কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সুপর্ণা বোস

 

কালিমাটির ঝুরোগল্প ১৫৩

 

নিমদীঘির মোড়

এবছর পুজোয় কলকাতায় থাকবে না ঠিক করল রুদ্রেশ। অতি সম্প্রতি ধীময়ীর মাতৃবিয়োগ হয়েছে। উৎসবের এই গণআনন্দে যোগদান করা তার পক্ষে প্রায় অত‍্যাচারের সামিল। অতএব এবার পুজোয় শহর থেকে দূরে কোনো নির্জনে। ধীময়ীকে প্রস্তাবটা দিতেই সেও রাজী হয়ে গেল। স‍্যুটকেসে চারসেট করে জামা কাপড় ভরে নিয়ে ভোর-ভোর গাড়িতে স্টার্ট! প্রায় একশ আশি কিলোলোমিটার পথ। দুপাশে সবুজ ঘাসের মাঠ! তুলোর মত কাশফুলের ঝোপ। অজস্র গাছপালার ভেতর দিয়ে চমৎকার ঢালাই করা রাস্তা। আরোও কয়েক কিলোমিটার গেলেই মন্দারমণি। রেডক্র‍্যাব রিসর্ট।

রুদ্রেশ ও ধীময়ী। দুজনেই বেসরকারি ব‍্যাঙ্কে কাজ করে। রুদ্রেশের অফিস কলকাতায় হলেও ধীময়ীর হায়দ্রাবাদে। সে ওয়ার্ক ফ্রম হোম করে এবং মাসে একবার হায়দ্রাবাদ উড়ে যায় তিনদিন থেকে হপ্তা খানেকের জন‍্যে। কর্পোরেট সেক্টরে উন্নতির সিঁড়ি এতোটাই খাড়াই যে ফোকাস ঠিক না রাখতে পারলেই অরবিট থেকে ছিটকে যেতে হয়! ধীময়ীর উনচল্লিশ আর রুদ্রেশের বেয়াল্লিশ। পরিকল্পিতভাবেই নিঃসন্তান তারা।

রিসর্টটা মন্দ নয়। রুমে ঢুকেই ধীময়ী কাঁচের স্লাইডিংডোর সরিয়ে ব‍্যালকনিতে গিয়ে দাঁড়াল। সমুদ্রের মুখোমুখি। অনুচ্চ ঢেউ! নীল আকাশ আর দিকচক্রবালে জমাট বিষাদের মত তুলির কালশিটে টান! ধীময়ী মাথা থেকে ক্লাচারটা খুলে ফেলতেই সমুদ্রের হাওয়া এসে মায়ের মত আদরে বিলি কাটতে লাগল চুলে। রুদ্রেশ স্নানে গেল। ধীময়ী একপট কফি অর্ডার দিয়ে ব‍্যালকনিতে বসল।

রুদ্রেশ ঈষদুষ্ণ জলে বাথটাব ভর্তি করে গলা পর্যন্ত ডুবিয়ে রিল‍্যাক্স করল কিছুক্ষণ। তারপর ফ্রেশ হয়ে ব‍্যালকনিতে এসে বসল। টি-পয়ের ওপর কফির সরঞ্জাম আর কয়েক রকমের স্ন‍্যাকস। সন্ধে নেমে গেছে। ঝাউবন আর সমুদ্রের বিষাদরেখা মুছে গিয়ে কেবল সমুদ্রের গর্জন আর ঢেউয়ের কয়েকটি ফেননিভ সাদা- দাগ। আকাশভর্তি তারা। কলকাতার দুর্গাপুজোর আকাশে তখন হয়ত শত-শত আলো দিয়ে তৈরি হচ্ছে মাদুর্গার ছবি।

বেশকিছুক্ষণ পরে দরজায় বেল বেজে উঠতেই রুদ্রেশ উঠে গিয়ে দরজা খুলে দিল। একটি বছর দশেকের ছেলে ঘরে ঢুকে টি-পয় থেকে কাপ-প্লেট গোছানোর সময় ধীময়ী কোমল স্বরে জিজ্ঞেস করল, 'তোমার নাম তো জগন্নাথ বললে! তোমার বাড়িতে আর কে কে আছে?

-কেউ নেই। মা বলেছিল, মায়ের পেটে  আমার বোন সুভদ্রা আছে! বাবা মদ খেয়ে এসে পেটে লাথি মেরেছিল।  তাই ওরা দুজনেই মরে গেছে।

ধীময়ী শিউরে উঠে বলে, সে কী! তোমার বাবা এখন কোথায়?

-জেলে।

-তাহলে তুমি কার কাছে থাক?

-একাই থাকি। এই হোটেলেই। খাটি খাই। রাতে সিঁড়ির তলায় ঘুমাই। মাঝেমধ‍্যে বাড়ি যাই। তাও রাত হওয়ার আগেই চলে আসি।

-তোমার বাড়ি কোথায় জগন্নাথ?

জগন্নাথ তার ছোট দুটি হাত দিয়ে কাপপ্লেট তুলে নিতে নিতে বলল, নিমদীঘির মোড়ে।

চারদিন কেটে গেল। ফেরার পথে দুজনেরই চোখে পড়ল  তিরচিহ্ন দিয়ে লেখা, নিমদীঘির মোড়। ধীময়ী বলল, ভাবছি ছেলেটাকে এডপ্ট করব!

নিমদীঘির মোড়ে গাড়ি থামাল রুদ্রেশ। গাড়ি থেকে নেমে গ্রামের লোকজনদের কাছে জিজ্ঞেস করল, এখানে জগন্নাথের বাড়ি কোথায়?

গ্রামবাসীরা অবাক।

-জগন্নাথ নামে কেউ নেই এখানে। কখনও ছিল না।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন