![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৪৭ |
দশ তারিখ
কুকুরের চোখ আর ঝিমানো ঘরবাড়ি। আর শুয়ে শুয়ে টিনের তলোয়ারের ঝটিকা সফর। চোখ আজ শিব গাজনের মেলা থেকে দূরে দূরে দেবতার সূত্রের হিসাবের খাতায় নিজেকে ঢেলে দিয়েছে। ঘাম আর তীব্র শিরোনামে কুঁকড়ে উঠেছিল তৈলচিত্র। উদ্ভট স্লোগান, চলো ওভেনের ভেতর মাথা দেই। সিলভিয়া প্লাথ দিয়েছিল। আত্মহননের দারুণ টেকনিক।
অভিশপ্ত জীবনের মতো বুকে জোরে চাপ
দিয়ে মাটিতে বসে ফ্যাসিস্ট শব্দ উচ্চারণ। নিউজপেপারে লেখা হয় ঘামের গন্ধ। সব বুজরুকি।
সব ঠিক আছে। পুতুলের নাচের মঞ্চে
আটপৌরে জীবনের ঝুকে দেখা। খোসানো পেটে হাত বুলিয়ে, আহা তোর ঠৌঁটের ভেতর মরতে চাই লক্ষবার।
ঘুমনোর চেষ্টা অথবা এমনভাবে ঘুমের ভান বাজপাখির ঠোঁটের খাদ্য হেপাটিক সেল।
হঠাৎ চোখের সামনে ভেসে আসে একটা বিজ্ঞাপন।
মৃত্যুর জন্য ভাড়া দেওয়া হয় একটা
দোকান।
তারিখ : প্রতি মাসের দশ।
স্থান : দক্ষিণ ফিংড়ি শ্মশানের
পশ্চিম পাশে। ভাড়া নেওয়ার জন্য আগাম বুকিং করুন।
যোগাযোগের মোবাইল নম্বর : ০১৭.......৪
চক্ষু ছুইয়া কথা দিলাম সুবর্ণরেখায় ছবির মতোন ঝাপসা বাতাসে কুমারীর লজ্জা ভেঙেছে সেই কবে। সুখে পোড়ে খোলাচুল আর স্তনের বোঁটা। সেজানের প্রিয় রঙ নীল।
আর আমার? নীল।
যন্ত্রণায় ডুবে যেতে যেতে হলুদ
খাম গোলাপীতে টার্ন করে। টেক্সট আছে হয়তো বা। অ্যান্টি টেক্সট নন্দিনীর রাজার কারখানায় কাজ করলে স্বাধীন আর ফ্রিডম
বহুত দূরের বিষয়। যৌন তৃষ্ণার রূপ দিয়ে কাগজে আড়াআড়ি দাগ।
নোট বইতে লেখা, মৃত্যুর জন্য প্রতি মাসের দশ তারিখ ভাড়া দেওয়া হয় এই দোকান। জুয়ার টেবিলে দুজন মানুষ দুজন ছায়া হয়। আজ আট তারিখ। তাহলে আর মাত্র দুদিন হাতে আছে। দুই দিনে আত্মহননের প্ল্যান। প্ল্যান এ, বি, সি। কাগজে আবারও আড়াআড়ি দাগ।
সেই পাখিটি নাচে। সেই পাখিটি আছে। সেই পাখিটি নেই। আজ তাহলে মোমবাতির কাছে আলো ধার করি। দু দিনের জন্য আলো চাই। আলো… প্ল্যান এ, বি, সি...

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন