কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৪৫

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মন্দিরা গাঙ্গুলী

 

কবিতার কালিমাটি ১৬০

 

 

স্থিতিস্থাপকা নির্দিষ্ট

 

স্থিতিস্থাপকতা নির্দিষ্ট

সীমাবদ্ধতা বদলে নিতে হয়

নিজেকে টান টান করে মেলে ধরতে হয়

তোমার দেওয়া সমস্ত বিধানের কাছে

কখনো গুটিসুটি হয়ে দেখি আস্ফালন

বুকের ভেতর হাতুড়ির শব্দ

মাথায় সাঁড়াশির চাপ নিয়ে প্রহর গুনি

ছিঁড়ে যাবার সময় হলে চোখ বুজি

আবার ফিরতে চাই নিসঙ্গ মরুভূমির ভেতর

যেখানে কখনো কেউ ছিল না

 

সমুদ্র প্রেম

 

যে সমুদ্রে যাওয়া হয়নি বলে আমিই চোখের জল ফেলেছি সারারাত

দূরভাষে এসে সে-ই শুনিয়ে গেল দুচার কথা

 

কথা দিয়ে কথা রাখিনি, বড় রাগ তার

আমার জন্য সৈকতে ঝিনুক সাজিয়েছিল

তরঙ্গমালাদের তালিম দিয়ে রেখেছিল

একের পর এক, কীভাবে ঢেউ তুলতে হবে

আকাশের সঙ্গে রং মিলিয়ে সেজেছিল নিজেও

 

না দেখে, রাতভোর তর্জন গর্জন

বলেই দিল, আর আসতে হবে না

 

আমি তার অভিমান বুঝি

সামনে গেলে ঠিক বুকে টেনে নেবে

সাধ্য আছে নাকি, মুখ ফিরিয়ে থাকে!

 

স্বপ্ন

 

কী এমন শ্রম ছিল

সময়ের অপচয় ছাড়া

বুনেছি যেসব ফসল

একটিও খাদ্যযোগ্য নয়

কাঁটাঝোপে ভরে গেছে মাঠ

পা রাখার জায়গাও নেই আমার

মাধুকরি করেছি যেটুকু

ফুটিয়ে খেয়ে পেট ভরেনি

ক্লান্ত ক্ষুধার্ত আমি অনন্ত অপেক্ষায় আছি

একদিন আমারও গোলাভরা ধান হবে।

2 কমেন্টস্: