কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেহনাজ মুস্তারিন

 

কবিতার কালিমাটি ১৬১

 

অন্ধকার

আমি বারবার হারিয়ে যেতে চেয়েও

পারিনি হারাতে

কেন পারিনি জানি না

অন্ধকার থেকে তুমি যতই গভীরে যাবে গাঢ় আঁধার পাবে

ফিরতে পারবে না আর

অভিমানী আবেগ ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকারে

 

যাত্রাপথ

দুঃসাহসিক যাত্রা পথে ঘূর্ণন নিংড়ে এইমাত্র উড়ে গেল যে পাখি

পৃথিবীর অনন্ত ক্ষুধা তার ডানায়

যেন অখন্ড মেঘের সাথে তার দেখা হবে

কথা হবে বৃষ্টির চেতনার সাথে

ক্ষুধার্ত শিশুর চাহনির সাথে

যেন বঞ্চিত মানব জন্মের পথে প্রান্তরে

ঈশ্বরের ঠিকানার খোঁজে বেজে উঠবে ভেঁপু

বৈদ্যুতিক আধান ওঁৎ পেতে থাকা ঝলকানি

যেন ফিরে আসবে গর্জনে এক লোকমা দুধ নিয়ে

সন্তানের মুখে ছিন্নভিন্ন পৃথিবীর কাছে

 

ডাকপিয়ন

লিখেছিলে- তুমি সাহসী, যোদ্ধা এবং বিনয়ী,

সেই শেষ। এরপর সাইকেলের প্যাডেলের শব্দ শুনি না আর

অপেক্ষা করি পূর্ব থেকে পশ্চিমে তুমি আসবে

তুমি কি ঠিক আছ জন মিল্টন বেঁচে আছে কি সেই ডাকপিয়ন

মন পড়ে আছে ডাকবাক্সে মন পড়ে আছে সোনালি দিগন্তে

মন পড়ে আছে সূর্যাস্তের বর্ণালী আলোয় একেকটা অক্ষরের বিচ্ছুরণে

তোমার পাঠানো সেই চিঠি এখন অনন্তের দিকে উড়ে যাওয়া নিঃসঙ্গ পাখির যাত্রা

জন মিল্টন তুমি কি লিখবে--

বিকেলের ছায়াঘেরা উঠোনে টুনটুনি তার পালক ফেলে গেছে

বুকের ভেতরে ঘুমিয়ে পড়া ছোট পৃথিবীটা এখন নীলগ্রহ

 

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন