কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গৌরাঙ্গ মোহান্ত

 

অ্যান কার্সনের সাহিত্যকর্মে বিচিত্র ধারণার আন্তঃপরাগায়ন

 


কবি, প্রাবন্ধিক ও অনুবাদক পরিচয়ের বাইরে অ্যান কার্সনের রয়েছে এক বহুমাত্রিক শিল্পীসত্তা। তাঁর Poor Houdini গল্পের বর্ণনাকারী মনস্তাত্ত্বিক স্থবিরতা ও ভাষার সীমাবদ্ধতা অতিক্রমণের আকাঙ্ক্ষায় লেখালেখির ভেতর নিমগ্ন থাকতে চায়। “A sentence. Any sentence. Even a single word.”—এ বিদীর্ণ উচ্চারণে প্রকাশিত হয় লেখা নিয়ে তার তীব্র ব্যাকুলতা। অন্যদিকে, “Her mind is a lead patio gleaming from end to end. Thoughts skitter across it like dry leaves, disappear.”—এ উপমা তার মনের ঊষরতা ও চিন্তার ক্ষণস্থায়িত্ব প্রকাশ করে। বস্তুত, বর্ণনাকারীর প্রকাশ-অভীপ্সা ও মানসিক সংকটের ভেতর দিয়ে কার্সন শিল্পসৃষ্টি, চিন্তনপ্রক্রিয়া ও ভাষার সীমাবদ্ধতার জটিল সম্পর্ক অনুসন্ধান করেছেন। গ্রিক ভাষা ও সাহিত্যে পাণ্ডিত্য, সৃজনশীলতা ও চিত্রাঙ্কনদক্ষতা তাঁর সাহিত্যকর্মকে সংকরধর্মী করে তুলেছে। তাঁর ধ্রুপদি রচনাশৈলীকে সুনির্দিষ্টভাবে শ্রেণিবিন্যস্ত করা দুরূহ। উইল এইটকেনকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্সন বিষয়টি স্পষ্ট করেন:

I work at three different desks, with a different project open on each, let's say, so one is academic, one writerly, and one art. I go at these erratically, sometimes to all three desks within an hour. They cross-pollinate one another.

কার্সনের ধ্রুপদি সাহিত্যকর্মের সংকর স্বরূপের পরিকর্ষ ব্যঞ্জনাদীপ্ত হয়ে ওঠার মূলে রয়েছে এই আন্তঃপরাগায়ন। Eros the Bittersweet (১৯৮৬) প্রকাশের পরে তাঁর এ আন্তঃপরাগায়নমূলক অনুশীলন সূচিত হয় বলে তিনি স্বীকারও করেছেন।

Autobiography of Red (১৯৯৯, ২০১৬) এর ভেতর কার্সন এমন এক জনরার পুনর্প্রবর্তন ঘটান যা একই সাথে উপন্যাস ও কাব্য হিসেবে বিবেচিত। প্রাচীন গ্রিসের পৌরাণিক চরিত্র জিরিয়ানকে ঘিরে নির্মিত হয়েছে এ প্রেমোপাখ্যান। উল্লেখ্য, জিরিয়ানকে উপজীব্য করে প্রাচীন গ্রিক স্টেসিকোরাস (Stesichoros) গ্রিক ভাষায় দীর্ঘ গীতিকবিতা লিখেছিলেন যার উদ্ধারকৃত খণ্ডাংশ Geryoneis নামে সম্পাদক বার্গ (Bergk) ১৮৮২ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশ করেন। স্টেসিকোরাসের কবিতায় দৃশ্যমান হয়, Geryon was a monster everything about him was red/...(He) had six hands and six feet and wings/... Herakles came and/ Killed him for his cattle. কার্সন দেখিয়েছেন, পক্ষল, রক্তবর্ণ দৈত্যবালক জিরিয়ান পাঁচ বছর বয়স থেকে তার আত্মজীবনীতে নিজের ভঙ্গুর ও যন্ত্রণাবিদ্ধ আত্মার স্বরূপ উন্মোচন করে। পূর্ণবয়স্ক হলে সে তার নির্দয় ভাই ও স্নেহময়ী, অক্ষম জননীকে ছেড়ে বাউণ্ডুলে যুবক হেরাক্লিসের প্রেমে নিজেকে সমর্পণ করে। হেরাক্লিস তাকে ফেলে অন্যত্র চলে গেলেও কয়েক বছর পরে যখন ফিরে আসে, জিরিয়ান কামনাশিখায় তপ্ত হয়, তবে সৃষ্টিশীল কল্পনার বর্ণচ্ছটাকে সমুজ্জ্বল রাখার জন্য সে ভ্রমণে বেরিয়ে পড়ে। কানাডীয় কথাসাহিত্যে কবিতাময় এ রোমান্টিক কাহিনি একটি অভূতপূর্ব সংযোজন।

খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের গ্রিক কবি ইউরিপিডিস প্রণীত ট্রাজেডি হেরাক্লিস সম্পর্কে H of H Playbook (২০২১) ভাষা ও চিত্র সহযোগে কার্সনের চিন্তার বিস্ফোরণকে উন্মোচন করে। গ্রিক পুরাণ অনুসারে সহিংসতার প্রতিমূর্তি হেরাক্লিস শত্রু ও দৈত্যের সঙ্গে বছরের পর বছর যুদ্ধে সক্রিয় থেকে বাড়ি ফিরে পারিবারিক প্রশান্ত পরিবেশে সুস্থির থাকতে পারে না। তার স্বভাবজাত ক্রোধ অনিয়ন্ত্রিত হয়ে ওঠে; সে পরিবারের সকল সদস্যকে খুন করে আত্মহত্যার পরিকল্পনা গ্রহণ করে। তবে তাকে আত্মহননের পথে যেতে হয়নি। তার বন্ধু থিসিউসের হস্তক্ষেপের কারণে সে বিশ্বাস করে যে, সে তার স্বকীয় অপরাধের পঙ্কিলতায় কলঙ্কিত নয়, এবং তার জীবন মূল্যহীনও নয়। পেনসিল স্কেচসহ রঙিন চিত্রে পরিপূর্ণ এ বইটি রবীন্দ্রনাথের সচিত্র কাব্য খাপছাড়া-র কথা মনে করিয়ে দেয়। বইটিতে কার্সনের শিল্পীসত্তার অনিন্দ্য কিরণ ভাস্বর হয়ে উঠেছে।

Wrong Norma (২০২৪) একটি বৃহদায়তন কাব্য। দীর্ঘ গদ্যকবিতা, কিছু ঐতিহ্যিক কবিতা ও চিত্রের সমন্বয়ে সাবয়ব হয়েছে এ গ্রন্থটি। এ গ্রন্থটিকে magnum opus হিসেবে চিহ্নিত করা যায়। Joseph Conrad, Clive Song, Guantánamo, Flaubert, Snow, Poverty, Roget's Thesaurus, my Dad, Mexico, Saturday night প্রভৃতি বিষয় সম্পর্কিত লেখা এ কাব্যে সন্নিবেশিত হয়েছে। লেখাগুলোর ভেতরে অনুবন্ধ অন্বেষণ করা সম্ভব নয় বলে সেগুলো কার্সনের কাছে wrong অভিধায় চিহ্নিত হয়েছে আর এভাবে প্রকট হয়ে উঠেছে কাব্যের শিরোনাম। An Evening with Joseph Conrad শীর্ষক টানা গদ্যের কবিতাটি একটি প্রবন্ধের অবয়ব ধারণ করলেও এতে কবির কল্পনা কোরকিত হয়ে উঠেছে। কার্সন উচ্চারণ করেন, Once I was waiting for the elevator in my building and Joseph Conrad came walking out. আবারও তিনি বর্ণনা করেন, Once I spent a season impersonating Joseph Conrad. Dressed in a large overcoat I would emerge from the elevator, hoping to catch myself waiting for me. He was hot in my coat. এভাবে মনস্তাত্ত্বিক সংঘটনার ভেতর দিয়ে কার্সন মেটাফরের জগতে প্রবেশ করেন। The Visitors গদ্যকবিতায় তিনি Roget's Thesaurus সম্পর্কে আলোকপাত করলেও Eric Rohmer, Freud, Hilda Doolittle এর প্রসঙ্গে তাঁর ভাষ্য উপস্থাপন করেন। Roget সম্পর্কে তাঁর শব্দচিত্র চিত্তাকর্ষক, One morning in 1820 he was gazing out the basement window of his house. Saw a man with horse and cart passing and noticed (vertical blinds) how the spokes of the cart's moving wheels appeared to be curved. He dashed up to the street. Paid the man to drive back and forth several times. Made mathematical calculations. The human retina, he had discovered, typically saw a fast series of still images as a continuous movie. The fox opens and closes in my pocket. Tomorrow the fox will look for the door to enter my drawing. এভাবে Roget সম্পর্কে কার্সনের অবলোকন কল্পনাশ্রয়ী হয়ে ওঠে। টানা গদ্যের কবিতায় কার্সন যে সমস্ত চিত্রকল্প নির্মাণ করেন সেগুলোর অভিনবত্ব বিস্ময়কর। চিত্রকল্পগুলো কার্সনের Short Talks কাব্যের বাকপ্রতিমার চেয়ে প্রভাববিস্তারী বলে অনুভূত হয়।

এ কাব্যে কার্সনের উদ্ভাবিত “painapples” ও “laughtear”-এর মতো শব্দগুলো শব্দকৌতুক (pun) হিসেবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। তবে নির্দিষ্টভাবে এগুলোকে শব্দসংকর (portmanteau) হিসেবে চিহ্নিত করা যায়। এ শব্দগুলোর বিশেষত্ব হলো, এগুলো শুধু ভাষা ব্যবহারে কবির বুদ্ধিকৌশল উন্মোচন করে না; বরং পরস্পরবিরোধী সংবেদনাকে একীভূত করে— স্ফূর্তি ও যন্ত্রণার বিচিত্র স্বরূপ কবিতায় অভিনব অর্থের দ্যোতক হয়ে ওঠে। শব্দগুলো ভাষাকে ওজোগুণে সমৃদ্ধ করে তোলে। Wrong Norma কাব্যের “What to Say of the Entirety” কবিতা থেকে একটি দৃষ্টান্ত তুলে ধরা যাক। কবিতায় তিনি এক নির্যাতিত মানুষের প্রসঙ্গ উত্থাপন করেন, যার বুকের ভেতর হয়তো ইতিমধ্যেই রয়েছে “painapples" (ব্যথানারস)-এর "razorplague" (ক্ষুরমারি)। এরপর তিনি প্রশ্ন তোলেন—সময়ের বাস্তবতাবোধ না হারিয়ে আমরা কি সবকিছুকেই জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করতে পারি? কারণ সময় "continues to drip, laughtear by laughtear" (অবিরাম ঝরে পড়ে একেকটি হাস্যাশ্রুর ফোঁটায়)। কার্সনের এ শব্দসংকর যন্ত্রণার লঘুত্ব নির্দেশ করে না বরং যন্ত্রণার তীব্রতাকে প্রকট করে তোলে।

অ্যান কার্সন গদ্যকবিতার অভাবনীয় প্রসারণের পথগুলো যেমন চিহ্নিত করেন, সে সকল পথে ভ্রমণের আনন্দও তেমনি উপভোগ করেন। জেরেমি নোয়েল-টডের সম্পাদনায় ২০১৮ খ্রিস্টাব্দে The Penguin Book of Prose Poem : From Baudelaire to Anne Carson যখন প্রকাশিত হয় তখন যুগপ্রতিনিধি হিসেবে তাঁকে মান্যতা দিতে পাঠক বা লেখকগোষ্ঠীর দ্বিধা থাকেনি। তাঁর গদ্যকবিতার হাইব্রিডিটি শৃঙ্গস্পর্শী হওয়ায় অনুরাগী পাঠক ও গবেষকের চেতনায় তিনি তাঁর ধ্রুপদি সুবর্ণরেখার স্পন্দনকে চিরঞ্জীব করে রাখবেন।

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন