ধারাবাহিক উপন্যাস
দ্য ক্লাউড
(২১)
পরদিন সকালে মাঠে কেউ আসে না। উৎপলও না। মজা নদীর জল নিজে নিজেই একটু সরে সরে যায়।
যে শরীরটা ভাসছিল—
তাকে আর দেখা যায় না। কিন্তু তার অনুপস্থিতিই যেন নতুন একটা উপস্থিতি তৈরি করে।
পতাকা আজ যেন অনেক হালকা। নিমচাঁদ
দাগার সুতো নেই। মাঠের কুকুরেরা আজ পতাকাদণ্ডের কাছে আসে না। ওরা দূরে বসে থাকে। যেন
মাটির নিচে কোনো শব্দ চলছে।
উৎপল চিত্রকর শহরের এক ছোট ঘরে
বসে আছে। আজ সে মাঠে যায়নি। তার সামনে ডেটা-ডায়েরি। এটা খাতা নয়, আবার পুরো যন্ত্র-ও
নয়। এতে ছবি জমে, খবর জমে। আর সবচেয়ে বেশি জমে—ফাঁকা জায়গা।
উৎপল সেই ফাঁকা জায়গাগুলোই দেখে।
আজ উৎপল চিত্রকর একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। গতকালের এন্ট্রি বদলে গেছে। ডেটা-ডায়েরি (সিস্টেম আপডেট) নাম: অনির্দিষ্ট। পদবী: IPS অবস্থা: অনুপস্থিত। স্ট্যাটাস: রেকর্ড মুছে ফেলা হয়েছে। উৎপল চমকে ওঠে। সে আবার খোঁজে। মনিরত্না ভরদ্বাজের ফাইল খুলে। সেখানে লেখা— অবস্থা: মৃত। কিন্তু নিচের অংশ ফাঁকা। বাবলুর ফাইল খুলে। সেখানে লেখা— অবস্থা: সাক্ষী, কিন্তু তারিখ নেই। উৎপল বুঝতে পারে— ডেটা ডায়েরি বদলে বদলে যাচ্ছে। যেন কোনো অদৃশ্য হাত ফাইলগুলোকে সরিয়ে দিচ্ছে। এই সময় স্ক্রিনে হঠাৎ নতুন একটা লাইন ওঠে।নতুন এন্ট্রি তৈরি হচ্ছে। নাম: নিমচাঁদ দাগা। অবস্থা: পুনরুদ্ধার। উৎপল স্থির হয়ে যায়।
দাগা তো পতাকা থেকে উধাও হয়ে গেছে।
তাহলে সে এখানে এলো কীভাবে?
স্ক্রিনে ধীরে ধীরে শব্দ ওঠে। এটা
টাইপ করা নয়। যেন কেউ ভিতর থেকে বলছে। দাগা— বলেছিলাম না চিত্রকর, যাকে আঁকা যায় না, সে শুধু
তোমার সঙ্গেই কথা বলে।
উৎপল কিছুক্ষণ কিছু বলে না। তারপর
ধীরে জিজ্ঞেস করে—
— তুমি পতাকা ছেড়ে এলে?
দাগা উত্তর দেয়—
— পতাকা আমাকে ছেড়েছে।
উৎপল বুঝতে পারে না।
— কেন?
দাগা একটু থামে। তারপর বলে—
— কারণ পতাকা এখন ডেটা।
উৎপল চুপ করে থাকে। দাগা আবার বলে—
— আগে কাপড় ছিল। এখন ফাইল। কাপড়ে আত্মা আটকে থাকত।
ফাইলে নাগরিক আটকে থাকে।
উৎপল হঠাৎ বুঝতে পারে, গতকাল যে
IPS অফিসারের শরীরটা জলে ভাসছিল, আজ তার কোনো ফাইল নেই। রাষ্ট্র তাকে মুছে দিয়েছে।
ডেটা ডায়েরিতে হঠাৎ নতুন লাইন আসে।
সিস্টেম সতর্কতা। অস্বাভাবিকতা
সনাক্ত। হারানো নাগরিক সংখ্যা: ১।
উৎপল ধীরে বলে—
— তুমি তাহলে এখন কী?
দাগা উত্তর দেয়—
— আমি ভুল।
উৎপল চমকে ওঠে।
— ভুল?
— হ্যাঁ।
রাষ্ট্র আমাকে মুছতে পারেনি। কারণ
আমি কখনও রেকর্ড ছিলাম না। উৎপল দীর্ঘক্ষণ চুপ থাকে। তারপর ধীরে বলে—
— সেই IPS?
দাগা উত্তর দেয়—
— সে রেকর্ড ছিল। তাই সে মুছে গেছে।
বাইরে তখন সন্ধ্যা নামছে। উৎপল জানালার দিকে তাকায়। দূরে কোথাও জাতীয় পতাকা উড়ছে। কিন্তু আজ প্রথমবার তার মনে হয়, পতাকাটা কাপড় নয়। একটা সার্ভার। যেখানে নাগরিকেরা ফাইল হয়ে থাকে। আর মাঝে মাঝে কেউ কেউ মুছে যায়। ডেটা-ডায়েরিতে শেষ লাইন ওঠে— ফাইল নোট
মৃত নাগরিক: ৩
১. মনিরত্না ভরদ্বাজ
২. অনির্দিষ্ট IPS
৩. নিমচাঁদ দাগা (অস্বীকৃত)
স্ট্যাটাস:
ডেটা অস্থিতিশীল।
উৎপল খাতা বন্ধ করে। আজ সে প্রথমবার
ভয় পায়। কারণ সে বুঝতে পারে— এখনো একটা ফাইল বাকি আছে। তার নিজের।
(ক্রমশঃ)

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন