। আসলে এত রোগীর চাপ থাকে। কিছু মনে করবেন না। কী যেন নাম আপনার'?

-  ' বনকাপাসি'।

= ' অ্যাঁ!'

-  ' আসলে নামটা প্রথমে একটু বড় ছিল বনবিহারি কাপাসি। কিন্তু পরে দেখলাম বিহারী-বললে যদি আবার বাংলা ছাড়তে বলে। তাই বিহারিকেই ছাড়লাম। তাছাড়া ছোটবেলা থেকেই আমার একটা ছড়া খুব মনে লাগত - মাসি পিসি বনকাপাসি, বনের মধ্যে ঘর। কখনো বললি নে মাসি খই মোয়াটা ধর। অবশ্য বিহারি ডাক্তার ছিলেন, আমাদের শ্রদ্ধাস্পদ বনফুলের বাবা - বনবিহারী  ...'।

= ' হো রামা। আচ্ছা আপনি কি সব সময়েই এমন ছড়িয়ে কথা বলেন? ঘরে? স্ত্রীর সঙ্গে'?

-  ' সে একরকম হ্যাঁ-ও বলা যায় আবার না-ও  বলা যায়। আমরা - আপনি আর কপনি তো। সপ্তাহে দুদিন তেড়ে ঝগড়া করি আর বাকি পাঁচদিন মৌন থেকে পুষিয়েনি'।

= ' বাঃ। এত চমৎকার। Vocal Chord এর বিশ্রাম হয়। ফুসফুস ভালো থাকে। কোনো রুগীকে Prescribe করে দেব। এখন আপনার Report। বনকাপাসি... বন কাপাসি এই যে পেয়েছি। মাথাব্যথা। হুঁ। আরে! এটা কী’!

-  ' কী বেরিয়েছে ডাক্তারবাবু? খুব খারাপ কিছু'?

= ' খারাপ? নাহ। তবে একটু অন্যরকম। আচ্ছা আপনার মাথায় ঠিক কি রকম  হয় বলুন দেখি'?

-  ' আপনি স্ত্রীর পত্র সিনেমাটি দেখেছেন? রবীন্দ্রনাথ - পূর্ণেন্দু পত্রী'?

= ' অ্যাঁ! না দেখিনি কেন বলুন তো'?

-  ' ওতে একজন ডাক্তারবাবু আছেন তিনিও জিজ্ঞেস করছিলেন মাথাটা কেমন করে - খটখট না ঝনঝন। এখন - আপনিও যদি একটা Guide Line দেন। মাথার মধ্যে কী হয় সেটা জানার জন্যেই তো আপনার কাছে আসা'।

= ' আপনার Brain ...'।

-  ' কি ডাক্তারবাবু Brain damage? Tumour? Autism? Cerebral Palsy? Dyslexia? বলুন ... বলুন'।

= ' আপনি থামলে তো বলবো। Brainএর চার শতাধিক অসুখ হয়, সবই কি Google করে এসেছেন'?

-  ' ইয়ে মানে সব পারিনি। দিনে মাত্র দু GB Data। Serial -G- পর্যন্ত পৌছতেই শেষ হয়ে গেল। নইলে...'।

= ' সুক্রিয়া জি। এসব কিছুই নয়। আপনার যেটা হয়েছে সেটা আদৌ রোগ বলা যাবে কিনা আমি জানি না। আচ্ছা আপনি এত পড়েছেন - মানুষের Brainএর ওজন কত জানেন'?

-  ' মানুষের মাথা তো ধরুন বাজারে বিক্রি হয় না। পাঁঠার মাথা দেখেছি। তেমন পুরুষ্টু হলে ... তা ধরুন ... দেড় দু কেজি হবে নিশ্চয়ই'।

= ' পাঁঠার কথা জানি না। পূর্ণ বয়স্ক মানুষের Average Brain Wight approximately 1300 to 1400 grams, আর Size ... দাঁড়ান একবার দেখেনি। হ্যাঁ মোটামুটি 140 x 167 x 93 mm।

-  ' পাঁঠার থেকেও কম? না, না ডাক্তারবাবু আপনি মজা করছেন'?

= ' আপনি এরকম ভাবছেন কেন? ভাবুন না, তিমি মাছের চেয়েও কম, হাতির চেয়েও কম'।

-  ' তাই বলে পাঁঠার থেকেও ...'।

= ' সমস্যাটা আপনার না পাঁঠার ঠিক করে বলুন তো? আপনার মস্তিষ্ক Average এর চেয়েও আরো কয়েক mm ছোটো আর ওজন কয়েক গ্রাম কম'।

-  '  হায় ভগবান! এ জীবন লইয়া কি করিব? আমার বুদ্ধি তাহলে কোন পর্যায় - বেড়াল, কুকুর, খেঁকশিয়াল, খরগোশ...'।

= ' শান্ত হোন। মস্তিষ্কের ওজন বা মাপের ওপর বুদ্ধি নির্ভর করে না'।

-  ' তাহলে কিসের ওপর নির্ভর করে'?

= ' সেটা এখনো গবেষণা চলছে তবে মোটের ওপর আপনার মস্তিষ্কে যতটা Gray Matter রয়েছে ধরে নিন আপনার তত বুদ্ধি। দেখুন এসব আলোচনায় সময় নষ্ট না করে বরং আমরা ...'।

-  ' না, না আপনি বুঝছেন না। আমার বৌ প্রতি কথায় বলে আমার বুদ্ধি শুদ্ধি তার নিজের চেয়ে - এমন কি পুরো শ্বশুরবাড়ির গুষ্ঠির চেয়েও - ঢের কম। তবে কি তাই সত্যি হবে? এ জীবন লইয়া...'।

= ' বহু কিছু করিতে পারিবেন। শুনুন একটা গোপন কথা বলি। আমার স্ত্রীও আমাকে এমন কথা বলে থাকেন কিন্তু আমি রা কাড়ি না। কেন জানেন? গবেষণা বলছে পুরুষ মানুষের চেয়ে মহিলাদের মস্তিষ্কের ওজন ও Size অল্প ছোট হয়। তাতে অবশ্য তাদের বুদ্ধি কম - এমন কথা নিশ্চয়ই বলা যাবে না - কি বলেন'।

-  ' কী আর বলি। মাথাটা একটু ভোঁ ভোঁ করছে। আসলে আমি অনেক চিন্তা করি জানেন ডাক্তারবাবু। বোধহয় তাই মাথাব্যথাটা হয়। এত Load - ওই Sizeএর Brain নিতে পারে না'।

= ' আজ্ঞে না। ওটা আপনার Sinusitis এর কারণে হচ্ছে। আপনার গাল, কপালে যে সমস্ত ছোট ছোট ফাঁক ফোঁকর রয়েছে - যেখানে বাতাস থাকার কথা সেখানে একটু inflammation মানে প্রদাহের সৃষ্টি হয়েছে। ঘাবড়াবেন না। ওষুধে সেরে যাবে'।

-  ' বেশ বললেন যা হোক। এত বড় নাকের ফুটো, বাতাসের জন্যে, আবার কপালে কপোলে বাতাসের ফোঁকর দিলে ভগবান - বুদ্ধি দিলে না। মাথায় একেবারে কানা মাছি ভোঁ, ভোঁ...'।

= ' মাথায় ভোঁ ভোঁ সত্যিই করে কি? ওটা কিন্তু আলাদা রোগ। Tinnitus বা Fantom Sound। কানের অসুবিধে। আপনার সব সময় মনে হবে মাথার ভিতর ঝিঁঝিঁ ডাকছে'।

-  ' আপনি এক রোগীর বন্ধু - জানেন'?

= ' শ্মশান বন্ধু শুনেছি - রোগীর বন্ধু? কোনো সরকারী প্রকল্প না কি? এমনিতে তো রোগীর বন্ধু বান্ধব আমাদের ওপর যখন তখন হাতের সুখ করেই থাকেন - এখন আবার সরকারি তকমা পেলে - না, না  একটু খুলে বলুন তো। আমাদের এসব বিষয়ে Up-to-date থাকা দরকার'।

-  ' ভয় নেই। ওটা রবীন্দ্রনাথের একটা নাটক। সেখানে একজন সুস্থ মানুষকে তার শুভানুধ্যায়ী শুধু কথার প্যাঁচেই রুগী করে তুলেছিল'।

= ' আমি কোনো প্যাঁচ মারছি না মশাই। আপনারা মা লক্ষ্মী, মারলে তো প্রচুর ক্ষতি। বরং সত্যিকারের প্যাঁচালো লোক হলেন আপনি স্বয়ং। নেহাত আমার আজ আর কোনো রুগী নেই তাই এত কথা। এখন যদি অনুগ্রহ করে একটু চুপ করেন তাহলে  Prescription টা লিখি'।

-  ' ডাক্তারবাবু'।

= ' উঁ?

-  ' ও ডাক্তারবাবু'।

= ' আবার কি হল'?

-  ' বলছি রবীন্দ্রনাথের মস্তিষ্ক কত বড় হবে'?

= ' সে আমি কি করে জানবো। তিনি স্বাস্থ্যবান ছিলেন অন্তত 1400 grams তো হবেই'।

-  ' অর্থাৎ একটি পাঁঠার চেয়েও কম। এখন আমি যদি বাইরে গিয়ে বলি যে আপনি বলেছেন রবীন্দ্রনাথের বুদ্ধি পাঁঠার চেয়েও কম - আপনার কি হবে আন্দাজ করতে পারেন'?

= ' অ্যাঁ'!

-  ' হ্যাঁ। খুব সম্ভব আপনার Registration বাতিল হবে। সামাজিক মাধ্যম আপনাকে ছিঁড়ে খাবে আর পচা ডিম যা খাবেন তা আলাদা'।

= ' সর্বনাশ! এ কথা আমি কখন বললাম'?

-  ' বলেননি ঠিক ... তবে আমি বলাচ্ছি। আপনার বলাটাকে কীভাবে বলাৎকার করতে হয় TV দেখলেই জানতে পারবেন'।

= ' আপনি বললেই হবে? বাজে কথা যত'।

-  ' বটে? আমার শালার ছেলের বন্ধু আছে জয়ঢাক চ্যানেলে। ডাকছি ওকে মোবাইলে। বর্ষার সন্ধ্যেয় এমন সমাচার - মুড়ির উপর আমের আচার'।

= ' ওরে বাবা, জয়ঢাক? তারা তো কিছুই রাখঢাক রাখে না। ও মশাই দাঁড়ান, দাঁড়ান মানে বসুন বসুন। কী গেরোয় পড়লাম। জয়ঢাক বাজাতে হবে না। এমনিতেই ডাক্তাররা আজকাল ঢাকের বাঁয়া, যে পারে বাজিয়ে নেয়'।

-  ' তবে বলুন... না, না  লিখে দিন ...  পাঁঠার মগজ আমার মগজের চেয়ে হালকা'।

= ' দেখুন পাঁঠার মগজের ওজন আমি জানি না। ডাক্তারি পড়ার সময় শুধু মানুষেরটাই জেনেছিলাম। যদি তখন জানতাম আপনার সঙ্গে সাক্ষাত হবে তবে ছাগল ভেড়া মায় রাক্ষস খোক্কসেরও মাথা ওজন করে রাখতাম। অনুগ্রহ করে এমন সর্বনাশ করবেন না। সবে Second Flatটার EMI শুরু হয়েছে। ছেলের পড়াশোনা, বৌ এর Beauty Parlour - একেবারে ডুবে যাব। আপনাকে Fee দিতে হবে না। বরং আরো যদি কিছু চান - দিয়ে দেব'।

-  ' শুধু আমার Reportটা পালটে দিন। অন্তত 3000 grams. ব্যাস'।

= ' এ কি করে হবে? IMA Challenge করবে যে। এতেও  Registration বাতিল হবে'। একটু Consider করুন'।

-  ' তাহলে 2000 grams। ব্যাস আর এক কাচ্চাও কম নয়'।

= ' দাদা - 1500 Gramsএ রফা করছি। কান ঘেঁসে যাবে, কোন রকমে বুঝিয়ে দেব। এখন Sinusitis এর ওষুধ লিখে দি? হ্যাঁ? একদম সস্তা সুন্দর ওষুধ দেবো। বলেন তো Generic লিখে দেবো । যেখানে কমে পাবেন নিয়ে নেবেন। হে মা সারদা'।

-  ' ডাক্তারবাবু'।

= ' আবার কী হল'?

-  ' বলছি মস্তিষ্ক ছোট হয়ে হয়ত আমার একটা লাভই হয়েছে'।

= ' সে আবার কী'?

-  ' ধরুন লোকে আমায় ছিট পাগল বলে। সেটা এই কম ওজনেই। যদি বেশী হত তাহলে হয়ত আমি পুরো থান পাগল হয়ে যেতাম। ঠিক কি না'?

= ' পাগল। কে বলে আপনাকে পাগল? আপনিই সবাইকে পাগল করতে পারেন। না, না কিছু বলিনি। এই নিন Prescription, Revised Report পরে নিয়ে যাবেন। এই free Sample এর পাতাটাও নিয়ে যান। আসুন তাহলে, আমিও এখুনি উঠব। নমস্কার'।

-  ' ধন্যবাদ। আর একটা কথা ছিল'।

= ' আরো কথা '?

-  ' আপনার তাড়াহুড়ো করে লাভ নেই। আপনার ঠনঠনের রাস্তায় যা জল জমেছে তাতে আপনাকে আজ এই Nursing Home এই রাত কাটাতে হবে। একটা মশার ধুপ জ্বালিয়ে নেবেন'।

=  ' আর আপনি'?

-  ' আমি তো হেঁটে এসেছি, কাছেই আবাসন। ভোলামন গাইতে গাইতে ছাতা মাথায় ছপছপ করে চলে যাব। বড় ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। আর ... খিচুড়ি বেগুনী খাবেন না কি? নিয়ে আসি তাহলে'।

= ' না, না, আর নয়। অনুগ্রহ করে আর এখানে আসবেন না'।

-  ' তা বললে হয়। আপনি আমার এত বড় উপকার করলেন। বলতে তো পারবো আমার বুদ্ধি রবীন্দ্রনাথের চেয়েও বেশী। আসলে আমাকে শুরুতেই  ভৈঁষ বলেছিলেন তো। অতটা হিন্দি আমি বুঝি। তাই একটু গুঁতিয়ে দিলাম। চলি তাহলে নমস্কার'।

= ' হ্যালো সিস্টার মল্লিকা? হ্যাঁ, হ্যাঁ আমি Chamberএই আছি। আজ হয়ত থাকবো এখানেই। একবার  Cardiologist কাউকে খবর দেওয়া যাবে? আমার বোধহয় Heart Attck হবে'। ছাড়লাম'।

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন