ধারাবাহিক উপন্যাস
ছেঁড়া শেকড়ের অন্তরাখ্যান
(২০)
যাইহোক একধরনের স্থিতাবস্থায় গড়াচ্ছে দিনকাল। অনেক কিছু না থাকলেও অনেক কিছু নিজেদের লড়াইতে আদায় করে নেওয়া গেছে। এরাজ্যে, এশহরে অজস্র মানুষ এখনো বাঁচছে ছোটছোট আশা নিয়ে, আরো একটু ভালো বাঁচার, আরো একটু দিন-বদলানোর স্বপ্ন নিয়ে। স্বপ্ন দেখছে পরের প্রজন্মের হাতে সুস্থ সুন্দর কর্মময় জীবনের ব্যাটন তুলে দেওয়ার। তবু ঝড়ের শব্দ থেমে থাকে কই? দেশের পশ্চিমপ্রান্তে কাঁটাতারের বেড়া-গাঁথার অনতিকাল পরেই ফিরে এসছে স্থিতাবস্থা। তেমনটা এখানে হল কই? তবু সরকারি উদ্যোগে শিল্পের পালে খানিক হাওয়া লেগেছে, কাজ পাচ্ছে মানুষজন। রবিবারের ছুটি ছিল দিবাকরের। রান্নাঘরের একপাশে পিঁড়ি পেতে পুত্রসহ সকালের জলখাবারে বসেছিলেন কালীকিঙ্কর। লুচি ভাজছিলেন কনকপ্রভা, যত্ন করে বেলে দিচ্ছিল অমলা। অগ্রহায়ণ মাস পড়তে দিনদুই বাকি। বাতাস এখন একটু শুকনো, একটু ভারী, শিরশির করে ঠাণ্ডাজল গায়ে ঢাললে। লুচির সঙ্গে গোল-গোল বেগুনভাজা, নুন-হলুদের সঙ্গে ক-দানা চিনিও মেখে রাখেন কনকপ্রভা, তাতে স্বাদ খোলে। গতকাল সকালে পায়েস বানিয়েছিলেন কনকপ্রভা, ঘন ক্ষীরের মতো দুধের পায়েস। ঘী আর এলাচের মৃদু গন্ধ। গতকাল দিবাকরের জন্মদিন ছিল। তার অফিস যেতে হয়েছিল বলে পালন করা যায়নি। সকালের কাজকর্ম সেরে উপোস-থাকা শাশুড়ি ও বউমা মিলে ঠনঠনিয়া কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মন্দির খুব কাছে নয়, আবার বিশেষ দূরেও নয়। অমলা হেঁটে যেতে পারত। কনকপ্রভা সঙ্গে ছিলেন তাই রিক্সা নিতে হয়েছিল। ট্রামে-বাসে উঠতে কনকপ্রভা একেবারেই ভরসা পান না। এখানের কালী ভারী জাগ্রত বলে প্রচারিত। বিশেষ বিশেষ তিথিতে প্রচুর লোকসমাগম হয়। শনিবার বলে ভীড় ছিল যথেষ্ট, তবে তাঁরা ভালো করে পুজো দিতে পেরেছেন, এতেই কনকপ্রভা তৃপ্ত। কলকাতায় আসার পর কালীঘাটের কালীমন্দিরে মাত্র বারদুই গেছেন। ভারী ভালো লেগেছে তাঁর যদিও দূরত্বের কারণে বারবার যাওয়া হয়না। ওদেশে থাকতে রমনা কালীমন্দির দেখেছেন। তবে তিনি সত্যি ভালোবাসতেন নিজের পুজোর ঘরটিকে। বেশ বড় ঘরখানা চমৎকার সাজিয়ে রাখতেন, দু-তিনবছর পরপর চূনকাম করিয়ে কলি ফেরাতেন। এই ভাড়া বাসায় নিজেদের ঘরের এককোণে ঠাকুরের সিংহাসন – তাঁর মন ওঠেনা। স্মৃতিগুলো ভেসে এলে বুকের ভেতরে জ্বলতে থাকে। ইদানীং ওপারের দেশের যা খবর আসে, মনের মধ্যে পোড়া ছাইয়ের মতো যন্ত্রণার স্তর জমা হয়। ভেবে পান না, এতবছর পাশাপাশি সুখে-দুঃখে একসঙ্গে থাকা প্রতিবেশীরা কেন এমন নৃশংস হয়ে উঠল! ছেলের নামে পুজো দিতে গিয়ে চোখে জল এসে পড়েছিল। প্রার্থনা করেছেন, “পোলার মতি স্থির রাইখ্য মা, সংসারি হৌক, উপার্জন বাড়ুক, বংশধর আসুক!”
শেষ প্রার্থনাটির সময় আড়চোখে পুত্রবধূর দিকে তাকিয়েছিলেন। ইতিমধ্যে বারকয়েক আভাসে-ইঙ্গিতে তার সমীপে মোটামুটি স্পষ্ট করেছেন নিজের মনোবাসনা। কিন্তু সে মেয়ে একেবারে লজ্জাবতী পাতার মতো গুটিয়ে রেখে দেয় নিজেকে। এই শান্ত, হাসিমুখ মেয়েটির মনের তল তিনি পান না। কনকপ্রভার রাগ হয়েছে স্বামীর ওপরে—কী দরকার ছিল বি-টি কলেজে ভর্তি করার? বউয়ের চাকরির কী দরকার? তাঁর মেয়েরা কেউ চাকরি করেনা, তাতে কি তাদের জীবন বন্ধ হয়ে গেছে? অবশ্য মেয়েদের শিক্ষার জন্য তেমন চেষ্টা করেন নি তাঁরা। করলে হয়ত ভালো হত। মাথা ঠাণ্ডা হলে ভাবেন, “আ-হা, বউমা-র বাপে মাস্টার আছিল। মাইয়ার পড়তে মন অইলে পড়ুক গিয়া। আইজকাল কত বউ-মাইনষে কাম করতে বাইরায়।” ঘুরিয়ে একথাও বলেছেন, “পোলাপানরে আমাগ জিম্মায় থুইয়া বাইরইবা—আমরা বুড়াবুড়ি মরি নাই ত।” অমলা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মুখ লুকিয়ে হেসেছে। তার এড়িয়ে যাওয়াতে কনকপ্রভার ব্যক্তিত্বের কোথাও যেন ছোট্ট সর পড়েছে।
গাঢ়নীল ধনেখালি শাড়িটার আঁচল মাথায় টেনে দিবাকর আর কালীকিঙ্করের সামনে পায়েসের কাঁসার বাটি এগিয়ে দিল অমলা। গতবছর দুর্গাপুজোতে শাড়িটা তার ছোটদিদি রমলা পাঠিয়েছিল। জমিটা বেশ খাপি, গরমকালে পড়া যায়না। রঙটা চমৎকার মানায় তাকে, সে নিজে তেমন জানত না। দিবাকর নিভৃত ঘনিষ্ঠ মুহূর্তে তাকে বলেছিল। সে ঘোমটার ফাঁক দিয়ে অপাঙ্গে দিবাকরের দিকে চোখ ফেলল। দিবাকর দেখল না, তার চোখ দৈনিক সংবাদ পত্রিকায় ন্যস্ত। কালীকিঙ্করকে উদ্দেশ্য করে বলল, “বাবা, কাগজখান দ্যাখছ?”
“হ।” বললেন কালীকিঙ্কর। খেতে বসলে তিনি কথা বলেন না। অন্য কেউ বললে শোনেন, জবাব দেন না। দিবাকর শান্তভাবে বলল, “তিব্বতের ঝামেলায় ভারত জড়াইয়া পড়তাছে। কাজটা কি ঠিক হচ্ছে? এরপর চীন যদি অ্যাটাক করে—তখন?”
কালীকিঙ্করের খাওয়া হয়ে গিয়েছিল। বাটিতে একটু জল ঢেলে হাতের আঙুল ধুয়ে মুখ মুছলেন। উদাসীনভাবে বললেন, “তয় তুমি কী করতা বাবা? সাধারণ মাইনষেই বা কী করত? সরকারের পররাষ্ট্রনীতি সরকার বুইজ্যা লউক। স্বাধীন দ্যাশ খারাইছে পনর বচ্ছরও অয় নাই – অহন না বুইজ্যা কাম করলে সরকার বিপদে পড়ব!”
কালীকিঙ্কর উঠে গেলেও দিবাকর কাগজমুখে বসে রইল। কনকপ্রভা অমলাকে খাবার বেড়ে দিলেন, নিজেও নিয়ে বসলেন। পুত্রকে বললেন, “শুনছস সোদপুর না কী জাগা, ওইখেনে জমি লইয়া নিজেগ একখানা বাসা করন যায়না? ভাড়ার বাসাত আর কয়বচ্ছর থাকুম?”
দিবাকর খুঁটিয়ে কাগজ পড়ছিল, মা-র কথার জবাব দিল না। উনি আবার ডাকলেন, “অ-দিবু, আমার পিসাত বইন, তর লীলামাসিমা—সোদপুরে নিজেগ বাসা করছে। তাইনের পোলারা কাপড়ের মিলে কাম করে। যাইতে লেখছে আমারে।”
দিবাকর এবার শুনল, হেসে মজার গলায় বলল, “তাইত ভাবতাছি! সোদপুর তুমি কার থে’ শোনলা?”
সে উঠে হাত ধুতে গেল। রাজনীতি-সচেতন মন তার, যতই সংসারে আটকে নেওয়ার চেষ্টা করুক, মন ঘুরে-ফিরে ওদিকে চলে যায়। কারখানাতেও অবসর সময়ে এই আলোচনা চলতে থাকে। তার কম্পানি কর্মচারীদের থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করেছে। ছোটো হলেও সুন্দর, ছিমছাম টাউনশিপ। সেখানে চলে গেলে নিত্যদিনের প্যাসেঞ্জারির পরিশ্রম লাঘব হবে। কিন্তু তার বাবা-মা কী করবেন? দু-জনেই স্বাধীনচেতা ও ব্যক্তিত্বসম্পন্ন। কালীকিঙ্কর বিগত বছরগুলোতে বারদুই বাসা বদলে আপাতত মোটামুটি থিতু। পরিচিতি ভালোই হয়েছে, নিজস্ব উপার্জনও আছে। এসব ছেড়ে দিয়ে তার সঙ্গে যেতে চাইবেন কিনা দিবাকর জানেনা। অমলার ক্লাস আরম্ভ হয়ে গেছে। এখন তার পড়া বন্ধ করানোর অর্থ হয়না। সে অবশ্য পাশ করে বেরোলে ওখানে কম্পানির স্কুলে চাকরি পেতে সুবিধা হবে। তাকে ওখানে যাওয়ার কথা বললে সে পড়া ছেড়ে যেতেও সানন্দে রাজি হবে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কালীকিঙ্কর-কনকপ্রভা কি তাকে যেতে দিতে চাইবেন? মাথায় একরাশ এলোমেলো চিন্তা নিয়ে সে অমলাকে বলল, “আমি বেরালাম।”
এখানে বারোয়ারি দরজা, ভেজানোই থাকে। তবু অমলা পেছন-পেছন এগিয়ে এল। দরজায় পৌঁছে বলল, “তাড়াতাড়ি করে ফিরবে। ঠাকুরঝি, ঠাকুরজামাই দুপুরবেলা আসবে।”
দিবাকর চমকিত হল, বিরক্ত হয়ে বলল, “কিসের জন্য?”
“তোমার জন্মতিথি—মা নেমন্তন্ন করেছেন।”
“ওঃ, মা-র আর কোনো কাজ নাই নাকি?”
অমলা নীচু গলায় সন্তর্পনে বলল, “তোমাকে একটা-দুইটা কথা জানাতাম—, পরে বলব। অখন আসো গিয়া। তাড়াতাড়ি আসবে।”
সুলেখারা এলে অমলা সিঁটিয়ে থাকে। অথচ তাদের আসা-যাওয়া লেগে থাকে। একে তো সম্পর্কে ছোটো ননদ হলেও অমলার চেয়ে সে অনেকটা বড়ো, দিবাকরের প্রায় পিঠোপিঠি। তার ওপরে সংসারে অসুখী। মানুষ মন্দ নয় কিন্তু নানা অশান্তিতে সুন্দর মুখখানা বিরক্ত, বিমর্ষ হয়ে থাকে। তিন ছেলের ছোটোটির বছর পাঁচেক, অমলার খুব নেওটা হয়ে উঠেছে। এবাড়িতে এসে অমলার ঘরে ঢুকে খাটে উঠে বসে পড়ে। প্রথম-প্রথম জুতোসমেত বসত, তখন বেশীরভাগ সময়ে অবশ্য সে কোলে চড়ে আসত। পরে খুব সাবধানে অমলা তাকে শিখিয়েছে, জুতো পরে বিছানায় বসতে হয়না। প্রথম প্রথম সে নিজে জুতো খুলে ঘরের দোরে রেখে দিত। ইদানীং বাচ্চাটি খুলে দাওয়ায় রেখে চৌবাচ্চা থেকে দু-মগ জল পায়ে ঢেলে এসে বসে। অমলা যত্ন করে তার পা মুছিয়ে দেয়। কেমন কোমল মায়া জন্মেছে বালকের প্রতি। তার ছোটদিদির ছেলেরও এরকম বয়স, হয়ত একটু বড় হবে। তার সঙ্গে যোগাযোগ এখন আর কতটুকু! চিঠিতে তার খবর পায় কেবল।
কতগুলো নোংরা, অপ্রীতিকর বিষয় দিবাকরকে জানাবে ভেবেও অমলা বলতে পারছে না, ভীষণ সঙ্কোচ হয়েছে। দিবাকর যদি তাকেই দোষী ভেবে বসে? শাশুড়িকে বলার প্রশ্ন ওঠেনা। যদিও ছোটোজামাই শৈলেনকে তিনি পছন্দ করেন না এবং ভালোই বোঝেন পাত্র-নির্বাচনের ক্ষেত্রে তাঁদেরই ভুল ছিল, তবু জামাই বলে কথা। তাকে কিছু বলার অর্থ সুলেখাকে কষ্ট দেওয়া। সুলেখাকে দু-একবার একলা এসে কান্নাকাটি করতে দেখেছে অমলা, “কী বিয়া দিছিলা মা, আমি আর পারতাছি না।” অমলা কোনোদিন এসব নিয়ে দিবাকরকে প্রশ্ন করেনি। সে বাড়িতে কতক্ষণই বা থাকে? ছুটির দিনে নিজের বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে যায়। বইপত্র আনে, পড়াশোনা করে। বিয়ের পর থেকে ছোটো নন্দাই শৈলেনের চোখ ও চোরা চাউনিতে অমলা অস্বস্তিতে পড়েছে। ক্রমশঃ লোকটার সাহস বেড়েছে। বিনা কারণে সে অমলার হাত ছুঁয়ে দিয়েছে। অমলা ঘাবড়ে গিয়ে সরে গেলে অদ্ভুত দৃষ্টিতে হেসেছে। একদিন বলল, “কাপড়খান এইরম প্যাচাইয়া পরেন, শালাবাবু সরাইতে-টরাইতে পারেনি?” অমলা সেদিন কেঁপে উঠেছিল, চলকে পড়েছিল হাতের চা। শৈলেন তার আঙুল ছুঁয়ে কাপটা নিয়েছিল, “আরে কী হল বউদিদি? মাথা ঘুরাল দিছে?”
পারতপক্ষে অমলা সামনে আসতে চায়না। ঠাট্টা তামাশার সম্পর্ক, কতদিন সুলেখার সামনেও জামাই বলে, “শালাবাবুর কপাল সাচ্চা কপাল। আমার কপালে জোটে নাই! তা কয়দিন আমাদের লগে থাকেন এসে, সেবা করি?” সুলেখার মুখ পাংশু হয়ে উঠেছে, ভয়ে-লজ্জায় অমলা ঘরের বাইরে চলে গেছে। কিছুদিন আগে এবাড়িতে এসে খেয়ে হাত ধুয়ে অমলার আঁচল টেনে হাত মুছতে গিয়েছিল, “আচাইয়া এসছি, মুছে নেই।”
অমলা একটানে কাপড় সরিয়ে নিয়েছিল। তখন শৈলেন নির্লজ্জভাবে বলেছিল, “একদিন না একদিন খাবই চর্ব-চোষ্য-লেহ্য—!”
সেদিন অমলা ভেবেছিল দিবাকরকে সমস্ত বিষয় জানাবে। কিন্তু সঙ্কোচে মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি। শৈলেন হঠাৎ হঠাৎ একা চলে আসা আরম্ভ করেছে। ক-দিন আগে সন্ধেবেলা যখন এল, অমলা পেছন ফিরে নিজের ঘরে বিছানা গোছাচ্ছিল। একহাত দিয়ে অমলার গাল ঘষে দিচ্ছিল, অন্য হাতের পাতা পিঠ বেয়ে নীচের দিকে নামছিল, “এমন ডাঁসা শরীর, শালাবাবু—রোগা মাইনষে কী খাতিরযত্ন পারে, বলো?”
অমলার সহ্যের সীমা ছাড়িয়েছিল সেদিন। এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে শৈলেনের হাত ছুড়ে বলেছিল, “আপনে হুট্ করে আমার ঘরে যে আসছেন? আমারে জিগ্যেস করছিলেন?”
নির্লজ্জের মতো হাসছিল শৈলেন, “দিদিমুনিগ মতন কথা বলেন দেখি! ভ্যাগরা প্যাচাল না পেড়ে যান ত, গিয়ে এককাপ কড়া চা বানাইয়া আনেন। আমি বসলাম—।”
টান করে পাতা বিছানাটার ওপর পা তুলে আরাম করে বসেছিল শৈলেন। অমলা রাগ দেখাতে শেখেনি। ফোঁস-ফোঁস করতে করতে একদৌড়ে বাথরুমে গিয়ে ঢুকেছিল। খানিকক্ষণ কেঁদে মাথায়, মুখে জল দিয়ে ভিজিয়ে বেরিয়ে সোজা রান্নাঘরে গিয়েছিল। কনকপ্রভা তখন নিজের ঘরে সন্ধে দিয়ে জপে বসেছেন, কালীকিঙ্কর বেরিয়েছেন তাঁর ডিসপেন্সারিতে। দিবাকরের ফিরতে দেরি আছে। রান্নাঘরের দরজার সামনে সে চুপ করে দাঁড়িয়েছিল। রাতের রান্না করতে পারবে না, তার মাসিক চলছে—শাশুড়ি ছুঁতে দেবেন না। ছোট্ট পাম্পস্টোভ বাইরের দিকে রাখা। সেখানে চা করে নেওয়া যায়। অমলা দরজায় ঠেসান দিয়ে কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে ভাবছিল, চা করবে, না করবে না? ভাবছিল, এখানে আসার সাহস কি লোকটার হবে? একটু পরে কনকপ্রভা এলেন। তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, “কী অইছে বৌমা? এই সন্ধাকালে মাথায় জল দিয়া আসছ? দেইখ্য আবার জ্বর-জারি না বাধে।”
অমলা স্তব্ধ হয়ে আছে দেখে স্নেহভরে বললেন, “ডর লাগতাছে? নাকি শরীলডা ভালা নাই?”
অমলা অতিকষ্টে কান্না আটকে মুখ বন্ধ রেখেছিল। অদূরে দেখল শৈলেন আসছে। কনকপ্রভাকে দেখে সুর পালটাল, “আপনেরে খুজতাছি মা, ঠাকুরঘরে একবার ঝুকি দিয়া আসলাম। আপনে নাই!”
“তুমি কখন আইলা? একা আইছ?” কনকপ্রভা তিক্তভাবে বললেন। অমলা মাথা নীচু করে নিজের পায়ের আঙুলের দিকে তাকিয়েছিল। শৈলেন অত্যন্ত ভদ্রগলায় বলল, “বউদিদি, গলা শুকিয়ে গেছে। এককাপ চা খাওয়াইবেন?”
অমলা উত্তর দিল না। বুদ্ধিমতী কনকপ্রভা আঁচ করেছিলেন সম্ভবত গোলমেলে কিছু ঘটেছে। জামাতাকে আদেশ করলেন, “যাও বারান্দার চেয়ারে গিয়া বস। আমি চা দিতাছি। বউমা ভিজ্যা গেছ গা। ঘরে গিয়া কাপড়খান ছাইরা দরজা দিয়া বিশ্রাম কর।”
অমলা নতমস্তকে নির্দেশ পালন করেছিল এবং সেদিনও দিবাকরকে মুখ ফুটে বলতে পারেনি।
(ক্রমশ)

এই লেখাটা পড়ার জন্য মাসের শুরু থেকেই উৎসুক হয়ে থাকি । একটা নতুন সমস্যা দেখা
উত্তরমুছুনদিয়েছে দেখা যাক্ কোথাকার জল কোথায় গড়ায়
ধন্যবাদ পাঠককে
মুছুন