![]() |
| কবিতার কালিমাটি ১৫৫ |
সবাই ফিরতে চায়
সবাই ফিরতে চায় ঘরে। রাত্রিবাস বাইরে বিস্বাদ।
উঠোনে আঁধারমাখা নিমগাছ। ভয়চারী নাট্যদল।
ঝরাপাতা জমে যাচ্ছে ঘরে। বিয়োগপর্বটি ডেকে আনো।
ছুটছে এ জীবনের চাকা। গতি পান্থ অগোচর।
নিঃশেষে ফুরায় বায়ু। সংকল্প সমুদ্র গতিক।
হাতে হাত রাখো ভিক্ষু, সন্তর্পণে চল চলে যাই।
যে কথা বলার ছিল একঘর দুইঘর তিনঘর করে
ক্রমশ বাড়তে থাকে প্রকাশেচ্ছু লতানে বিতান।
সুন্দর একা নয় এখানে
এখানে সবাই কত জীবনের খোলা ভেঙে
ফেলে ও ছড়ায়
কিছুটা আকাশ নেয় কিছুটা গড়ায়;
চোখের পাতার কাজ ছবি উল্টে যাওয়া
এ প্রান্তরে শতধা লগ্ন ও ভ্রষ্টমুখ নিয়ে
কারবার ফাঁদে ওই উচ্চাশী বণিক
শহরে সঞ্চয় নেই গ্রামেও হলুদ
তবে ঠিক কোনদিকে রাস্তা বলো দিকি
সুন্দর খিড়কিদুয়োর দিয়ে কী
আবর্জনা ফেলতে যায়!
কেন?
পথের সঞ্চয়
মহোৎসবে যজ্ঞভার সামলানোর অভিজ্ঞতাও হয়ে গেছে বহুবার।
তারপরেও কোনও এক অকুতোভয় কঞ্জুষের হাড়মাসের ভেতর
বাঁশি হয়ে বাজার অভিলাষে বলরামের চেলা হবার যে
শখ
তার কোনও ব্যাখ্যা দিতে পারিনি।
যে মানুষ না-চেনার ভান করে ---
তাকিয়ে দেখে আশেপাশে কেউ আছে কী না
নিশ্চয় কোন্ প্রেমিকা তা তার জানা নেই।
পথের সঞ্চয় না কী জমিয়ে ফেলার সব রাস্তাই বন্ধ!
মাঝখানে ক্যালেন্ডারের গা ঘেঁষে ঘেঁষে চলছে এক নদী।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন