কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

স্বপন ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৬৩

 

 

ঘোড়া ও মানুষ

 

ঘোড়া তখন ছিল লাল, নীল অথবা সবুজ

অস্ত্র বলতে বন্দুক নয়, তীর ও ধনুক

সিঁড়ির কাজ ছিল সরাসরি চাঁদে পৌঁছে দেওয়া

আর চলা বলতে ছিল ভুবনডাঙা মাঠের ওপার।

 

এখন কাকাতুয়াও ফ্লুরোসেন্ট আর চাল সোনালী

কল্পনা যেখানে যেতে ভয় পায়

ঘুমও যেখানে রবাহুত অতিথির মত দিশাহীন।

সেখানে দাঁড়িয়ে আমি একটা বেতো ঘোড়া খুঁজে বেড়াচ্ছি

আমার কোন উত্তরাধিকার রইল না আর, তারও-

 

আমি একদিন আকাশে পাখির মত উড়বো

পিঠে বেতো ওই ঘোড়াই সওয়ার।

 

লঘুজল

 

নদীর গভীরে বয় আরো এক নদী

তার কাছে হেফাজত কবজি করোটি

ইরাবতী শুশুকের চেনা সেই নদে

অগভীর জল আর সামান্য নিবৃত্তি

 

নদীটির তীর ধরে তবু ছুটে চলে

পলি-কাদা-উদাসীন কাশের বাগান

হাইওয়ে বরাবর প্রসারিত হতে হতে

জলও ক্লান্ত আর সবুজ ক্ষীণপ্রায়

 

ভেবে দ্যাখো, নদীর গহীনে আজও

জল যত বহে চলে কেন্দ্রাতিগ টানে

সাগর কখনো তারা চিনে উঠবে না

লঘুজল লীন হবে অন্বয়রহিত অবসাদে

 

বেহদিশ জনপদে ধারাটিকে খুঁজি আমি

কাশের গুচ্ছ দেখে দুরের আকাশ বলে ভ্রম হয়

 

রক্ত ও  রোদ

 

তোমার নজর বড় বেয়াদব

তোমার চোখের মণি ইতিউতি ঘোরে

তোমার বিজ্ঞান কিছু নীতিহীন ঠেকে

রক্ত শীতল ও স্থির

শুধু তালু নিশপিশ করে

 

এবার তো উঠে পড়

বেলা হল ঢের শীতের রোদ

এরিয়া মার্ক করে নিঃসঙ্গ ফিরে যায় রোজ

কখনো তো তার সাথে চলে যেতে পারো

যে সব দেওয়াল সারাদিন উষ্ণতা খুঁজে

উলের নকশা বোনে টুপি বা জামায়

তাদের একবার গিয়ে দেখে আসতে পারো

 

 

 

 

 

 

 

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন