কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জয়িতা ভট্টাচার্য

 

বর্ণমালার সাতকাহন

 


(পর্ব ৪৪)  

সাদা কালো

মায়ের সঙ্গে খুব শৈশব থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। যে দূরত্ব আমার মানসিক গঠনকে অনেকটাই প্রভাবিত করেছে অনেক বছর পর একসময় বুঝেছি। অনেক পরে টের পেয়েছি মা পুত্র চেয়েছিলেন। শুধু মা নয় পরিবারের অনেকের এটা প্রত্যাশা ছিলো। আমাদের পরিবারে আমরা সবাই বোন ছিলাম। কাকা জ্যেঠা সকলের মেয়ে। আবার তার আগের প্রজন্মে আমাদের বাবা কাকাদের কোনও বোন ছিলো না। আমার দিদিমার ছেলে আশা ছিলো। আমার মা একমাত্র মেয়ে। যখন আমার ভাই হবে তখন আমি সবে শৈশব আর কৈশোরের চৌকাঠ। সেই সময় জ্ঞান হওয়া ইস্তক যে দুই বাড়ির এবং মা বাবার সমস্ত আদরের সার্চলাইট আমার ওপর ছিল হঠাত তা স্থানান্তর হয়ে অনাগত কৃষ্ণর আবাহনে সরে গেলো। শিশু মন এর মানে বোঝেনি। এরপর সকলের মনস্কামনা পূর্ণ হতে পরিবারের সবাই তাকে ঘিরেই ব্যস্ত হয়ে পড়লেন। মা যাকে একটু সময় কোলের কাছে যাবার রোজ ইচ্ছে হতো তা পেলাম না। মা স্ত্রী প্রেমিকা সন্তান সকলেরই একটা পজেসিভনেস থাকে। বিশেষত বয়সন্ধির কালে যখন নানা হরমন কাণ্ডকারখানা শুরু করছে। সেই সময় মনে পড়ে বছরের পর বছর একা একা দিনভর বাগানে ঘুরে বেড়ানো। দুটি পেয়ারা গাছ পাতা বাহার টগর। কখনও সাপ কখনও প্রজাপতি কখনও পাশের পুকুরে মাছের ডুবকি। একেকটা দিন হয়ত চারটে বাক্য বিনিময়। কী অপরিসীম জীবনের প্রথম সেই লোনলিনেস। যে শিশুটি মা ছাড়া জানত না কিছু সে কী পড়বে এবং পরবে কী খাবে সব মা। কিন্তু বয়সন্ধিকালে যখন মা হয়ে ওঠে বন্ধু সেই সময়টা মিস করেছি মা’কে। মা’কে অনেক কথা বলতে চাইতাম, কিন্তু খাওয়া পরা লেখাপড়া সংক্রান্ত অঢেল প্যাম্পারিং থাকলেও একজন সদ্য নতুন বয়স পর্বে র চৌকাঠ ছোঁয়া মেয়ের মনস্তাত্বিক জায়গাটা ঘা খেলো। ক্রমশ একটা কল্পনার জগতে ঝাঁপ দিলাম। সেই কল্পনার জগতটাই আসল আর বাস্তবটা স্বল্পকালীন নিদ্রাভঙ্গের মতো বিরক্তিকর হয়ে উঠেছিল। মা তাঁর সমস্ত সময়  এবং মনোযোগ নিবেশ করলেন ছেলেতে। শিশুকন্যার বুক গলা মাথা ভরে গেল অভিমানে। মা আর ভালোবাসে না আমায়। এই ভ্রম অতি অপ্রাপ্তবয়সের অভিমান যা সংশোধন করে দেয়া জরুরি ছিল। মেয়ের মনকে মায়ের ছুঁতে পারা আবশ্যক তবে তা কমই হয় দুপক্ষের সদিচ্ছা সত্বেও তা পরবর্তীকালে দেখেছি। কিন্তু বয়সন্ধিকালে মা ও মেয়ের মধ্যে মানসিক দূরত্ব গোটা জীবনকে এলোমেলো করে দিতে পারে। মা আমার মননশীল সেই মাকে দেখেছি পুত্র জন্মের পূর্ববর্তী সময় থেকে অদ্ভুত বৈপরিত্য। শুনতাম এই যে পুত্র আসছে সে ভগবানের দূত। আরও অনেক অলৌকিক ভক্তিরসের ঘটনা বা কল্পনার বিস্ফোরণ যেখানে সঙ্গত করেছেন আমার গোলপার্ক রামকৃষ্ণ মিশন যাওয়া লেখিকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভা বসুর বান্ধবী আমার দিদিমা। সারাজীবন এই মানুষ চরিত্রের বৈপরিত্য আমি দেখেছি ঘরে বাইরে। বিস্ময় বিমুঢ় হয়ে গেছি। আমার বাবাকে কখনও দেখি এসবে অংশগ্রহণ করতে অথবা প্রতিবাদ করতে। তিনি শান্তিপ্রিয় ছিলেন। মা তেজস্বিনী এবং মা বাবার একমাত্র সন্তান হওয়ায় জেদি এবং প্রখর। ছিল দাদামশাই ও দিদিমার সর্বতো প্রশ্রয় এবং আগলে রাখা আমরা ভাইবোন জন্মের পরেও। একটি মানুষের মানসিক ও চারিত্রিক গঠন অনেকটাই নির্ভর করে বাড়ির পরিবেশের ওপর। শ্রী সারদা মা বলতেন দোষ দেখবে নিজের। এই উপদেশ অবলম্বনে জ্ঞান হওয়া ইস্তক শুনে বড় হয়েছি দোষ আমার। যে কোনও ঘটনাতেই মা আমাকেই দোষী সাব্যস্ত  করতেন যে কোনও সিদ্ধান্ত। এমন অনেক বাড়িতেই মেয়েরা বিশেষত গ্যাসলাইটিংএর শিকার হতে হতে মানসিক বিকারে চলে যায়। সারাজীবন তুচ্ছ কিছু ঘটলেও তারা মনে মনে ভাবে নিশ্চয়ই আমার ভুল আমার দোষ। আত্মবিশ্বাস গড়ে ওঠে না। মায়ের সঙ্গে মানসিক দূরত্বের এটাও একটা বড় কারণ। পৃথিবীর যা কিছু  হচ্ছে আমারই দোষে আমারই ভুলে এর থেকে আসে সিদ্ধান্তহীনতা একধরনের ইসিকিউরিটি যেগুলো অনেক বছরের অনেক অভিজ্ঞতা ও ডিগ্রী অর্জনের পরে ধীরে ধীরে কাটিয়ে উঠেছি। সন্তানকে সর্বদা দোষারোপ কোনও মহত্ব নয়। যেমন সব সময় নিজের সন্তানের দোষ ঢাকাটাও কোনও সুশিক্ষা নয়। যাইহোক, আমার ছোট্ট ভাইটিকে পুতুল মনে হতো। পরবর্তীকালে সে আমার সব চেয়ে কাছের বন্ধু।              

একটা দিন। সেদিন এই মা মেয়ের মানসিক দূরত্ব কয়েক কিলোমিটার নয় দুই মেরু হয়ে গেলো যে দূরত্ব শেষ হলো সূর্য অনেক পরিক্রমার পরে একটু হেলবে যখন। মা বললেন আমি আসলেই হিংসা করি এই ছোটভাইকে। হয়ত এমন কিছুই নয় তবু বিদ্ধ হয়েছিলাম অন্তরে। বয়ঃসন্ধির ভুল অধিকাংশ মেয়েই করে ঘরে যখন মানসিক দূরত্ব হয়। ভালোবাসার ভিখারি হয় অভিমানে। ম্যাচুর্ড হয় না তখনও মন তাই। সংসার করে মা হওয়া পড়াশোনা ও চাকরি করা পাকামাথা নয়। কিন্তু যা আলোচনার বিষয়, এই বৈপরিত্য। মানুষের ভেতরের এই বৈপরিত্য চিরকাল আমাকে অবাক করেছে। আমার মাকে ছোটো থেকে দেখেছি দেশ পত্রিকা পড়তে রামকৃষ্ণ পরমহংস পড়তে, বিভিন্ন লেখকের লেখা নিয়ে আলোচনা করতে, বাড়ি ভর্তি তাঁর বই। সাহিত্যের বই। কিন্তু ব্যবহারিক যাপনের প্রতি ছত্রে দেখেছি অন্য রূপ।

আমার শ্বশুরবাবা আজীবন ট্রেড ইউনিয়ন করতেন। বাড়িতে মস্কো আর রাশিয়া। কথায় কথায় সব সময় বলতেন আমরা বৈদ্য বামুন নয় বৈদিক ব্রাহ্মণ। মিশ্র আমাদের আসল পদবী। আবার এই বাড়িতে শুনতাম আমরা যে সে কায়স্থ নয় কুলীন কায়স্থ। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আবির্ভাব জয় জয়কার ডেকে আনত। অবশ্যই তার যুক্তিযুক্ত কিছু কারণ এবং অযৌক্তিক কিছু কারণ ছিল। আমার ঠাকুমা ছেলে সম্পর্কে বলতেন  হীরের আঙটির আবার ব্যাঁকাচোরা। সেই সময় মধ্যবিত্ত সমাজে মেয়েরা পুরুষের রোজগারে বসে খেত। পুরুষ রোজগার করবে। পুরুষ বেশি শক্তিশালী। পুরুষ বংশের প্রদীপ দেবে। কোন বংশ? যে বংশের চার পুরুষের নাম বড়জোর পরিবারের লোক বলতে পারবে। সন্তান না হলে একেকটি সেনবংশ যেন হারিয়ে যাবে এবং গেলে পৃথিবীর চলা থেমে যাবে! সন্তান না হলে ফের বিয়ে। সমাজ পরিবর্তনের চাকা পূর্ববঙ্গের উদ্বাস্তু এসে পড়ায় ঘটি পরিবারে এলো অনেকটা আধুনিকতা। অর্থনৈতিক চাপে এবং মেয়েদের কেরিয়ারের হাতছানিতে মেয়েরা এখন অনেক বেশি খোলা পরিবেশে মধ্যবিত্ত পরিবারেও। আমরা যখন ছোটো ছিলাম একটা ট্রেন্ড এলো। বিয়ে করে আলাদা হয়ে যাওয়ার। এটা খানিকটা ঠিক মনে হতেই পারে মেয়ে যদি মা বাপ ছেড়ে আসে ছেলে কেন আসবে না। তবে সেই সময় কারণটা তা ছিলো না। শাশুড়ি বউ কলহ মানিয়ে চলার ধৈর্য উভয় পক্ষেই না থাকাটা প্রধান কারণ ছিল। আবার গত দশ বছরে সেটা পরিবর্তন হয়েছে। মেয়েরা কেরিয়ারের দিকে যত বেশি ঝুঁকেছে ক্রমে বুঝেছে আয়ার কাছে ছেড়ে রেখে যাওয়া বা ক্রেশে রাখার চেয়ে দাদু দিদার চোখের সামনে থাকাটা তাদেরই সুবিধের। শ্বশুর শাশুড়িরাও প্রাথমিক ডিপ্রেশন জনিত বৌমাকে রেয়াগিং করার পরে মানিয়ে নিয়ে থাকতে পারলে খুশি রাখলে একাকী অথবা বৃদ্ধাশ্রমে থাকতে হবে না এটা বুঝেছে। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে।

সব সমাজ অবশ্য পাল্টায়নি। অবাঙালি সমাজে এখনও ডাউরি সিস্টেম বহাল তলিয়ে আছে। অবাঙালি সমাজে এখনও দেখি যতক্ষণ না একটি ছেলে আসছে পরপর তিনটে চারটে মেয়ে। উত্তর ভারতীয়দের মধ্যে  এখনও হাম দো হামারা দো এই নীতি নেই। দিন অবশ্য ধীরে পাল্টাচ্ছে। আমার মা ছেলে সাধ ছিল বলে হামলার আমাকে শার্ট প্যান্ট পরিয়ে রাখতেন। বয়েজ কাট চুল। ছেলেদের মধ্যেই খেলে ধুলে বেড়ে উঠেছি যা সেই সময় অধিকাংশ পরিবারে ছিলো না। কিন্তু আমাদের সমাজ অবাঙালি গো বলয়ের  ছিলো না। সদ্য নকশাল আন্দোলন হয়েছে। বাড়িতে সব সময় চর্চা সুনীল-শক্তি। তবে কেন? মা আমাকে ভাই হবার পরে একদমই সময় দিতে পারতেন না, সেটা ইচ্ছাকৃত নয় তা বহু পরে বুঝেছি। কিন্তু তাঁর অতি কঠোর শাসন এবং রক্ষণশীল মনোভাব উল্টো ফল হয়েছে। কোনও হাল্কা ঠাট্টা তামাশা করা বারণ ছিল। সামান্য মোহ জন্মায় যে মাস্টারটির ওপর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলার মতো জবরদস্তি বিয়ে  দিয়ে দেয়া হয়। আজ নতুন দিনের মেয়েরা পরিস্কার বলে দিতে পারে বিয়ে করব না। কিন্তু আমার পরিবার ছিল মাতৃতান্ত্রিক। মাকে যমের মত ভয়। অতএব একটু অভিমানের বীজ থেকে সূত্রপাত হলো বিষাদের সাতকাহনের। সুদীর্ঘ বছরের সংগ্রাম আর অন্ধকার মধ্য যুগ। তবে পৃথিবীর ঘুর্ণন হেতু সবই বদলায়। মেঘ যায় মেঘ আসে। আলো হয় আঁধার স্থায়ী নয়।

ফিরে আসি আবার সেই বৈপরিত্যের কথায়। আমাদের বাড়িতে তখনও বাঙাল সম্পর্কে ভাল কিছুই বলা হতো না।পুরোনো ঘটি পরিবারের লোকজন। আমাদের স্কুলে অবশ্য তেমন কোনও সুযোগ বা শিক্ষা ছিলো না। যাইহোক, এভাবেই অনেক মেয়ে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলত। হয়ত এখনও ফেলে তবে কম। এখন একটি সন্তান অধিকাংশ পরিবারে কাজেই মেয়েকে সমস্ত মনোযোগ দেয়া হয়। এখন পরিবার ছোটো হতে হতে পরবর্তী প্রজন্মে কাকা জ্যাঠা ছোটোমাসি রাঙাকাকা ছোটকা বড়দা বড়দি মেজদি কিম্বা সেজ পিসি ছোটঠাকুমা বলে সম্বোধনের মানুষ ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই রকম সব পরস্পরবিরোধের  পটভূমি থেকে বেরিয়ে নিজস্ব অস্তিত্ব এবং পরিপূর্ণতা পেতে পেতে আমাদের ভেতরেও এসে গেছে অনেক বৈপরিত্য কখনও যা ভণ্ডামি। হয়ত এর পরের প্রজন্ম আমাদের সন্তান বহন করবে না এই ভণ্ডামি। আর ওদের সময়টা এতোটাও পরিবর্তনশীল নয় যতটা আমরা দেখেছি।

আমরাই বোধহয় সেই প্রজন্ম যারা সমাজ পরিবর্তনের সাক্ষী সবচেয়ে বেশি। সাদা কালো টিভির গড়িয়ে আসা সেই গোলাকার বৃত্ত, শাটার টানা টিভি আর ঘুরিয়ে দেয়া যায় বাড়ির ছাদের এন্টেনা থেকে আই ফোন, চিত্রমালা থেকে নেটফ্লিক্স, বঙ্গলিপি থেকে নোটপ্যাড। নকশাল আন্দোলন থেকে রাম। দু একটা জিনিস পাল্টায়নি। শিয়ালদহ ঢোকার আগে পার্ক সার্কাস পেরিয়ে মাঝখানে কোনও রহস্যময় কারণে ট্রেনটা দাঁড়িয়ে থাকে।

(ক্রমশ)

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন