![]() |
| কবিতার কালিমাটি ১৫৯ |
তিনটি কবিতা
(১)
প্রক্ষিপ্ত আলো বিষয়ে সামান্য কান তোলো ছায়া পড়িয়াছে এইবার তুমুল পঞ্চাশ-ষাট অতিক্রম করিতে করিতে দ্যাখো কে একজন পর্দায় হাত রাখিতেছে এইবার ড্রাম স্প্যানিশে বাজিবে তোমার অবনত মুখে স্বাধীনতার ধ্বনি নাই কেবল সামান্য ছড়ের টান আর আহার এই এতটুকু শব্দের শব আমার সুতো প্রতি ঘুমে জল অবশ্যই অনুমতিসাপেক্ষে নাচ ঘুরিয়া ঘুরিয়া এক অসম আনন্দ বাজে অসময়ে তোমার ক্ষুধা তোমার আমার জন্য এই প্রদর্শন আত্মজৈবনিক হা
(২)
ভাঙিয়া পড়িল আর পাখি ক্রমশ আকাশে অবধারিত সঙ্কুল পথে মেঘ আসে অপূর্ব বলিয়া এই চৈত্রগানে কেবল প্রতিষ্ঠার অভীপ্সা রক্তমাংসগন্ধ সহিত বিলাপের সহিত ঘরের দূর এই শর্তে রেলগাড়ি যায় অপেক্ষার তুমুল ফলে যেন বা শারীরিক ক্ষতে আর প্রলেপের অধিকার নাই কেবল পঞ্চভূতে নৈঃশব্দে অন্ত্যমিলে অপর গাথার দিকে টেবিলে ঐ আলো মানস করে কিংবা পুনরায় প্রাপ্ত হইবে বলিয়া গর্ভ অন্ধকারে প্রবেশ করিবে অধুনা তবে বিবাহনিশীথ
(৩)
রাঙা ফলগুলি সামান্য ঘুমে দোলাচলে রেলগাড়ি যেমত উপন্যাসে মনে হয় অরুণোদয় হা হা শব্দে এইবার যথার্থ স্টেশনে ভাঙে লাল মাটি সকল তরজায় উচ্চকণ্ঠ কিংবা ফেলাফেলি দিন অপাঙতেয় ব্যর্থ চা দোকানী কানিসর্বস্ব অপেক্ষায় একটি দুটি পাতা যেহেতু অনিবার্য বাসনার কারুকাজ তাকে দেবে সহনযোগ্য চৈত্রমাসে এই ভালোবাসা অমন বাতাসে আলুথালু

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন