![]() |
| কবিতার কালিমাটি ১৬২ |
নামকরণ
কী সুন্দর ফুটে আছো পথ পাশে!
কে গো তুমি? নাম না জানা--অজানা?
তুমি কি রোহিঙ্গা?
এ গ্রহের সবচেয়ে দুর্লভ ও দামি
এক ফুল
(পরকাল একটি রূপকথা– স্টিফেন হকিং)
আমরা রূপকথায় বিশ্বাস করি
[স্টিফেন হকিং, আপনাকে]
আমরা পরকালে বিশ্বাস করি
আমরা রূপকথাতেও বিশ্বাস করি
আমরা স্বপ্ন দেখি--একটি সুন্দর জীবনের
পরের জীবনের জন্য--আমাদের যাবতীয় যুদ্ধ--প্রচেষ্টা
একটি ছায়াচ্ছন্ন দিনের জন্য
একটি মায়াচ্ছন্ন ছায়ার জন্য
আমরা বেঁচে আছি--থাকবো
আপনি, হকিং সাহেব, অনেক কিঙদের মতো
এই দুনিয়া থেকে একদা হারিয়ে যাবেন--
হবেন--নিশ্চিহ্ন এবং বিলীন
আমরা হবো--জীবিত--সমাদৃত
আমাদের বিশ্বাস--রূপকথার মতো
একটি সুন্দর সকাল
একটি সুন্দর সকালের বিনিময়ে
সুস্থ জীবন-- দাও গো প্রভু
দাও--প্রশান্ত এ বিকেলের পরিবর্তে
দুর্দান্ত এক আদর
গাঢ়-অন্ধকার রাত্রির বদলে
ভালোবাসা দাও--দাও সন্তান--স্বাচ্ছন্দ্য
দাও নিজেকে দেখার-- সুখ ও সাহস
তোমার সম্মুখে দাঁড়াবার-- যাবতীয় আয়োজন
হোক ঝলমলে--সহজ-সরল
গুহাকাল
এখন কি তবে আসহাবে কাহাফের কাল?
গুহাবাসের যুগ? তিনশ' নয় বছর তবে আমাকে
ঘুমিয়ে দাও। আরাম ঘুম।
বিশ্রাম দাও তোমার প্রতিশ্রুত কোলে।
সুশীতল স্নিগ্ধ ছায়া। মহান মায়াবী মায়া।
স্বচ্ছ প্রশান্ত পরশ আমায় আলোকিত করুক
জেগে উঠে যেন দেখি শান্তি, শান্তি, প্রভু
সেদিন
নিজের জন্য কেউ কি কিছু রেখে যায়?
ছায়া ছাড়া মায়া ছাড়া
কোন কিছুই থাকে না পড়ে!
থাকে না অপেক্ষায়, আক্ষেপে
সন্তান, অর্জন, খ্যাতি, আনন্দ, বিরহ
কিছুই কোনোদিন যাবে না। যায়নি। কখনো।
পৃথিবীর সমস্ত শব্দ, সুর, স্তব্ধ হয়ে যায়, তার সামনে
শুধু শোনা যায় মৃদু পদধ্বনি

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন