![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৫৩ |
এক টুকরো কাগজ
কোম্পানীর বিক্রি বাড়াতে কী কী করা দরকার তাই নিয়ে মিটিং ডেকেছেন এমডি সাহেব। স্থান: শহরের বাইরে নামকরা রিসর্ট। কাল: সকাল দশটা থেকে বিকেল পাঁচটা। পাত্র: জনা পনেরো “নীল চোখ” মানে ইংরেজিতে ব্লু-আইড অফিসারেরা।
রিচা বাসু, সাতাশ। বছর দুয়েকেই বেশ নাম করে ফেলেছে। ঝকঝকে চেহারা আর বলতে পারে ভালো। সৈকত, তিরিশ। অন্য শাখা থেকে নতুন এসেছে। রিচার মন টেনেছে সৈকত, তবে দুজনের মনেই দ্বিধা। এরা কড়কড়ে আধুনিক হলেও প্রেমের মনস্তত্ব বিশেষ পাল্টায়নি আজও। দুজনেই ভাবে – “সে কি মোর তরে পথ চাহে, বিরহ গীত গাহে…” কিংবা “যদি আরো কারে ভালোবাসো…”
সীমেশ রায় আর প্রত্যুষ মিশ্র। চল্লিশোর্ধ, দুজনেই ডিরেক্টর হবার যোগ্য। এরা ভাবছে মিটিং এর পরেই বোঝা যাবে কার ভাগ্যে শিকে ছিঁড়বে। এদের রেষারেষি গোপন নয়, কিন্তু ডেপুটি এমডি শ্রীবাস নায়ার যে তলেতলে এমডিকে হটাবার চেষ্টায় আছে তা কেউ জানে না।
শ্রীবাসই মিটিং শুরু করলেন। এমডি আসবেন দু-ঘণ্টা পরে।
মাঘ হলেও শীত আর নেই। আসন্ন ফাল্গুনের তাপ নিয়ে মাঝেমাঝে হাওয়া উঠছে। সকলে দোতলার কনফারেন্স রুমে। কাচের জানালা দিয়ে নিখুঁত করে ছাঁটা ঘাসের লন দেখা যাচ্ছে।
প্রথমে চোখে পড়ল রিচার। কোম্পানীর প্যাড থেকে ছেঁড়া মোচড়ানো একটা কাগজ বাতাসে ভেসে এসে করবী গাছটার নিচে আটকে আছে। মিটিঙের আগে ওখানেই সকলে চা আর স্ন্যাকস খেয়েছে। সৈকত ওদিকে বসেছে বলে দেখতে পাচ্ছে না।
রিচার মন আলোচনা থেকে সরে গেল। টেক্সট করলে জিনিসটা ফোনে থেকে যায় তাই আজকাল আবার কাগজ-পেনসিলের পুরনো খেলা ফিরে এসেছে। সৈকত কি লিখে কিছু জানাতে চাইছিল?
প্রত্যুষ মিশ্র ছিলেন জানালার ধারে। আলোচনায় মন নেই। কোম্পানীর প্যাডে শ্রীবাস সকালে কীসব লিখছিল। কার নাম? বুড়ো যার নাম দেবে ডিরেক্টর সে-ই হবে… কাগজটা পড়ে গেছে কি? কাগজটা দেখে শ্রীবাসও তাইই ভাবছেন। সকালে এমডি ব্যাটার বিরুদ্ধে কটা পয়েণ্ট লিখছিলেন কোম্পানী সেক্রেটারির কাছে চুকলির জন্য। সে কাগজটা নয় তো – কেউ দেখলে সর্বনাশ!
মুশকিল হয়েছে নবীনের। চা-বিস্কুট দেয়, ফাই-ফরমাশ খাটে। বৌ আর চার বছরের ছেলে পানুকে নিয়ে পেছনের ঘরে থাকে। প্যাড-কলম তার ঘরেই রাখা ছিল কাল থেকে। পানু একটা কাগজ ছিঁড়ে উড়োজাহাজ বানাচ্ছিল, মা দেখতে পেয়ে কেড়ে নিয়ে ফেলে দেয়। হাওয়ায় উড়ে সেটা চলে গেছে মাঠে।
রিচা, প্রত্যুষ, শ্রীবাস এক এক করে বেরিয়ে নবীনকে বলে গেছে কাগজটা যেন তাকেই আলাদা করে দেওয়া হয়। আড়ালে। কেউ যেন না দেখে।
নবীন পড়েছে মুশকিলে। সে জানে না এদের কার কত শক্তি, কাকে দেওয়া ঠিক হবে। রিপোর্ট হলে চাকরির টানাটানি। এসব পানুর জন্যই - হতচ্ছাড়াটাকে আজ দু-ঘা দেবেই…
পানুর আর কী দোষ! উড়োজাহাজটা বানাবার আগেই উড়ে গেল যে! সে তো খেলছিল। কাগজটা না দেখতে পেয়ে যারা ছটফট করছে তারাও তো খেলছে – বড় বলে তাদের খেলার ধরনটা অন্য, এই যা।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন