![]() |
| কবিতার কালিমাটি ১৬১ |
মাটি
বিপজ্জনকভাবে ঝুলে আছে
ঘুরে চলেছে একটা লাট্টূর মত
ক্ষীণ এক সুতোর ওপর
সামান্য এদিক ওদিক হলেই
স্রেফ বায়ুভূত হয়ে যেতে পারে
নীল ওই সাগরের জল
অথবা জমে গিয়ে হতে পারে
বরফ সাগর।
যে সব হার্মাদেরা এই সূক্ষ্মরেখা বরাবর
খায়-দায়, হাগে-মোতে
রমণ মৈথুন সারে
তারা এর নাম রেখেছে
হ্যাবিটেবল জোন
এই আদরের বাসাবাড়ি, খোলামকুচি ঘর!
চাঁদ
ওই যে চাঁদ
যার টানে সাড়ে তেইশ ডিগ্রি
হেলে রইলাম আমি
রয়ে গেল অজস্র প্রাণ
তারা সব ঋতুর সন্তান।
পেটের ভেতর টগবগে গলন্ত লোহা,
ঠেকিয়ে রাখছি ভ্যানিশ হওয়ার
মহাজাগতিক ম্যাজিক
তবে জানি
এত কিছু ইন্তেজাম করে
বড় করে তুলছি কিছু পাক্কা শয়তান।
আমার গোঙানির শব্দ
লক্ষ কোটি গ্রহ তারা শুনতে পায়
শুধু তারাই বধির।
ফ্রেম
সন্ধে নামল
এতক্ষণ ভেজা মাটির ওপর দিয়ে চাঁদ হাটছিল
আর এখন মাটির আলোয় জ্ব্ল জ্বল করছে সে,
যেন শবদেহ
আলো ফেলে মুছে দেওয়া হল।
এবার তুমি চলে যেতে পার
তোমার আড়ালে রাখা ছবিগুলো
চাঁদ দেখে চলে গেছে,
তারা সুন্দর, কিন্তু ফ্রেমে বন্দি হয়ে আছে।
মাটির ওপর এতক্ষণ হাঁটছিল সে, আর তুমি
করাত হাতুড়ি নিয়ে
ফ্রেম বানাতে ব্যস্ত হয়ে পড়লে।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন