কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বাদশ সংখ্যা / ১৩৯

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

উদয় চট্টোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১৫৪


আলোছায়া

আলোছায়ার নিরিখে প্রত্যক্ষ করো জীবনকে—

ফিফটি ফিফটি কখনোই মিলবে না;

মিলতে পারে না – তাকিয়ে দেখো ঋতুচক্রের দিকে –

দিবারাত্রি কদাচিৎ সমান সমান,

একটা দিনেও কখনো মেঘের ছায়া কখনো উজ্জ্বল সূর্যালোক …

 

এই অসমানুপাত মেনে নিতে বাধ্য আমরা

আমাদের প্রাত্যহিক জীবনে -

আলোর বরাদ্দ কখনো বেশি, কখনো ছায়ার …

 

মা শুচঃ। অবতার হয়ে আসা রাম বা কৃষ্ণের

পরিত্রাণ মেলেনি এর থেকে,

আমরা তো কোন ছার …

 

অকাল বসন্ত

রোবটের যান্ত্রিকতায় দিনাতিপাত

সকাল থেকে রাত্রি,

তিনবেলার উদর চিন্তা – তৈল তণ্ডুল –

দেওয়া নেওয়া হিসাব নিকাশ –

ই-মাধ্যমে যোগাযোগ, লেখাপড়া, রেডিয়োতে কিছু বিনোদন …

 

এভাবেই চলে যাচ্ছে, চলে যাবে বলে অনুমান,

তবু তারি মাঝে, কী আশ্চর্য,

অকাল বসন্তের মতো নেমে আসে আবেগের স্রোত,

ভেসে ভেসে যায়—

সময়ে কলম ধরলে নেমে আসে দু-একটা কবিতা …

 

পদক্ষেপ

এক একটা কবিতা লেখা শেষ করে মনে হয়

এটা আগেরটার থেকে ভালো হয়েছে;

পরম তৃপ্তি নিয়ে বন্ধ করি খাতা, বারান্দায় যাই,

চোখ মেলি রাতের আকাশে –

গণনাতীত তারারা সেখানে তমসাকে বিদীর্ণ করতে চাইছে

নিজের সীমিত আলো নিয়ে;

একশ্চন্দ্র উজল জ্যোতিং ন চ তারা গ্ণইরতিম্‌ –

কৈশোরে শেখা সংস্কৃত শ্লোক আছড়ে পড়ে মগজে মননে …

 

তারাদের মতো সামান্য প্রদীপ জ্বেলে নেমেছি তিমিরাভিসারে –

প্রতিটি অগ্রসর পদক্ষেপ আনে কিছুটা সন্তুষ্টি,

মনে হয় আমার এই সদ্যোজাত কবিতা

সেই যাত্রাপথের পুরোভাগে আলোর দিশারি …

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন