![]() |
| কবিতার কালিমাটি ১৬৩ |
হাসি কান্না
হাসি পায়, আশাকে এখনো সঞ্জীবিত দেখে –
দশমী দশায় আর কতকাল? তবু আশা
ঘুরে ঘুরে আসে, হাতছানি দেয়,
কোন এক কল্পরাজ্যে নিয়ে যেতে নয়,
করুণ নিষ্ঠুর এই মাটিতে দাঁড়িয়ে কর্তব্য সম্পাদন করে যেতে …
কান্না পায়, অক্ষম শরীর মন আর কতকাল
বইবে এই কর্তব্যের বোঝা?
তবু সান্ত্বনা পাই ভেবে মিল্টনের কথা ---
আলো কেড়ে নিয়ে ঈশ্বর কখনোই দাবী করবেন না
আগের মতন কাজ;
ঈশ্বরের দরজায় দাঁড়িয়ে থাকা আর তাঁর আদেশের অপেক্ষা –
সেটাও তো কাজ।
আমি নিরীশ্বর, তবু এই কথাগুলো বেদবাক্য মনে হয় …
আশা
দুয়ার এঁটে পাড়া ঘুমিয়ে নেই
তবু কেমন যেন শুনশান,
কারো কড়া নাড়ার অপেক্ষায় থেকে থেকে
অবশেষে হাল ছেড়ে দেওয়া …
হাল ছেড়ে পালাবে কোথায়? বিক্ষুব্ধ এই দরিয়ায়
হয় ঝাঁপ দিতে হবে
নয় তো অপেক্ষা নৌকাডুবির …
সেটাই কি ঠিক? ভাবতে তো বাধা নেই
এ তুফান কেটে যেতে পারে অকস্মাৎ,
রুদ্র দেখাতে পারে প্রসন্ন মুখ,
কোনো এক তীরে হতে পারে উত্তরণ;
হয় তো সাংগ্রিলা নয়
তবু এক শক্ত মাটির আশ্বাস …
আশা নিয়ে বাঁচো ---
আশাই ফুরিয়ে যাবার আগে বাঁচার ইন্ধন …
অতিক্রম
(অগ্রজ কবিদের কাছে ঋণ স্বীকার করে)
আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি,
আমি একা নই – আমরা সবাই।
আমরা খোঁজ করি না নদীতে জল আছে কি না-আছে,
আমরা তাকিয়ে দেখি না আকাশে মেঘ আছে কি না-আছে,
চার দেয়ালের চৌহদ্দির মাঝখানে
এ আমাদের এক স্বনির্বাচিত অদ্ভুত আত্মক্ষয় …
আত্মক্ষয়ের অধিকার সবারই আছে,
আছে অধিকার আত্মহননের,
জীবন দুর্বিষহ হলে ঝাঁপ দেওয়া যায় শূন্যের শরীরে,
চেটে নেওয়া যায় জিভে শ্বেতবর্ণ বিষ,
ধাবমান মেট্রোর সামনে নিজেকে উৎসর্গ করা যায় …
সবই ঠিক, তবু ভাবতে হয়
দুর্বিষহ বলব কোন্ অবস্থাকে?
উটের ক্যারাভান এগিয়ে চলে মাথার উপর নিয়ে জ্বলন্ত সূর্য
নীচে তপ্ত বালু,
মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা—মশা তবু অন্ধকারে
ঠিক জেগে থাকে …
আমাদেরও জাগতে হয়, বাঁচতে হয়, এগিয়ে যেতে হয়
আশ্চর্য অদ্ভুত আর অন্ধকার সময় পেরিয়ে;
হয়তো সময় আসবে নদীর নির্মলতায় ডুব দেবার,
হয়তো সময় আসবে নীল আকাশের দিকে তাকিয়ে নিজেকে হারাবার…

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন