কবিতার কালিমাটি ১৫৯
মোহ
কথারা উড়াউড়ি করে শ্বেত পায়রার বুকে
উস্কায়, মোহ ভেঙে দাও মোহ ভেঙ্গে দাও...
যে সৃষ্টি তোমার নয় তাকে কি ভাঙ্গা যায়?
পিতামহ বটগাছ চশমা মুছতে মুছতে বলে
ক্লান্ত পায়ে নদীর কাছে যাই, পাড়ে বসি
নদী সব জানে, আচমন বিসর্জন
কেন ভালোবাসা মোহে বুঁদ হয়ে
মেঠো পথে একা আনমনে হেঁটে যায়...
বিপ্রতীপ
একটা প্রেমময় চুম্বনের আকাঙ্ক্ষায়
কালবৈশাখীর ঝাপটায় বসে থাকে
সেই অতৃপ্ত আত্মা
ধুলোর দাপট আর বাতাসের মাঝখানে
অনন্ত পৃথিবী বয়ে চলে
বুকের গভীরে চুপিসারে পরাগ-ঢেউ
অজস্র স্বপ্ন নিয়ে খেলে...
অজ্ঞাত
বালিশের ওয়াড় জানে
কীভাবে মাঝরাতে তার বুকে সমুদ্র খেলা করে
একমাত্র স্বপ্ন বোঝাই নৌকাকে
ডেকে নিয়ে যায় দিকচক্রশূন্যে...
তারপরে আগুনঝরা মেঘ
শূন্যস্থান পূরণের আঙ্কিক নিয়মে
তাণ্ডবে ডমরু সাধে
সকালের রোদ ঘুণাক্ষরেও জানে না সে কথা


0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন