কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

শনিবার, ১৩ জুন, ২০২৬

রীণা ভৌমিক

 

কবিতার কালিমাটি ১৫৮


শীত সিরিজ

(১)

তুমি শীত ছুঁড়ে দিয়ে

বললে, ভালোবাসা দিলাম...

 

শীত তো, তাই সারা শরীর কেঁপে উঠলো

 

তারপর, অভ্যাসে চাকা লাগলো

শীতের পিঠে ডানা

 

শীতের দুটো পা-ও গজালো,

একটা বরফ সাদা সোয়েটার

শীত বিষয়ক গজল গাইছে সেই থেকে

 

আমার কান শুনছে, ভালবাসার গান...

 

(২)

শব্দেরা কুঁকড়ে আশ্রয় চাইছে

আধখোলা খামের অন্দরমহলে...

 

ফাটা ঠোঁটে রক্ত ঝরছে

চামড়া জুড়ে টানটান তীক্ষ্ণতা

 

কষ্টের স্বরলিপি

‘মুক্তি মুক্তি’ বলে ব্যক্ত হতে চেয়ে

শুকনো কাঠ খুঁজছে

 

বড্ড শীত... আগুন চাই...

জৈবনিক উষ্ণতার জন্য কিংবা চিতার...

 

(৩)

শীত লিখতে চাইলে বারবার

কলম ভাঙে

 

একটা 'হু-হু' আস্কারা পেয়ে

শিব-তাণ্ডবে মাতে

 

একটা কোকিল মৃত প্রেমিককে

প্রদক্ষিণ করে করে

ভালোবাসার নামে শমন জারি করে

 

দেবী রুক্মিণী চাপা দীর্ঘশ্বাস

ফেলে ভাবেন,

কিছু কিছু দাম্পত্যে আজীবন

বৈধব্য লেগে থাকে...

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন