![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৫১ |
দ্বীপান্তর
ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে। মেট্রোর কাঁচ ঝাপসা। টালিগঞ্জ ছেড়ে সবুজের দেশ চিরে ছুটে যাচ্ছে মেট্রো। আকাশ অদ্ভুত এক ক্যানভাস—গ্রে শেডের ওপর প্রুসিয়ান ব্লু, ছেঁড়া পালকের মতো সাদা মেঘপুঞ্জ। বগির অধিকাংশ মানুষের চোখ মোবাইলে, দু-একজন ঘুমে।
কাদা-জল পেরিয়ে ঘরে ফিরলাম। স্বামীর কথা তামাদি হয়ে গেছে, একাকীত্ব কবেই অভ্যাস হয়ে গেছে। অবশ্য দিব্যেন্দু মাঝে মাঝে আসে। ঠাণ্ডা খাবার বার করে গরমে রাখি। টিভি জুড়ে সন্ত্রাস, বন্যা, গণধর্ষণের খবর। মনোরম কোনও ছবি কেন যে দেখায় না কে জানে!
টিভিটা স্মার্ট। তাই পৌঁছে গেলাম সীমাহীন সমুদ্রের মাঝের এক সবুজ দ্বীপে— জনমনিষ্যিহীন। গাছেরা বাতাসের সঙ্গে কথা বলছে, পোকা কিলবিল করছে, পাখিরা ডানা ঝাপটাচ্ছে। গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে অদ্ভুত সব পশু। সহজ এবং হিংস্র। ঠিক দিব্যেন্দুর মতো।
পর্দা টেনে দিতেই রাত। শীতল ঘর। দ্বীপে অদ্ভুত আলো জ্বলে উঠেছে। মানুষের গুঞ্জন নেই। শুধু বড়ো পাখি, ছোটো পাখি। ঠাকুমা খেতে ডাকছে। বাবা অঙ্কের খাতা চাইছে। হ্যারিকেনের আলোয় খাট বেয়ে উঠছে বিরাট এনাকোণ্ডা। গাছবাড়িতে জোনাকির ভিড়।
হঠাৎ বাজ পড়ল। চমকে তাকাতেই দেখি কারেন্ট চলে গেছে। চামচিকের মতো পাখার ব্লেডগুলো ধীরে ধীরে পাক খাচ্ছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে খাট থেকে নামতে গিয়ে মনে হলো, নিচে একসমুদ্র জল। দ্বীপ নয়, ঘর।
মোমবাতি জ্বালতেই দরজায় ঠুকঠুক শব্দ। দরজা লক করিনি। হঠাৎ হাওয়ায় দরজা খুলে গেল। জড়োসড়ো একটা মানুষ ঘরে ঢুকে আলমারির কোণে বসে পড়ল।
“কে আপনি? কী চান?”
লোকটার গা বেয়ে জল পড়ছে। ম্লান আলোয় দেখি, না খুব বুড়ো, না খুব যুবক। শার্ট-প্যান্ট পরা। হাতে স্মার্ট ফোন। ভয়ার্ত পশুর মতো ফিসফিস করে বলল, “দরজাটা একটু বন্ধ করে দেবেন?”
দরজা বন্ধ করলাম। তবু ভয় লাগল না। খানিকটা বালকের মতো কণ্ঠে বলল, “একটু জল।”
জল দিলাম। সঙ্গে দুটো রুটি আর সকালকার ঠাণ্ডা তরকারি। সংকোচে মাথা নিচু করে সে খায়। বাইরে ঝিপঝিপ বৃষ্টি।
“ঘুম... ঘুম পেয়েছে।”
ফিরে দেখি, গুটিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা দ্বীপের ভেতর একটা টোরাডাক্টাইল। হয়তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম।
ভোরের আগে পালকের স্পর্শে জেগে উঠি। দরজা খুলতেই এক পশলা হাওয়ার মতো ডানা ঝাপটে ঘর থেকে বেরিয়ে গেল সে। বিছানায় পড়ে রইল একটি ধূসর পালক। আকাশে বিরাট জটায়ু উড়ে যাচ্ছে। রাত হলে কি আবার আসবে সে?
দরজাটা ভেজানো আছে। টেবিলে একগ্লাস জল।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন