![]() |
| কবিতার কালিমাটি ১৫৪ |
আজকাল প্রেমট্রেম
তুমি না থাকলে- ভাবতাম
উদাসী দেবদাস হবো
সাইক্লিক গতিতে টানবো বিড়ি উরাধুরা
চুল দাড়ি গোঁফ রেখে হতে চাইবো
নিরীহ রবীন্দ্রনাথ
প্রতিবার ডান হাত ঢুকিয়ে দেবো শার্টের
বাম হাতে
দুপুর রাতে হেঁটে যাবো ছবির হাটে-
ছবিহীন ময়দানে
খোঁজ নেবো হাশিম ভাই এখন আর
আসেন না কেনো চারুকলা
মোল্লার দোকানে ভাত খেতে খেতে
একদিন বিল না দিতে পেরে চরম অপমানিত
হবো প্রকাশ্য দিবালোকে
জাহিদ ভাইয়ের সংগে দেখা হলে বলবো
আপনার মেয়র সিরিজের কবিতা এখনো
ড্রয়ারে রেখেছি কতো না ভালোবাসা মুড়ে
ভাবতাম-
তুমি না থাকলে এক কৌটা বিষ
কিনবার টাকা না পেয়ে আত্মহত্যা
থেকে
ভাগ্যক্রমে যেতাম আমি বেঁচে
সুনীলদার সূত্রমতে কবি হতে চাইলে
প্রেম করে ছ্যাকা খাও
তাহলে এই তো সুযোগ
শনৈ শনৈ আমি কবি এক হয়ে উঠতাম
আজ তুমি নেই
কই - হলো না কিছুই
তবে কি তুমি না এসেই চলে গিয়েছিলে
অথবা ছিলেই না তুমি না থাকারও আগে
উপ-উপাখ্যান
তোমার সংগে আমি আর
আমার সংগে তুমি প্রেম না করলেও
তুমি আমি দু'জনেই
অন্য কারো সংগে প্রেম করতাম
'প্রেম' - না করার মতো কোনো মহান
ঘটনা নয়
তোমার সংগে আমার বিচ্ছেদের মতোই
অন্য কারো সংগে প্রেম হলেও বিচ্ছেদের
বিষয়টি
হাঁটু ভাঙা 'দ'-এর মতো হুমকি হয়ে
দাঁড়িয়ে থাকতোই
পৃথিবীর সব প্রেমিক প্রেমিকা তোমার
আমার মতো
সকল বিরহ তোমার সংগে আমার বিচ্ছেদের
মতোই
কিন্তু পৃথিবীর সব প্রেম একরকম
নয়
তুমি চলে গেলে
তুমি চলে গেলে কী হবে আর
বড়োজোর মন্দ কাটবে দিনকাল
রাতে রাতে কাটবে নির্ঘুম
নাওয়া খাওয়া অনিয়ম
এশট্রেতে ছাই দ্বিগুন জমাবে ভিড়
কফ কাথ রক্তবমি বিবমিষা
অফিসে অনিয়ম
ক্রমশ জরাগ্রস্থ
মৃত্যুর করিডোরে
দু'কদম আগে হেঁটে যাওয়া
মরণের দূত এসে দরোজায়
অকাট্য দাঁড়াবে
তুমি চলে গেলে
প্রতিটি মৃত্যু
প্রেমের শ্মশানে প্রকাশ্যে জন্ম
নেবে
অপ্রেম নীরবে হারাবে

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন