![]() |
| কবিতার কালিমাটি ১৬১ |
চলে যাবে যখন
(১)
শিউলিফুলের পাপড়ি চোখ বুনলো
অবিরাম শূন্যে
মমির ভিতর মরমি সেই তান
জন্ম থেকে দূরে মৃত্যুর পাঞ্জায়
তরমুজের সেই কথা প্রসঙ্গে
কিছু মিথ্যে ছুরিকাঁচির তিজারৎ
বাসস্টপ থেকে ফুলস্টপের দেহসজ্জায়
(২)
সরকার পড়ে গেল। না না নড়ে ওঠার ভয়েই কাত
বাতাসের অম্ল জনিত ক্ষুর
চলমান ক্রিয়াপদের ঘাড়ে এই দীর্ঘশ্বাস
সহজ অক্ষর যেই মাত্র
বাজনার তালে কিছু ভেড়াও গাইলো
বলা যাবে না। সুতরাং কিছুটা ফাঁক
বা স্মৃতি শূন্যতার অভ্যেস
(৩)
ঝাঁকুনির ভিতর পাতলা
নিজেকে খুলে হাসছে সকাল
কিছুই অসম্ভব নয়
কীভাবে বিস্ময়কর অবকাশ
ঝরনার কোমল দেহে
খোদাই হতে থাকা ছেদবিন্দু ধরতে
শেষ জানলার ওপারে তার অপেক্ষা

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন