![]() |
| কবিতার কালিমাটি ১৬৩ |
নদীমাতৃক ১
মধ্যবিত্ত পাপ জমা আছে, পাকঘরের
নিজস্ব পদ্ধতির মতো
ঘুম ভাঙানোর আদুরে ডাক, কবে শ্রুতিগ্রাহ্য হবে,
এই সব ভাবনা বেলুন
ওড়াই রোজ
চাক্ষুষ করি, প্রথম, একা রাস্তা পেরোনো রঙিন বেড়াল।
শালের বনে, আজ আধ ভরা গ্লাস হাতে
উপন্যাস পড়ছে, আশ্বিনের দুপুর
আধ বোজা পায়ের গোছে
আমার স্বস্তিক চিহ্ন আঁকার বয়স হলো এবার
বোবা ফড়িং
কোনো কালপুরুষের ভাষ্য নিয়ে আসে
আমি বুঝতে পারিনা তার ছন্দ।
দৃশ্য-দৃষ্ট আমি প্রশ্ন করি তার সবকিছু
অভুক্ত অধরের বিপন্নতা নেই
আদি ধর্ম? সে তো, শ্রুতিতেই স্থবির
যুদ্ধে কেউ জেতেনি কোনদিন…
আজ তোমার আতরের গন্ধ চিনেছি, মুখে পড়া এলাচের
মতো
উষ্ণ পারদ ঢেলে দিচ্ছি
ঊরু, কিতাব আর বিপন্ন সব গাছেদের কথা ভেবে।
নদীমাতৃক ২
ভিটের আলিঙ্গনে আবদ্ধ এই আমার ঠিকানার
ওপর বিশ্বাস রেখো না,
হুট করে আমাকে ডেকো না নাম ধরে
এই বসতে হুম বিছিয়ে রোজ যে সানাইয়ের শব্দে
ঘুম ভাঙাও প্রতিবেশীর,
এবার তা বন্ধ হওয়াই ভালো।
নদীর মোহে হারিয়ে গিয়েছে অনেক সুতানুটি,
এই প্রথম নয়
হেলায় বিধাতা ত্যজেছেন স্বর্ণরথ
ঘৃত মগ্ন চিতার কাছে
তুমিও না হয় ফেলো দৃঢ় শ্বাস
রীতি মেনে হোক, গেলাস গেলাস খেলা।
বিবিধ স্বরের মাঝে জমিয়েছি চাপা উত্তেজনা,
বেশি রাতে আজকাল আঁজল ভরা চাঁদ মেখে
আমায় ভালোবাসছো যত, তোমার প্রয়াস আমাকে আরও স্নিগ্ধ করে
দেখতে ইচ্ছা হয়, প্রথম যানের অপেক্ষায়
তোমার উৎকণ্ঠি গ্রীবা।
পাঁচটি সমান আঙুলের মানুষ, হলুদ আলো বা নব্য বৃদ্ধ বটগাছের দোহাই তোমায়,
আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও।
চিনতে পারছো, আমাকে?
এই শহরের মেয়েরা সাধারণত বৃষ্টি ভালোবাসে
আমি বানাচ্ছি যান্ত্রিক মেঘ
চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় দিন কেটে যাচ্ছে আমার
হে বিধাতা, আমায় উপেক্ষা কর।
বৈখরী ব্যর্থতা নিবেদিত হচ্ছে এই সন্ধিপুজোয়,
বৈবাহিক চন্দন মেখে ফুলেরা সেজেছে
অপাপবিদ্ধ প্রদীপ পাঞ্জা খেলছে
তোমার ভক্তিগন্ধী ধুপের সাথে।
হে বিধাতা, আমার বিচার কর।
ধ্রুপদের নিষাদ আলতো খেলছে, যেভাবে
পৌষের ভোরে মেয়েটি টপকেছে বাড়ির চৌকাঠ
আমি তার হাতে তুলে দিয়েছি
কষ্টি পেয়ারা।
হে বিধাতা, আমায় অন্ধ কর।
সাদা ভাতের মত, মোমের নরম মাপছি
ইরাবতী নদীর মতো গলে পড়েছে
আজকের এই খবরের বাজার;
অক্ষম বিনুনীটি, মেয়েটির পিঠে যেভাবে পড়ে আছে
তেমনিই,
আমার বিধাতাকৃত প্রয়াগের যুক্তি
লুকিয়ে থাকে মহাকাব্যের গর্ভে!
হে বিধাতা, আমায় বাঁশি শেখাবে?

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন