![]() |
| কবিতার কালিমাটি ১৫৫ |
ফাগুন মাসে আগুন আভা
ফাগুন মাসে সূর্য আজ নাইতে বসেছে
গায়ে মেখে নিয়েছে চাপা গাঁদার গন্ধ
বেশ হলুদ রঙের দক্ষিনা হাওয়া
পা দোলাচ্ছে একটানা লাটিম ঘুরছে
উড়ছে ঘুড়ি হাওয়ায় পতপত
খোঁপায় নাগরদোলার আনন্দ
জড়িয়ে নেয় শেষ বিকেলের মাঠে; লালপাহাড়ের মাথায়
ওখানে বিকেলের রাঙা সুখ ছড়িয়ে পড়ে কুমুদীর মুখজুড়ে
যেন সূর্যের মত আস্ত কুসুম আগুন আভা
ফাঁকা মাঠের মধ্যে হাঁটতে থাকে চৈত্রের চৈতন্য,
ধু ধু প্রান্তর, লোকজন নেই, চিৎকার করে তোমার নাম ধরে ডাকতে থাকে অনেকক্ষণ
বসন্তের হাওয়া ছাড়া কেউ তা শোনেনি
ফাগুনের প্রান্তরে
অনেকগুলো বসন্ত এসেছে আবার আসবে
যৌবন মেশানো শৌখিন স্বাদে গন্ধে
শুধু পাল্টে যাবে বেলা এই ফাগুনে
ফুলগুলো সব চুল বাঁধবে যেন কাগজের ফুল
নড়ে না হাওয়া দিলেও ভাসে না
পার্লারে গাঁথা খোঁপায় দোলে না হৃদয়
কোকিলের সুরে ছড়িয়ে পড়ে না গ্লামার
তবুও এসো বসন্ত রাঙাতে দুরন্ত আকর্ষণে
আলতো করে ছুঁয়ে দাও অজস্র প্রজাপতির নিঁখুত রঙ
হাত ধরো চলো দীঘির সিঁড়িতে বসি
ভেসে যেতে দেখি রাজহাঁস বকুল মালায় স্বপ্ন বুনি
জানি এ বসন্তেও হলুদ হাওয়ায় ছড়ানো হবে না আঁচল
তবুও ধানের ছড়ায় ফড়িং হয়ে এসো
বসন্তে তোমার মুখ
প্রজাপতি বুঝি-বা শুভ্র কোন ভোরে জন্মেছ তুমি
স্নিগ্ধ বেলী ফুলের সুবাস ছড়িয়ে আরেক সিন্ধুর পারে
আরেক নগরে
ওখানে পূর্ণিমার জল কাঁপে
নৌকার হৃদপিন্ড ছুঁয়ে যায় রাতজাগা অর্ধেক ভেসে
থাকা জলের স্তব্ধতায়
তোমার লাবণ্যে মধুবন জেগে ওঠে---
তুমি পূর্ণিমা তুমি শব্দ সাইরেন আদুরে হাত
কম্পিত রাত্রির মর্মতল
তুমি জন্মভূমি অগ্নি সুদূর আলোর পথ
তুমি ময়ূর ডানা মেলে আছো পরপারে
তুমি প্রেমিকের ঝড়ো রাত্রি
শুক্লাদ্বাদশীর চাঁদ হয়ে বিছিয়ে দাও জ্যোৎস্না
তুমি ভোরের লালিমা হয়ে ফোটাও ফুল বিশ্বচরাচরে
তুমি ফাগুনের অনুভব পৃথিবীর ক্লান্ত বুকে ভালবাসতে
শেখাও

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন