কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বিমান মৈত্র

 

কালিমাটির ঝুরোগল্প ১৪৫


কাল-পরশুর আগামী

‘তুমি এসেছিলে পরশু’, কাল কেন আসনি’ - কাল কেন যে সে এলো না - জাতীয় সড়ক ৩৫, অধুনা ১১২, এয়ারপোর্টের তিননম্বর গেটের কাছে বেদান্তর গাড়ি - সামনে পরবর্তী সিগন্যাল পর্যন্ত পথ প্রায় যানবাহনশূন্য, পিছনে লালবাতি সবুজ হওয়ার আগেই অধৈর্য্য গাড়ি সমূহের বিরক্তিকর হর্নের প্রতি অবহেলা আরও প্রকট হল আয়নায়, যেন নেকড়ের দলের সংঘবদ্ধ গর্জন আরও আক্রমণাত্মক - নিমেষে ঝাঁপিয়ে  পড়তে প্রস্তুত - যখন বেদান্তের মনস্কতা গতরাতে তৃষ্ণা অমৃতা সিনহাকে ঘিরে কতক নতুন কৌতূহল,  কতক প্রশ্ন তার সম্ভাব্য প্রস্তাবনার পটে একটা মাত্র ভুল, ‘হোস্টেল অথবা অনাথাশ্রম’, শব্দের নির্বাচনকে কেন্দ্র করে, থ-মেরে ছিল তার বাহন, ফলে বেদান্তর চাপা কথাগুলি, ‘তুমি যাচ্ছো না কেন এখনও’, সাপের হিসহিসানি মত শোনায়, হয়তো  একটু দূরে ঠেলে দিয়েছিল তৃষ্ণাঅমৃতাকে, ইত্যবসরে, বাদামি ডিম বর্ণের এক মহিলার আংশিক প্রবীণ ভারি মুখখানি ক্ষিপ্ত হয়ে উঠেছিল, উদ্বৃত্ত-মেদের প্রকোপে বিধ্বস্ত তার উপস্থিতি, স্থানে স্থানে খসে পড়ছিল লবণাক্ত ঘামজলের সাথে ‘সাজাবো যতনে’ প্রলেপ ও পুটিটি গালের, সময়-গোপন ত্বকের দুরবস্থার এই মূর্ততা জনসমক্ষে আনার জন্য তিনি মোটের উপর প্রস্তুত ছিলেন না, যেমন বেদান্ত নিজেও, নিখাদ বাংলায় খেঁকিয়ে উঠে বললেন, পেটে কতটা ভরেছেন, লাল সবুজের পার্থক্য চোখে পড়ছে না? বেদান্ত নিজেও - একপ্রকার তোতলানো জড়তায় অপ্রস্তুতভাবে - হ্যাঁ, আরে! ওহ্ঃ তাই তো! সরি ম্যাডাম - বলতে বলতে - আরে গাড়িটাতো স্টার্ট  দিন, - এরা কানা নাকি, একটা পট্টি দিলে সব ঠিক হয়ে যাবে বলে এগিয়ে আসছিল আরও কয়েকজন, বেদান্ত সে যাত্রায় বেঁচে গেল বোধহয় ট্র্যাফিক  সার্জেন্টের কৃপায়, তিনি একটা পাঁচশো টাকার আদায়-কাগজ বেদান্তের হাতে থামিয়ে দিয়ে - আরে, গাড়িটা তো ছাড়তে দিন, সরুন, সরুন, বলতে হাঁফ ছেড়ে বাঁচল বেদান্ত, যদিও দেখা গেল, খুব বেশি দূরে যায়নি তৃষ্ণাঅমৃতা, সিটের পেছন থেকে দুটো হাত বেদান্তের চোখের সামনে যশোর রোড - কখনো জ্যাম, কখনো পাশ কাটিয়ে যাওয়া যায়, পিছনে অজস্র গাড়ি - অধৈর্য্য, ক্লান্ত মানুষ এ শহরে কেবলই ভীড়ের - চারদিক তামাটে অন্ধকারে ঠাসা, অতঃপর দোমড়ানো তার গাড়ি থেকে সে দেখতে পেল তৃষ্ণাঅমৃতাকে, দূরে তার লিভ-টুগেদারের ফসলের হাত ধরে এগিয়ে চলেছে তৃষ্ণাঅমৃতা, দৃপ্ত ও অবিচলিত সিদ্ধান্তে কঠিন। কেউ কি দেখেছ, তাকে?

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন