কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সঞ্জয় রায়

 

কবিতার কালিমাটি ১৬০

 

 

মানুষ বড় একা

 

বুড়ো হলে ভুলে যাওয়া পেয়ে বসে

গ্রন্থিগুলোও শিথিল হয়ে আসে

আজকাল বড় ভুল হয়ে যায়

দোষ এটুকুই।

 

তারপর মানুষ মুখ ফিরিয়ে নেয়

সবাই কাছের মানুষ!

তখন খাদের দিকে যাওয়া ছাড়া

আর কী করার থাকে?

 

পবিত্র বাতাস খোঁজাও কি দোষের কিছু?

 

আজকাল বড় বেশি সক্রেতিসের কথা মনে পড়ে

পিতামহ এসে অশান্ত মাথায় হাত বুলিয়ে দেয়!

 

আত্ম-কথন

 

আত্ম-কথন ছাড়া কী আর বলার আছে?

ফুলের মতো আমিও কবিতা গল্প হয়ে

মেঘে মেঘে ভেসে ভেসে স্বদেশে বিদেশে!

গমন ছাড়া কী বা করার আছে?

 

সারবত্তা নেই তেমন কিছু

খোঁজ আছে শুধু

নিজের কাছে কতটা মিথ্যে ঢেকে রাখা যায়?

সত্যের নিপীড়ন অন্যায় কিছু নয়!

 

বোধগুলোও ধরা পড়ার আগেই

ভেঙে ভেঙে বৈদেহিক হয়ে যায়!

বাকি সব হারিয়ে যাওয়ার গল্প!

 

নিজের বাইরে তাকাও

 

নিজের বাইরে তাকাও

খুলে ফেল অন্ধ মায়াজাল

চোখে মাখ পেলব অনুভব

উষ্ণতা, ভালোবাসা ছায়া

 

এবার বাইরে তাকাও –

ফেলেছিলে যা “আবর্জনা”

তাতে রক্ত লেখা ছিল

ঘাম আর অনুভূতি ছিল

গোলাপগন্ধ, চিত্র আঁকা ছিল!

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন