কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৪২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৪২

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

কানাডীয় কবি লিলিয়ান অ্যালেনের কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

কানাডীয় কবি লিলিয়ান অ্যালেনের কবিতা

(ভূমিকা ও ভাষান্তর: গৌরাঙ্গ মোহান্ত)

 


কবি পরিচিতিঃ  লিলিয়ান অ্যালেন একজন স্বনামধন্য কবি ও শিক্ষাবিদ; কানাডীয় ডাব কবিতার অন্যতম কণ্ঠ হিসেবে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। টরন্টোর সপ্তম পোয়েট লরিয়েট এবং Ontario College of Art and Design University-র ক্রিয়েটিভ রাইটিং বিভাগের অধ্যাপক হিসেবে তিনি সমকালীন সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করেছেন।

দুবারের Juno Awards বিজয়ী অ্যালেন তাঁর কবিতায় রেগে (Reggae) সংগীতের ছন্দের সঙ্গে শক্তিশালী কাব্যিক ভাষার মিশ্রণ ঘটানোর জন্য পরিচিত। তাঁর বিপ্লবী কাজসমূহ, যেমন Revolutionary Tea Party ও Conditions Critical পাঠকসমাজে আদৃত হয়েছে।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ Rhythm An’ Hardtimes কানাডায় বেস্টসেলার হয়ে কবিতার রূপ ও সম্ভাবনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। পরবর্তী রচনা ও শিশু-কিশোর সাহিত্যে তাঁর অবদান কবিতাকে বিভিন্ন প্রজন্মের কাছে বিস্তৃত ও প্রাসঙ্গিক করে তুলেছে।

জ্যামাইকায় জন্মগ্রহণকারী অ্যালেন আন্তর্জাতিকভাবে সক্রিয় একজন সাংস্কৃতিক আন্দোলনকারী। তিনি টরন্টো ইন্টারন্যাশনাল ডাব পোয়েট্রি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, সমতা ও শিল্পের রূপান্তরক্ষম শক্তির এক দৃঢ় সমর্থক।

 

ভগ্ন

ছেলেটি ফুটপাথে ভেঙে পড়ে আছে

তার নিচে ফুটপাথটিও ভগ্ন

তার রঙ ফিরে এসেছে (কালো নয়)

কারণ তা ধুয়ে মুছে গিয়েছিল —

তার মাসির জন্য উদ্বেগজনক

মাসির জীবন বাঁচাতে একটি পা কেটে ফেলতে হয়েছিল

না, ডায়াবেটিসে নয় তবে উড়ন্ত গোলার টুকরোর জন্য

 

আমরা যা বলতে ভুলে গেছি

যাতে হৃদয় একটু শান্তি পায়

ডায়াপার ছেড়ে হাঁটতে শেখার সময়

শরীর সহজাত শান্তির ভাষা খোঁজে

 

তুমি কী হতে চাও?

সুখী, আমি নিশ্চিত

 

তুমি জিজ্ঞেস করতে পারো;

আমার মাথার ভেতর কার কণ্ঠ

এত সম্পূর্ণ, স্পষ্ট?

বেদনায় ও প্রতিহিংসায় এত পুরোনো ও ভারী

সিসার মতো পথের আড়ালে স্থির হয়ে আছে

শেষকৃত্য পরিচয়ের চিহ্ন

 

ভাষা এখন জমাট প্রতীক

প্রতীকগুলো ঘণ্টার মতো ডাকে

ডাকে বিভেদের দিকে

মুষ্টি, আঘাত ও ভাঙন

গোলার টুকরোর মতো ফুটপাথে ছড়ানো

 

ঝরে পড়ো, ঝরে পড়ো

পৃথিবীর জন্য তুমি কী কামনা কর

তোমার হৃদয়ের জন্য তুমি কী কামনা কর

ফুটপাথে ভগ্ন এক ছেলে

ছেলেটির নিচে ভগ্ন ফুটপাথ

 

শরণার্থী

নিস্তব্ধতা রাতকে দোলায়

স্নায়ু টানটান

ডানে বামে উত্তেজিত,

রাগ আবরণমুক্ত হয়

এক নির্বিকার মুখের আবেদন

সেই সক্ষম কানাডার কাছে

তাকে বাঁচাতে

 

কেউ এল না

অথবা সাহস দেখাল না দেখাশোনার

নিঃসঙ্গ হৃদয়ের

যে রাতভর হাঁটাহাঁটি করত

 

সকাল আলো নিয়ে এল

আরও আতঙ্ক ও ভীতি

শূন্য দিনগুলো

তার সামনে এসে দাঁড়াল

 

সে আলো থেকে পালাল

একটি বারান্দা থেকে ঝাঁপ দিল

নিজের জীবনকে ছুড়ে ফেলল

নিচের পাথুরে পথে

যা তাকে যন্ত্রণা দিত

 

কিছুই মীমাংসিত হয়নি

কয়েকটি সমস্যা মিটেছে মাত্র

দুমাসের ভাড়া শোধ হল

ক্রেডিট কোম্পানিগুলো সম্মত হল

তার অ্যাপার্টমেন্টে এখন একটি সাইনবোর্ড

ভাড়া দেওয়া হবে

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন