কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শুদ্ধেন্দু চক্রবর্তী

 

কালিমাটির ঝুরোগল্প ১৫৩

 

পাঁউরুটির শেষ টুকরো

সারা রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজল অনুব্রত। অথচ টুকরোটা শেষ অবধি কিছুতেই পেল না। কিন্তু এমন তো হবার কথা ছিল না। টুকরো সযত্নে লুকিয়ে রেখেছিল ফ্রিজে। ফ্রিজের দরজায় চাবি লাগাতে ভোলেনি। তাহলে গেল কোথায়!

যদিও পরিস্থিতি বদলে গেছে অনেকটাই। এখন শ্বাস নিতে হয় মেপে মেপে। কথা বলতে হয় শব্দ গুণে গুণে। এমনকি চলবার সময়েও পা ফেলতে হয় দৈর্ঘ প্রস্থ মেপে মেপে। চারপাশে সবকিছুই এখন অপর্যাপ্ত। অবশ্য শুধু 'অপর্যাপ্ত' বললে ভুল হবে। বরং বলা উচিত 'নিঃশেষিতপ্রায়'। এমনকি বাতাসে অক্সিজেনটুকুও। এই সোনার দিনের স্বপ্ন দেখতেন কোনো এক সময় শিল্পপতিরা। অভাব বাণিজ্যসম্ভাবনা বাড়িয়ে তোলে। তেমনটাই ভেবেছিলেন বেহরাজি। একটা বড় শপিং মল খুলেছিলেন। প্রথম প্রথম স্বল্পমূল্যে জনতা কত কিছু পেত সেখানে। তারপর দাম বাড়তে থাকল। দামের সঙ্গে সঙ্গে মুনাফা। অনুব্রত নিজেও কতবার গেছে সেখানে।

কিন্তু শেষ কিছুমাস, সেই মল শূন্য হয়ে পড়ে আছে। জনতা লুঠ করে নিয়েছে যা পেরেছে। লুঠতরাজের পর  এখন আর সেখানে কিছু নেই। বেহরাজি পালিয়ে গিয়েছিল তার দেশের বাড়ি। বাড়ি আগলে লুকিয়ে বসেছিল। তারপর একদিন তার দিনও ফুরিয়ে এল। হঠাৎ করেই। জমির লেবারগুলো একদিন তাকে ধরে কেটে বিরিয়ানি করে খেয়ে ফেলল।

পাঁউরুটির শেষ টুকরোটা পাচ্ছে না অনুব্রত। কী হবে? কী খাবে ছেলেমেয়েগুলো? বৌ? বাবা মা? অনুব্রত ভয়ে ভয়ে তাকাল। একদল ক্ষুধার্ত চোখ তাকে দেখছে। এই বুঝি গিলে খাবে...

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন