কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

শনিবার, ১৩ জুন, ২০২৬

ইন্দ্রাণী দত্ত পান্না

 

কবিতার কালিমাটি ১৫৮


রবিবার

রবিবার এলে আমি চিকেনের স্বাদ বাড়ানোর প্রকল্পে যোগ দিই

সে সময় ছেলেমানুষী কথা বা রসিকতা চলতে থাকে।

খাবার বেড়ে দেবার আগে জ্বর আসে, থার্মোমিটার লুকিয়ে রাখি

দরজাগুলো বন্ধ হয়ে যায়,

উত্তর দিকের বাড়িটায় ট্যাঙ্ক উপচে জল পড়তে থাকে...

একটা বড় বাড়ি, একা বৃদ্ধা যার চিন্তা ভাবনা গুলিয়ে গেছে

মাঝে একটা মাত্র কলা বাগানের দূরত্ব।

দুপুরের দ্রুত ফুরিয়ে যাওয়া দেখতে দেখতে খিদের ভেতর ঢেলে

দিই কয়েক টুকরো মাংস আর একহাতা ভাত।

 

ঘুঘু

সশব্দে দরজা খোলার পরও উড়ে যায় না

ও কি আমায় বিশ্বাস করে? ওকে কি বলা যায়

আজ আমার হাত থেকে পড়ে গেছে সব সতর্কবার্তা

একটুখানি লাফ দিয়ে সরে গেল

অপূর্ব ভঙ্গিমা!

বলা হয় না অষ্টাঙ্গিক মার্গ বা সহজ জীবনের পথ পেতে গিয়ে

খুব কঠিন তপস্যার মধ্যে দিয়ে যেতে হয়।

বলা হয় না আমি এখন প্রতারণার প্রতিহিংসার সামনে বর্মহীন

 

ঘটনা

ঝড়ের ধাক্কায় টবের গাছ মাথা ভেঙে পড়ে আছে

প্রচন্ড উত্তাপের মধ্যেও ছিল এমনই মরণ সম্ভাবনা।

বাষ্প বাষ্প ঘন মেঘ কাঁচা পাকা মাথা আর ঋ ধ্বনি

টবের আশ্রয় হারানো ও আহত গাছের দিকে হাত বাড়ানোর সময়

মনে হল ঘাস আর তার সাথেই ফুলের মৃত্যু

যে ফাঁকা হলুদ জমি তৈরি করেছে তাতে

আমার কোনো বাগ সৃজনের সুযোগ নেই।

বাজ পড়ার সময় এই দেশে শাঁখ ঘন্টা বাজতেই থাকে

ওরা যেভাবে চাইছে আমি এখনো সেই মতো প্রভাবিত নই।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন