কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রণব পাল

 

কবিতার কালিমাটি ১৬৩

 

চুপচিক্যের রোদানুবাদ

 

চুপ ভাঙা চুপিসারে ফুটছে রোদেরু। রিলহারা চোখের দারিদ্রাভ ছেড়ে হুইসেলি ডানায় টাপুর টাপুর টাটাপুর। মহুয়ায় ঝুমছে টমেটো ভিলার পাহাড়ি বোল। খুশবুর নেশান্ত লাগে ভাষাবাদী বোতল বেলায়। সিগন্যালছুট স্লোগানের ধুধুপুর কাঁপছে পায়ের পাতায়। গানবাদী আঙুলে আঙুলে চুপচিক্যের রোদানুবাদ। ফুরানো তারায় গুণছোঁয়া গুণিতক লাগে। কথায় কত্থক, অঙ্কে অঙ্কন। মিথিত মিথ্যাকে লিখছে রংধুন, উল্টো পায়ের পাতা সামনে পরাই। চলার বৈদ্যুতিক ফোটে চোখের দেরাজে। অরবিট বদলের ধাক্কাতন্ত্রে ছিঁড়ে যাচ্ছে প্রসূতি সদন। ফোটা ফুলের গাছে গাছে ব্যাঁকা কারণ,  রাখিয়েদের পার্লামেন্ট পাতায় পাতায়। গুণ গাইছে ভালো পাহাড় গুনগুন। ফুটি মালভূমিক হ'য়ে জলের ডগায়। ফুটি গুণিতকে গুণিতকে নিজের দু'পাশে।

 

উড়ন্ত চাকি ১  

 

অ্যালবামের মিথ্যেমি বাজে না।

ঝাপশ্রান্ত পাতার এলোপাতাড়ি সন্ধ্যায়

যৌনতা হারানো বাঁশিওয়ালা

প্যান্ডোরার  ভয় বাক্সে খুঁজে চলে সিল্কি প্রজাপতি।

মিছিমিছিলের আড়ষ্ট কাটিয়ে আড় ভাঙে জং

গ্লোব জুড়ে পা হাঁটছে গুটি কাটার মরসুমে।

আপস্ অ্যান্ড ডাউনেরা

নিজের ঘুড়ি ওড়ায় হোমটাস্ক ফর্মূলায়।

 

কেউ কাউকে চিনতে পায় না

চাতুরি ও মুনাফা পাচার শিল্প

নাস্তব, অতি ও পরাস্তবের ডজিংয়ে

হাত সাফাইয়ের ম্যাজিক।

শূন্যকেই সর্বস্ব বানানোর উড়ন্ত চাকি।

দূরবীনে নিজেকে খোঁজে হারানো হারমনিয়ম।

ভোরাজ বেজে উঠতে চায়

ইতিহাসের জোব্বা ধ'রে টানে বেখেয়াল সুর,

বাজিমাত ক'রে চলে যায় আধঘোমটা সময়।

 

উড়ন্ত চাকি ২

 

তুমিকে উল্টে হারানো যৌনাস্কর্য্য।

নাগালের বাইরে রোমান্সিত চাঁদ।

চাঁচরের শিখা গুনে আজও ভাসে

ওল্টানো তুমির মিতুমি।

দিক চিন্হহীন ছেড়ে আসা খোলস।

বন বাদার শহর জংগল পেরচ্ছে তিন ছক্কা পুট।

 

হাতের তাস পড়ে যাচ্ছে।

একা একান্নর সময়।

খাতা আর পেন ছাড়া ছাড়পত্র নেই আধার কার্ডে।

আগুনের অভাবে সন্তানের মুখে হাসি ফোটাবার

সামান্যটুকুও বেঁচে নেই মানচিত্রে।

শুধু ছায়া খেলা

অক্ষম তালুতে ভূগোলের নামে

গ্লোব নাচানোর মহড়া।

দুর্গান্ত মরুভূমি জুড়ে বালিস্কর্য্য

আর রোদাস্কর্য্যের ঘোর।

ফুল কোনদিনই ফোটেনি

শুধু নিসর্গ লেগে আঙুলে

আর ফুলে উঠেছে এক একটা বেলুন।

রোদ ধরার নেশান্যতায় ছিপ হাতে বসি

ঝালর দুলিয়ে হেঁটে যায়

সোনালি জুয়েলারি রোদ ও রৌদ্রানী।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন