কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রীনা ভৌমিক

 

কবিতার কালিমাটি ১৬১

 

নীলকন্ঠ পাখি তোমাকে

 

দূরত্ব

দূরত্বের আঁচে পুড়ছি

দূরত্ব দূরবীনের মত

কত কিছু যে স্পষ্ট দেখায়...

ওড়ার খেলা তোমার পাখি;

প্রিয় নীলকন্ঠ পাখি

আমি শুধু স্বপ্নের সামিয়ানায়

দহন সাজাচ্ছি

চন্দনকাঠ সাজাচ্ছি

অনন্ত হোমাগ্নির মশাল জ্বালিয়ে রাখছি...

 

তৃষ্ণা

তৃষ্ণা নামের দুষ্টু ফিঙে পাখিটা

অলস দুপুরে

তোমার নামে নালিশ টাঙায়

ভীষণ ছটফট তার...

আমার বুকের বারান্দায়

ঘুরেফিরে রূপকথা শোনায়;

শোনায়, ভিসুভিয়াস ফাটার আগে

ঘুমের ভান করে

কতোকাল ঠিক এভাবেই ছটফটিয়েছিল...

 

ও আমার নীলকন্ঠ পাখি,

জানতে ইচ্ছে হয়, তোমার বুকেও

কারো জন্যে কখনো কি ভিসুভিয়াস

এভাবেই ছটফটিয়েছিল...

 

জলছবি

জলছবিতে লিখে রাখি

কিছু গুনগুন ও আকাল

 

জলের বুকে জলের আলপনা;

ছুঁলেই সে "তুমি" হয়ে ডাকে

না ছুঁলে কাঁটাতারের একলা সীমানা

 

কাল রাতে একা চাঁদ

এইসব সাত পাঁচ শুনে ভীষণ একলা হলো

বুকে জলটলমল হলো

বাতাসের ডায়েরিতে ভেজা কবিতা হলো

 

জানো নীলকন্ঠ পাখি,

নীল গলা নীল ডানা... নীলে ডোবা পাখি...

সে বড় একলা-কথা; বুঝবে না কেউ

সময়ের ভাঁটায় বসে

নিরালায় লিখে যাই একান্ত সে ঢেউ...

 

 

 

 

 

 

 

         

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন