![]() |
| কবিতার কালিমাটি ১৬১ |
চুপ থাকি
যে কথা রয়ে যায় সন্তর্পণে
তারই ছায়া পড়ে দু চোখে…
তবুও চুপ থাকি-
ক্ষতবিক্ষত হৃদয় নীরব থাকে প্রকাশে
একদিন যা ছিল যৌথতায়
মুহূর্তের
রূপান্তরে নিমেষেই তা একাকী বহন
যেন অনিমিখ এক চাতক পাখি মেঘেদের
খুদগর্জ আর বৃষ্টির মেটাফোর চলতে থাকে, বেসামাল আমিও…
চুপ থাকি মুখে আঙ্গুল-
যন্ত্রণার ছায়া অম্লান, প্রতিবিম্বিত…
আলফাজ অনুচ্চারিত রয়েই যায়!
মিডনাইট ব্লু
রুফটপ রেস্তোরাঁয় আকাশ দেখি-
কালো চাদরে জ্বলজ্বল করে নক্ষত্রেরা
লম্বা গ্লাসে ফালি চাঁদ দোল খায় কিয়ৎকাল, নিজেরই মতো-
দু ঠোঁট ডুবিয়ে তৃষ্ণা মেটাই…
‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’—
এলভিস প্রেসলি সটান, উদ্দাত্ত-
অবিন্যস্ত চাওয়া শুধুই চাওয়া …
সংক্রমিত ভালোবাসায় চোখ বন্ধ
হয়ে আসে আচমকাই দেখি-
তীব্রতার মাঝে তুমিই দাঁড়িয়ে আছো
হিরন্ময় হয়
স্বপ্নেরা বিক্রি হয়ে যায়
হাত বাড়ালেই মেঘেরা সরে যায় -
শূন্যতা বুকে রাখি এক মৌন স্বপ্ন
সবটাই আড়াল নিজের কাছে
যেন খিল তুলে বন্ধ করেছি কপাট…
নিত্যদিনের অসম্পূর্ণতায় মাটি আকাশ সবটাই নাগালের বাইরে -
ছুঁতে চাই কিন্তু পারি না-
মধ্য পথে দাঁড়িয়ে আছে এক ভিনদেশি হরবোলা পথ আটকিয়ে
হাতে তার পরিপাটি একটি কাগজের নৌকো-
বাজিকরের বাজিমাত, তাইতো
গাঢ় লাল কার্ডিনাল বিস্ময়ে বিহ্বল…
সমস্ত বাগান তছনছ করেছে আজ কিছু চিতল হরিণ
মুহূর্তেই যত্নে রাখা স্বপ্নেরা দোল খায় ওদের কালো অবাধ্য চোখে-
সামনে সবুজ বিস্তৃর্ণ মাঠ, কচি ঘাস-
ওরা এগিয়ে যাবার আগেই অসহায়
আমি লম্বা পা ফেলে ঘরে ফিরি…
সন্ধ্যা কি নেমে এলো তবে?

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন