কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৪৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সন্তর্পণ ভৌমিক

 

                                                               কবিতার কালিমাটি ১৫৯

 

 

মৎস্যগন্ধা

কিসের আড়ালে মৎস্যগন্ধা হাঁটে

নিরেট কেমন আদর পদ্ধতি

এরকম কেন বিচার বিকার হলো

অন্ধ হলো তোমাকে ছোঁয়ার দিন

 

ক্রোধেদৈবে বাতাস যখন আসে

রাত সরে যায়, এবং বীর্যমূল

হিমবর্ণি আড়াল তোমার দেখি

জীবনের শেষে শীর্ণ উপকূল

 

কবরে তোমার জন্মগন্ধ থাকে

তার টানে আসে লাশবাহী গবেষক

কিসের নেশায় অস্থিমজ্জা খুঁজে

লালা ও স্রাবে ভরে গেছে তার মুখ।

 

জন্মশোকমোহ

অতিঅপেক্ষার শেষে

দূর্গবিদারক কান্নাগুলো আসে

রিক্তপেটে শকুন যেমন উড়ে

হাওয়ায় যেমন বসন্তরোগ আসে

 

অবাক বিলের শেষ প্রান্তে দেখি

যমের দোসর রাত্রিতারার আলোয়

আয়ুমৃত্যুর হিসেব করে মগ্নমনোযোগি

 

অপঘাত ঘুনে মৃত্যু হবে এমন সম্ভাবনায়

হেঁটে যাচ্ছি দূরদূরান্তে বজ্রের কাছাকাছি

নুলো হয়ে আজ শ্বাপদ গর্ভে জন্ম নিয়েছি।

 

রোদ পেরিয়েছে যারা

খুব দূরমগ্ন জলে গিয়ে ভাবি

তোমাদের সন্তরণ কতটুকু বাকি

ইহাতে তোমার ঘামে

যারা খুব পুলকিত হয়

তেমন নাবিক আমি দেখিনি কখনো।

 

যারা আসে অতিরিক্ত রৌদ্র পেরিয়ে

যারা আসে অশ্রুজল উপহার নিয়ে

তারা খুব খরতর মরু অধিবাসী

আগে তারা নরক দেখেনি

 

তুমি কি হয়েছো তাদের কবরপ্রিয়

ঘুমাও তাদের সাথে ভ্রূকুঞ্চন সহ

নিরিবিলি তোমাদের শেষ ঘুম দেখে

আমি কি দাঁড়িয়ে থাকি

তোমার শ্বাসের থেকে অতিদীর্ঘ দূরে...

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন