কালিমাটি অনলাইন / ১৪০ / চতুর্দশ
বর্ষ : প্রথম সংখ্যা
এই মুহূর্তে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের অনেকটা জুড়ে।
যুদ্ধে সরাসরি মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকা, ইজরায়েল এবং ইরান। তবে যুদ্ধে
এখনও পর্যন্ত অংশগ্রহণ না করলেও আক্রান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র। এরপর
সম্ভবত যুদ্ধে জড়িয়ে পড়বে এশিয়া ও ইউরোপের আরও অনেক রাষ্ট্র। প্যালেস্টাইন আক্রান্ত
ইজরায়েলী হামলায়। অনেকেই আশঙ্কা করছেন, যুদ্ধ আরও দীর্ঘায়ত হলে তৃতীয় বিশ্বযুদ্ধের
সূচনা হতে পারে। এবং সেক্ষেত্রে পৃথিবীর কোনো রাষ্ট্রই হয়তো যুদ্ধ এড়িয়ে যেতে পারবে
না, নিরপেক্ষ থাকারও কোনো সুযোগ থাকবে না। অনেকেই আশঙ্কা করছেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পর পৃথিবী আবার খুব শীঘ্রই বিপর্যস্ত হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকর উন্মত্ততায়।
কত লক্ষ কোটি প্রাণের যে বিনাশ ঘটবে, কত কত স্থাবর ও জঙ্গম সম্পত্তি যে ধ্বংস হবে,
চলমান সভ্যতার অভিমুখ পরিবর্তিত হয়ে কোন বিদিশায় প্রবাহিত হবে, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কলার
কতটা সর্বনাশ হবে আর কতটুকুই বা বেঁচেবর্তে থাকবে, তা অনুমান করলেই অদূর ভবিষ্যতের
ভীষণ কালো পর্দাটা চোখের সামনে দুলতে থাকে। অন্ধকার ঘনিয়ে আসে আমাদের চারপাশ জুড়ে।
বাংলায় একটা প্রাচীন প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। একদম খাঁটি কথা। একদা যে যুদ্ধটা হতো এক রাজার সঙ্গে আর এক রাজার, বর্তমানে সেই যুদ্ধটা হচ্ছে এক রাষ্ট্রের সঙ্গে অন্য আর এক রাষ্ট্রের। অর্থাৎ রাজার পরিবর্তে রাষ্ট্র। তবে উলুখাগড়াদের কোনো পরিবর্তন হয়নি, এবং আমরা সাধারণ মানুষেরা সেই উলুখাগড়ার দলে। প্রশ্ন হচ্ছে, বর্তমান সাম্রাজ্যবাদী দুনিয়ায় যেখানে বিভিন্ন রাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিস্তারের জন্য যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, আন্তর্জাতিক বাজার দখলের জন্য সংঘর্ষে জড়িয়ে পড়ছে, সেখানে আমরা উলুখাগড়ার দল হচ্ছি বিড়ম্বিত, বিপর্যস্ত, শোষিত, পীড়িত এবং মৃত। এই যুদ্ধ বিগ্রহের সঙ্গে আমাদের কোনো স্বার্থ জড়িয়ে নেই, অথচ আমাদের অস্তিত্ব বিপন্ন। বিশেষত মনে রাখা জরুরি, এই যুদ্ধ একান্তই বৃহৎ পুঁজির এবং তাদের অনুগতদের স্বার্থে সংঘটিত হচ্ছে, যা বিশ্বদখলের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। এর সঙ্গে আদৌ জড়িয়ে নেই শ্রেণীগত লড়াই বা শ্রেণীসংগ্রাম, যে সংগ্রাম বা যুদ্ধ আমাদের উলুখাগড়াদের জীবনকে আমূল পালটে দিতে পারে, শ্রেণীমুক্ত এক নতুন বিশ্ব সংরচনা করতে পারে। এখানে আরও একটা কথা উল্লেখযোগ্য, রাষ্ট্র এবং দেশ কখনই সমার্থক নয়। আমরা প্রায়শই এই ব্যাপারটা মনে রাখি না, গুলিয়ে ফেলি।
‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের পক্ষ থেকে সবাইকে জানাই চৈতালি শুভেচ্ছা এবং শ্রদ্ধা।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :
kajalsen1952@gmail.com
/ kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ :
9835544675

সুন্দর সম্পাদকীয়
উত্তরমুছুন