কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৪৬

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্বপন রায়

 

কবিতার কালিমাটি ১৬১

 

টাউনবাস (খড়গপুর থেকে মেদিনীপুর)

(১)

বৃষ্টি পড়ার আগে

যে জানলা আর দরজাগুলো

কাঠ কাঠ

কিছু হয়নি তখনো

চিঠিও আসেনি

বৃষ্টি পড়ার আগে

অংশবিরহ এক দারু-অপেক্ষায়

কিছুটা পালিশ উঠেছে

দরজায় হেলান দেওয়া দিনগুলোয়

কিছু বাস

কিছু টায়ারের দাগ

বৃষ্টি পড়ার আগে

মেঘমায়া পরল

ভিজবে

ভিজলও, বৃষ্টি নামার পরে একদিন।

(২)

‘সেরা’ থেকে বেরিয়ে

ধোনি চলে যাচ্ছে চায়ের দোকানে

না দেখেই

বিকেল হল জলঝরন্ত-হাঁস

অবধি থেকে পর্যন্ত

ডিউজ-বলের গন্ধ আর লম্বা হর্ন

স্টেডিয়ামের অস্তে

মিশল

 

ধোনিকে কেউ চিনত না

ধোনি অনায়াসে চায়ের কাপ নিয়ে

পাশেই অনেকে

যারা রেলফেরত

যারা যারা ডিমের কুসুমে শোনে

সিগন্যালের গান

ইঞ্জিনের ব্লো

 

একটা বিকেল তখন অখ্যাত

একটা বিকেল তখন

লেট-স্যুইং করে

ঢুকল

বিকেল আস্তে ছেড়ে দিল, সন্ধ্যাকে।

(৩)

একদিনের আগের দিন

ঝড় ঢিমিয়ে

নামল

কালেক্টারির সামনে

মনতুলি ও স্মরণতুলির বৃষ্টি

 

একদিনের আগের দিন

যা হয় না

ভেজা, খুব ভিজতে থাকা পুরুবৃষ্টিতে

গোলা-কালেক্টরি ছেড়ে

বেরিয়ে আসা দুবলা কাটপিস-রোদ

আমিও একদিন

বা আগের দিন ভিজতে ভিজতে

রোদ রৌদ্র রৌদ্রল

 

মন তুলল

স্মরণতুলিতে রাখা একটি আপেল

সেজাঁ যেমন এঁকেছিল

প্রায় হুবহু

একদিন বা তার একদিন পরে

সেই আগেকার

মহুয়া সিনেমায় গায়ে পিছলে যাওয়া রোদ

ছোট ছোট রোদ

সোঁদা গন্ধ নিয়ে

এমন কি আপেল নিয়ে শহর হল

একদিন পরে

অনেক অনেক দিন পরে

কেউ নেই

মনতুলি বা স্মরণতুলি, নেই

শহরটা হাসছে।

(৪)

অ্যাংলো-শিশির

পা

নিভিয়ে দিল

ভেজা মিশ্রিত চোখে

পড়ল

পড়ে গেল

সাউথ-ইন্সটিটিউট।

 

স্কার্ট বা গাউন নিয়ে যা কিছু

ব্রিটিশ

এই এভিনিউ জুড়েই

বাসী এবং আশ্রিত।

ক্যারল

আমাদের যীশুর কাছে নিয়ে গেল

আমি

তুমি এবং ক্রিসেন্থেমাম

এক শীতের ক্ষীর

এক রাতের জটিল সমীকরণ।

 

সকালে হলুদ-বাস এল

সূর্যের।

চালক একজন তরুণ,সুদর্শন

দূর থেকে মনে হল

রবীন্দ্রনাথ।

ক্রিসেন্থেমামও একমুহূর্তে চন্দ্রমল্লিকা।

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন