![]() |
| কবিতার কালিমাটি ১৬১ |
নোনাকথা
চারিদিকে পুকুর বোজানো বহুতল,
আর হাজার হাজার গাছ কেটে
প্রসারিত ধূসর পিচের রাস্তা নিয়ে
পরিচিত এই শহর ঘুমিয়ে কাদা হয়ে আছে।
হুগলি নদীর নোনাকথায় তোমার
অগোছালো দোপাট্টা ভিজে উঠলে,
বুকের নরম জমিতে বুনে দিই
একান্ত ব্যক্তিগত কিছু না-বলা কথা।
যে কথায় অঙ্কুরিত হয়ে ওঠে
আগামী প্রজন্মের নতুন ভাষা।
অন্ধকারের গল্প
শাসকের তর্জনীতে থাকে অন্ধকারের গল্প,
আলোর গল্প থাকে কিষাণ আর সৃষ্টিশীল মানুষের চোখেমুখে।
আজও ফসলের মাঠ থেকে ভেসে আসে পাকা ধানের ঘ্রাণ,
নদীতে ভাসমান নৌকো থেকে ভেসে আসে ভাটিয়ালি গানের সুর।
আজকাল সবকিছুই বদলে যাচ্ছে দ্রুত।
মাইলের পর মাইল অরণ্য ধ্বংস করে,
পাহাড়ের পর পাহাড় গুঁড়িয়ে দিয়ে,
আদিবাসী বসতি উচ্ছেদ করে
জারি হচ্ছে উন্নয়নের নয়া নকশা।
পিছিয়ে পড়া মানুষের সেখানে কোনো স্থান নেই।
কর্পোরেট দুনিয়া এভাবেই গিলে ফেলছে
জল, জমি, জঙ্গল এবং পাহাড়।
বাতাসে কান পাতলেই শুনতে পাওয়া যায়
আত্মঘাতী ঘটনার নানান গুঞ্জন।
আক্ষেপ
কবিতা লিখতে লিখতেই আমার সময় শেষ হয়ে এলো,
ব্যর্থ প্রেমের কথা লিখতে লিখতে জীবন শেষ হয়ে এলো,
নিজের কথা বলতে বলতেই ফুরিয়ে এলো দিনও,
তবু, তোমার কথা কিছু বলা হলো না,
অথবা তোমার কথা তেমনভাবে শোনাও হলো না।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন