কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পিটার গিজির কবিতা

 

 

প্রতিবেশী সাহিত্য

পিটার গিজির কবিতা

(ভূমিকা ও ভাষান্তর: গৌরাঙ্গ মোহান্ত)

 


কবি পরিচিতিঃ পিটার গিজি (জন্ম অগাস্ট ৭, ১৯৫৯) একজন প্রসিদ্ধ অ্যামেরিকান কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও শিক্ষক। ম্যাসাচুসেটসের পিটসফিল্ডে জন্মগ্রহণকারী গিজি বর্তমানে ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। তাঁর নিরীক্ষামূলক গীতিকবিতায় দার্শনিক অন্বেষা, সাঙ্গীতিক অনুরণন যেমন রয়েছে তেমনি রয়েছে স্মৃতি, সময়, নৈঃশব্দ্য ও ক্ষতির উপলব্ধি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে Periplum (১৯৯২), Artificial Heart (১৯৯৮), Some Values of Landscape and Weather (২০০৩), The Outernationale (২০০৭), Threshold Songs (২০১১), Archeophonics (২০১৬), Now It’s Dark (২০২০) এবং Fierce Elegy (২০২৩)। কবিতার জন্য তিনি একাধিক গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন; এর মধ্যে রয়েছে Guggenheim Foundation ও Howard Foundation-এর ফেলোশিপ। Fierce Elegy কাব্যগ্রন্থের জন্য তিনি ২০২৫ খ্রিস্টাব্দে T. S. Eliot Prize লাভ করেন। গিজি একজন গুরুত্বপূর্ণ সম্পাদক ও সাহিত্যগবেষক হিসেবেও পরিচিত, বিশেষত জ্যাক স্পাইসারের কবিতা নিয়ে তাঁর সম্পাদনাকর্মের জন্য তিনি স্বীকৃতি লাভ করেছেন। অনিশ্চয়তার প্রতি উন্মুক্ততা এবং ভাষার সম্ভাবনার অনুসন্ধান তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সমকালীন অ্যামেরিকান নিরীক্ষামূলক কবিতার একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে তিনি আদৃত।

 

 

এ পৃথিবী শেষ নয়

 

যখন আমি তোমার জানলা দিয়ে তাকাই, অন্য একটি জানলা দেখি

আমার মস্তিষ্কে একটি বিয়ে দেখি, একটি স্টাইলাস আর একটি খাঁজ

সেখানে হাওয়ায় ভাসমান একটি স্বর

 

যখন আমি তোমার জানলা দিয়ে তাকাই, অন্য একটি জানলা দেখি

এই গাছগুলো সত্যি নয়, তারা বাতাস থেকে জন্মেছে

তারা ধুলোর মতো ঝরে পড়ল, তারা ঝরে পড়ল

 

তাই গান গাওয়াই দেখা, আর দৃষ্টিই হলো সঙ্গীত

আমি দেখেছি কিরীট ও রাজমুকুট, ডেইজি ফুল আর মৌমাছি, ফিতে, রবিন পাখি,

আর বরফের চাকতি

পেন্সিলের আলোয় ফুটে ওঠা অদ্ভুত সব কারুকাজ

 

যখন আমি তোমার জানলা দিয়ে তাকাই, অন্য একটি জানলা দেখি

আমি আগুন দেখি আর একটি মেয়ে, লাল চুল আর সবুজ-বাদামি চোখ

আকাশে জনতা

 

যখন পৃথিবী ফিরে আসবে, তা হবে ধারণকৃত কোনো শব্দ

সেই কুজনরত ঝোপটি পরিচিত হবে 'ডিকিনসন' নামে,

সিলেবিক, উষ্মধ্বনিময়, আঘাতময় ও সৌহার্দ্যসূচক শব্দগুলো বিদীর্ণ করে প্রকাশ করবে

 

তোমার জানলার বাইরে আমি দেখি অন্য একটি জানলা

বাতাসে দেখি একটি শেষকৃত্য, দেখি অ্যালাবাস্টার স্পেস

সেখানে আমি পাঠ করি এক অসীম পরিধি

 

মার্চ মাসের রেকুইয়েম

 

বাবা যখন শুনলাম তুমি চলে গেছ

আমি ঘুমের ভেতর হেঁটে বেড়িয়েছি

একটা বন্দুক যেমন মাথার সন্ধান করে

 

তোমাকে ধ্বংসাতীত ভেবে নেয়া কি আমার ভুল ছিল

এটা যদি শুধু বিমান দুর্ঘটনাই হবে

তবে কেন তুমি সেই ধ্বংসস্তূপ থেকে হেঁটে বেরিয়ে এলে না

 

তিন দিন একটানা বৃষ্টির পর

মাটি জলসিক্ত

ও বিমানের মতো চকচকে

 

আমি সেই পাখিদের কথা ভাবি

যারা তোমার কবরের ওপর জমে থাকা জলে স্নান করে

জলে কামড় দিয়ে প্রাণশক্তি খোঁজে

 

আর সেইসব পাখিদের কথা যারা মারা যায়

বিমানের মতো

জঙ্গলে পড়ে থাকে

 

আমি আমার খুলির ভেতর

গর্ত খুঁড়েছি

তাদের প্রত্যেকের জন্য

 

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন