![]() |
| কবিতার কালিমাটি ১৬১ |
সেদিনের সোনাঝরা
(১)
কখনো কখনো মুছে যায় স্মৃতি
একটা রাস্তা আর কাঠপুল
না থাকার ভিতর আমাকে টানে
রেললাইন হারিয়ে গেলে
পাইপভরা ওয়াগনগুলো আকাশভরা সূর্যতারা
বরফকল আর গলফের মাঠ
শুধু মনের চোখে চেখে দেখে
কতটা সুস্বাদু ছিল ছেলেবেলাকে
(২)
সম্মিলনীর প্রেক্ষাগৃহ মাথার ভেতর
মহাভারতের যুদ্ধ
যার গায়ে গুল্মলতা ও অশথ্ববট
হারাধনদার গলায় সারা প্রেক্ষাগৃহে
প্রতিধ্বনি পাখি ফিরে আয়
কালের হাঁ মুখে রবীন্দ্র গ্রন্থাগার
বিষ্টুদার করুণ মুখে বিড়ির আগুন
(৩)
যে কিশোর মরে যায় সে কি ফেরে
রামলীলার সীতার গলায় নোটের মালা
থানাময়দানে যাত্রাপালার শেষে
আয়নায় আয়নায় শান্তিগোপাল
ভাবনাকাজী কিম্বা কালাপাহাড়
গান্ধী ময়দানে ভোর ভোর সাদা
পোশাকের মেলার প্রভাত ফেরী
টিফিনের ঘন্টার সাথে জিভে জল
কুলগুঁড়ি গুড়বাদাম গুড়গাঠিয়া
পাঁচপয়সা দশপয়সার এক অনন্ত যুগকে
পকেট কেটে শূন্য করে
মুঠোতে প্রেমের চিঠি কিশোরী পায় না

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন