কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অভিজিৎ মিত্র

 

কালিমাটির ঝুরোগল্প ১৫১

 

সরি

তনয় নেপালের ফ্ল্যাশফ্লাড নিয়ে খবরটা মনোযোগ দিয়ে দেখছিল। অন্তত পাঁচহাজার মিসিং। মোনা কখন এসে সোফায় চুপচাপ ওর পাশে বসেছে, বুঝতেই পারেনি। বুঝল, মোনা মুখ খোলার পর।

-- আয়াম সরি, আই ওয়াজ ক্যারেড অ্যাওয়ে। আমায় ক্ষমা করে দাও।

তনয় কিছু বুঝল না, কিন্তু টিভি থেকে মুখ না সরিয়েই সাউন্ডটা মিনিমাম করে দিল। পাশের ঘরে ওদের মেয়ে রাইম মুখস্থ করছে।

-- তুমি তো সব জানো। নইলে তুমি আমার ফেসবুক হ্যাক করতে না, দুদিন ধরে ওই "বালা বালা" গানটা বাজিয়ে মেয়েকে নাচতে বলতে না! আমি বুঝি, সব বুঝি।

-- আমি তোমার ফেসবুক হ্যাক করেছি? কবে? কীভাবে?

-- হ্যাঁ, করেছ। নইলে যা যা আমি গুগল সার্চ করছি, সে সব কিছু আমার ফেসবুকে আসছে কীভাবে?

তনয় চুপ করে টিভির দিকে তাকিয়ে রইল। মোনা আরো ফুঁপিয়ে উঠল।

-- তুমি এখানে থাকো না। মেয়েকে নিয়ে রোজ স্কুল ঘর বাজার দোকান দিদিমণি এসব করতে করতে আমি ডিপ্রেসড। নিজের দিকে তাকাবার সময় পাই না। কয়েকবার মিউনিসিপ্যাল হাসপাতালে গিয়ে ডাক্তার বালার কাছে চেকাপ করিয়েছি। ডিপ্রেশনের। তারপর ও কিছু ভাল ভাল কথা বলেছিল বলে হোয়াটস্যাপে ওর সঙ্গে একটু ফ্লার্ট করেছি, জোক করেছি। কিন্তু বিশ্বাস করো, কোনোদিন ওর সঙ্গে বাইরে কোথাও দেখা করিনি, ফিজিক্যাল কিছু করিনি।

এবার মোনা হাউহাউ করে কেঁদে ওঠে।

-- আই ওয়াজ ডিপ্রেসড। তুমি আমার দিকে নজর দাও না, আমার সঙ্গে ঠিক করে কথা বলো না। তাই ভুল করে ফেলেছি। অন্য এক পুরুষের সঙ্গে মোবাইলে ফ্লার্ট করেছি। আমায় ক্ষমা করে দাও। আমি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছি। হোয়াটস্যাপ ব্লক করে দেব। আমায় ক্ষমা করে দাও।

তনয় একটু হেজিটেসনে পড়ল। কী বলবে?

-- এর ক্ষমা হয় কি? তুমি এক বাচ্চার মা হয়ে, এক সংসারের গৃহিণী হয়ে আরেক পুরুষের সঙ্গে...

-- না না, কিচ্ছু করিনি, শুধু মোবাইলে একটু মেসেজ করেছি। আই সোয়ার, এর বাইরে এক পাও নয়। আমি মেয়ের দিব্যি খেয়ে বলছি। প্লিজ, আমার ওপর রিভেঞ্জ নিও না, আমি খুব ডিপ্রেসড। মেয়েকে আমার থেকে আলাদা কোর না।

একদিকে বিশ্বাস, অন্যদিকে মানসিক চাপ। তনয় এখনো সিওর নয় মোনাকে কী বলা উচিত! ঘড়ির দিকে তাকাল। রাত দশটা বেজে গেছে।

-- খেতে দাও। ইটস ডিনার টাইম।

-- না, তুমি একবার বলো, আমায় ক্ষমা করেছ।

তনয়ের গলা এবার আরও কঠিন হয়ে উঠল।

-- খেতে দাও। মেয়ে ঘুমোক। রাত্রে কথা হবে।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন