কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মিথিলেশ শ্রীবাস্তবের কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

মিথিলেশ শ্রীবাস্তবের কবিতা          

(অনুবাদ : মিতা দাশ)

 


লেখক পরিচিতিঃ মিথিলেশ শ্রীবাস্তব। জন্ম ২৫ জানুয়ারি, ১৯৫৮। গোপালগঞ্জ, বিহার। প্রকাশিত গ্রন্থ - কিসি উম্মীদ কী তরহ, পুতলে পর গুস্সা, আওরত হী রোতি হায় পহলে, কই নীন্দ কে বাদ। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয় - জনসত্তা, দৈনিক হিন্দুস্তান, জনসন্দেশ ইত্যাদি। নিয়মিতভাবে রাজনৈতিক ও রঙ্গমঞ্চ ও চিত্র্যকারদের উপর লেখেন। তিনি ‘ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স এন্ড লিটারেচার আওয়ার্ড’ ও অন্যান্য পুরস্কারে ভূষিত।

 

স্বপ্ন দেখা অপরাধ হবে

বিচারক রায় ঘোষণা করে

স্বৈরশাসক বলে— মহাভোগ নাও

বিচারককে সরিয়ে দাও

সংসদে একতরফা ঢেউ উঠেছে

স্বৈরশাসক বলে— শুধু সে-ই বলবে

বাকি সবাই নীরব থাকবে

 

স্বপ্ন দেখা হবে অপরাধ

স্বপ্নের মৃত্যুর জন্য অপেক্ষা থাকবে না

বিশ্বজনীন নীরবতা তখন কী হবে?

আমরা এখানে থাকি বা সেখানে যাই

পাহারা কখনো দৃশ্য, কখনো অদৃশ্য— পিছু ছাড়ে না

ঢেউয়ের উপর ঘর বানানো যায় না

অর্ধেক বাক্যে ঘেরা স্বৈরশাসক

মানুষ তার একটি পূর্ণ বাক্যের খোঁজে

পূর্ণবিরাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে

 

ঢেউয়ের মতো জীবন

ঢেউয়ের মতো স্বাধীনতা

মানুষ কবে পাবে?

না পাসপোর্ট, না ভিসা

কত সীমান্ত পেরিয়ে

এই তীরে এসে পৌঁছেছে

 

হাতে হাতকড়া নেই

পায়ে শেকল নেই

তাড়া করা পুলিশ নেই

জীবন ঢেউয়ের মতো হওয়া উচিত

 

ক্ষুধার পায়ে শেকল

ক্ষুধা যদি নাই লাগে

তবে আমরা এখানে কেন আসতাম?

সুখী জীবনের স্বপ্ন নিয়ে

ক্ষুধা আমাদের অপরাধ

ক্ষুধাকে ধরো

ক্ষুধার পায়ে শেকল পড়াও

ক্ষুধার হাতে হাতকড়া লাগাও

 

ক্ষুধার কিছু একটা করো

ক্ষুধা থেকে আমার দেশকে মুক্ত করে দাও

আমাদের ঢেউয়ের মধ্যে বিলীন করে দাও

একটি তীর দাও

যেখানে আমরা নির্বাসিত হয়ে যাই

ফিরে যাই নিজের দেশে

কোন দেশ?

হিংসায় লিপ্ত দেশ।

 

তোমার কাছে কোনো কাগজ ছিল না

ঢেউয়ের উপর চড়ে

তুমি এখানে এসেছিলে

এই তীরেই তুমি নেমেছিলে

এইখানেই আমি দাঁড়িয়ে আছি

তোমার কাছে কোনো কাগজপত্র ছিল না

তোমার হাতে ছিল বন্দুক

নিষ্ঠুরভাবে তুমি বন্দুক চালাতে

তুমি নিজেই বানালে তোমার কাগজপত্র

 

তুমি পুরো ভূখণ্ডের মালিক হয়ে বসলে

ভুলো না— সব শস্যভাণ্ডারে সবারই অংশ আছে

এটা বিশ্বনাগরিকদের অধিকার

 

তুমি নশ্বর

চারবছর পরে আর তোমাকে দেখা যাবে না

দেখা যাবে একটি দেশ

বিশ্ব নাগরিকদের হাতে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন