কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / প্রথম সংখ্যা / ১৪০

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সুপ্তশ্রী সোম

 

কবিতার কালিমাটি ১৫৫


 

ঘ্রাণ

 

পেয়ে যাচ্ছি দূর থেকে -

ঢুকে যাচ্ছে রোমকূপের ভিতর দিয়ে

পাঁজরে,

মিশে যাচ্ছে স্নায়ুতন্ত্রে,রক্তের ভেতর          

 

বাঘের অস্তিত্বে লেখা থাকে শিকারের ভবিতব্য

শরীরী ঘ্রাণে মেশা বেপরোয়া লক্ষ্যভেদ

আমাকে বিশ্বাসী করে তোলো স্বমহিমায়

 

হননের বর্ণমালা লিখি বশীভূত হরিণী

                                    গহনে, ইন্দ্রিয়ে

 

ফেরা

 

মরে যেতে ইচ্ছে করলেই প্যানডোরার বাক্স খুলে অনন্ত ফোয়ারায় লাল নীল রং

জোনাকির ঘিরে ধরা চকমকি আগুন

কালো পর্দা ছেঁড়ায় বেপরোয়া ঝড়

কি আনন্দে উড়িয়ে নিয়ে যেতে চায়।

 

সমস্ত ভাবনারা গোল হয়ে জমাটি বনফায়ার

আমার ইচ্ছারা জিরিয়ে নেওয়া খোলসহীন  সাপ

নির্বিষ হয়ে গর্তে ঢুকে নিরাপত্তা খোঁজে

 

আবার সেই পতনের তরবারিতে শান দেওয়া ইতিবৃত্ত

 

ভাঙন

 

ক্রমাগত ধাক্কা খেতে খেতে চৌকাঠের  ওপারে

সুড়ঙ্গ পেরিয়ে ঘুণপোকা মজ্জায় ঘর বাঁধে

অন্তরের অন্ধ আয়োজনে গঙ্গামাটি রং

মুহূর্তসুখের ঝকমকে ভূমিকায় চোখ ধাঁধায় বশীকরণ

 

নিরন্তর কীটদষ্ট জীবনের অতিক্রম পথ

হারিয়ে গেছে ভাঙনের বিশ্বস্ততায়।

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন