কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দেবাশিস ঘোষ

 

সমকালীন ছোটগল্প

 

আবার দেখা যদি হল, সখা...

অনিল শুনে হাসছিল। বিশু, মানে বিশ্বনাথ চ্যাটার্জী, জিজ্ঞেস করেছিল, 'তোর ছেলে কি তোরই মতো ভাল হয়েছে পড়াশোনায়?' বিশুর মুখেও হাসি ছিল প্রশ্ন করার সময়, কিন্তু সে হাসি অনেকটা অধীনস্থের আনুগত্য জ্ঞাপক হাসির মতো। অনিলের হাসি ঠিক সেরকম ছিল না। সে হাসি হো হো করা অট্টহাস্য নয়, আবার জোর করে আঁকা হাসির ছবিও নয়। রোমন্থন করার সময় এখন সে হাসিকে বরং বিশেষ একটা ভাষা বলে মনে হয়। তবু ধোয়াশা থেকে যায়, নিশ্চিত হতে পারি না সে হাসি কি বিশুর প্রশ্ন শুনে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া? নাকি প্রশ্নের উত্তর? মুখে অবশ্য অনিল একটা উত্তর দিয়েছিল তারপর। বলেছিল হাসতে হাসতে, 'সকলে দেখছি এই একই প্রশ্ন করছে'। কথাটা সত্যি, আমি নিজের কানে শুনেছি, আমাদের ব্যাচেরই একজনকে খানিক আগে জিজ্ঞেস করতে, 'ছেলে কি তোর মতো হতে পেরেছে, অনিল?' তখন উত্তর দিয়েছিল সঙ্গে সঙ্গেই, 'কেন, ছাড়িয়ে যেতে কি পারে না?' তারপর মুখের হাসিটুকু একই রকম রেখে বলেছিল, 'প্রত্যেকেই স্বতন্ত্র, প্রত্যেকেই যে যার নিজের নিজের মতন। ঠিক একজনের মতন আরেকজন কি হয়?' কথাটা যে ঐ বিশেষ প্রশ্নটির উত্তর নয় তা সেই উৎসব মুখর পরিস্থিতিতে কেউ বুঝতে রাজী ছিল কিনা তা এখন নিশ্চয় করে বলা যায় না। যথারীতি বিশুর প্রশ্নের উত্তরে যা বলেছিল তাও সেই প্রশ্নের উত্তর নয়। যে সৌম্য মূর্তিতে সেদিন অনিলকে দেখা গিয়েছিল তা অনেকটা শুভ্র গিরিশৃঙ্গের মতো, তার সামনে দাঁড়ালে প্রশ্নের উত্তর না পাওয়ার ক্ষোভ যেন অন্য কোথাও অবরুদ্ধ থাকে, মনের মধ্যে প্রবেশ করতে পারে না। তার মেধা আর মননের দীপ্তি যেন আড়াল করা যায়নি, বহিরঙ্গে তা ছড়িয়ে পড়েছে। অনিল, আমাদের অনিল আচার্য, তখন পাটনা আই আই টি র ডিরেক্টর। এর আগে খড়্গপুর আই আই টি তে ছিল পলিমার কেমিস্ট্রি বা ঐরকম অন্য কোনো একটা বিষয়ের হেড অফ দা ডিপার্টমেন্ট। এহ বাহ্য, নিত্য তার গবেষণা পত্র প্রকাশিত হয় আর বৈজ্ঞানিকরা তা নিয়ে আলোচনা করে। ক্যারিয়ারে সে আমাদের সকলকে ছাড়িয়ে গেছে। তাই সেবার পুনর্মিলনী অনুষ্ঠানে তাকে দেখতে পেয়ে সবাই তাকে ছেকে ধরেছিল। কারো মুখে কথা ছিল, কেউ ছিল নীরব শ্রোতা। যারা কথা বলছিল তাদের কথা থই পাচ্ছিল না, বিস্ময়ের কারণে কখনও অসংলগ্ন, কখনও এলোমেলো ভেসে যাওয়া। আর যারা মূক দৃষ্টিতে কেবল চেয়ে ছিল তারা একটা বড় মানুষ দেখছিল যে কিনা একসময় তাদের সহপাঠী ছিল। কেউ গিয়ে আগ বাড়িয়ে জানিয়ে দিচ্ছিল তার অফিসের বড় সাহেব নাকি অনিলকে চেনেন, তিনি নাকি তার আনডারে পি এইচ ডি করেছে। কেউ বলছিল তার বস খড়্গপুর আই আই টিতে নাকি অনিলের ছাত্র ছিলেন। অনিল শুধু হেসেছিল, না দিয়েছে কোনো উত্তর, না একবারও জানতে চেয়েছে সেসব কৃতী ছাত্রদের নাম গোত্র। যখন একেবারে চুপ করে থাকাটা বিসদৃশ ঠেকেছে, তখন বলেছে, 'হ্যাঁ রে তুই ভাল আছিস তো?' সে কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করেছে, 'আমার কথা তোর মনে আছে?' অনিল বলেছিল, 'কেন থাকবে না? তুই তো স্নেহাশিস, ক্লাস ইলেভেনে হাফ ইয়ার্লি আর প্রি-টেস্টে ফিজিক্স হাইয়েস্ট মার্ক্স পেয়েছিলি, ফাইনালে ম্যাথেমেটিক্সের নাম্বার কম হয়ে গিয়েছিল। একজন চেঁচিয়ে উঠেছিল, 'সে কী, আমাদের সব কথা তোমার মনে আছে?' প্রবীণের আর সাহস হলো না 'তুই' সম্বোধনে কথা বলতে  হোক একসময়ের সহপাঠী, এখন তো একজন গুণী মানুষ বটে। আর নিজে সে একজন স্ন্যাক্সের দোকানের কর্মচারী, তেমন প্রতিষ্ঠা তার পাওয়া হয়নি। অনিল বলল, 'কেন মনে থাকবে না, তুই তো প্রবীণ, ক্লাস ইলেভেন, সেকশন সি, তোদের একটা চশমার দোকান ছিল না?' প্রবীণ বলল, 'ছিল, এখন আর নেই'।

এসব অনেকদিন আগের কথা, অনিল বা বিশু কেউই এখন আর নেই। আরো অনেকের মতো জীবনের দায় সব সেরে চলে গেছে তারা। যতটুকু প্রতিষ্ঠিত হওয়ার ছিল, সবটুকু হয়ে; যতটুকু সুখ ও দুঃখ পাওনা ছিল, সবটুকু পেয়ে; সেসব অর্থহীন হিসাব জ্ঞানে বাজে কাগজের মতো দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে চলে গেছে তারা। আমরা যারা পড়ে আছি কেবল তাদেরই এখন বয়ে বেড়াতে হচ্ছে স্মৃতিভার। সেবার আমাদের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আমরা যারা আমাদের স্কুল থেকে একই বছর হায়ার সেকেন্ডারি পাশ করে বিচ্ছিন্ন হয়েছিলাম পরস্পরের থেকে, তাদের নিয়ে। সেবারই প্রথম, স্কুল ছেড়ে আসার চল্লিশ বছর পর। বয়েসে তখন সকলেই প্রবীণ, সুতরাং এই নবীন উদ্যোগ যে প্রাথমিক পর্যায়ে সমস্যাসংকুল হয়ে দাঁড়িয়েছিল তা সহজেই অনুমেয়। সকলেই বৃন্তছুট এবং ভিন্নগামী, ভিন্ন লক্ষ্য তথা ভিন্ন অবস্থান তাদের। সকলের নাম মনে করতে পারাই তখন দুষ্কর, তার উপর আবার তাদের ঠিকানা বা ফোন নাম্বার যোগাড় করা, তা আরো কঠিন। একদা যেখানে ছিল ছাত্রাবস্থায় অভিভাবকের আশ্রয়ে, তা যদি নিজভূম না হয় সেখানে কি কেউ পড়ে থাকতে পারে এতকাল! গেছে যে যেখানে পেরেছে, যার যেখানে ঠাই হয়েছে। কেমন করে পাওয়া যাবে তাদের ঠিকানা, কারো কাছে কি তা গচ্ছিত রাখা আছে!

গচ্ছিত রাখা ছিল কেবল তাদের নাম, কেবল একটি জায়গাতেই, স্কুলের রেকর্ডে, যদি না ইত্যাবসরে তা কাল এবং কীটের দর্শনে অবলুপ্ত হয়ে যেয়ে থাকে। চল্লিশ চল্লিশটা বছর পার হয়ে গেছে, এই দীর্ঘ অবসরে ধ্বংসকারক আরো কতকিছুই না ঘটতে পারে! আশা এবং আশঙ্কা নিয়ে স্কুলে যাওয়া হলো। ঘুরতে হলো কয়েকদিন, কিছু সময় ব্যয়িত হলো কর্তৃপক্ষকে আমাদের প্রয়োজনের যাথার্থ্য বিশ্বাস করাতে এবং বাকি সময় ব্যয়িত হলো স্তূপাকৃতি পড়ে থাকা পুরোনো রেকর্ডের মধ্যে থেকে সেই রেকর্ডগুলো খুঁজে বের করতে যেগুলোর দরকার আমাদের। নামের সাথে তাদের তখনকার ঠিকানাও টুকে নেওয়া হলো, এই আশায় যদি কাউকে সেই পুরোনো ঠিকানাতে এখনও পাওয়া যায়।

সেই তালিকা দেখে আয়োজক বৃন্দের সকলে সকলকে তখন চিনতেও পারছিল না। তার একটা কারণ আছে। শেষ তিন বছর সায়েন্স, আর্টস, কমার্স বিভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা সেকশনে ক্লাস চলার কারণে অনেকেই হারিয়ে গেছে অনেকের স্মৃতি থেকে। কে কাকে চিনতে পেরছে তার একটা তালিকা তৈরি করা হলো প্রথমে। প্রত্যেকের ঠিকানা যোগাড় করার জন্য সম্মিলিত প্রয়াসের আশ্রয় নেওয়া হয়েছিল। ঠিক করা হলো কোনো একজনের সাথে যোগাযোগ হলে তার কাছ থেকে জেনে নেওয়া হবে বন্ধু তালিকার আর যাদের যাদের ঠিকানা বা মোবাইল নম্বর তার জানা আছে। তারপর সেই ঠিকানায় বা ফোন নাম্বারে যোগাযোগ করা এবং এই প্রয়াসের উদ্দেশ্য তাকে জানানো তথা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে আহ্বান করা। সেই সাথে জেনে নেওয়ার চেষ্টা তার গোচরে অন্য আর কোনো বন্ধুর ঠিকানা বা ফোন নাম্বার জেনে নেওয়া।

কিন্তু কাজটা সহজ ছিল না। চল্লিশ চল্লিশটা বছর জীবনের উপর দিয়ে বয়ে গেলে জীবন কি আর আগের রূপ ধরে রাখতে পারে? যে কিশোর ছিল সে এখন প্রবীণ, যে হাসিখুশি আমুদে ছিল সে হয়ত এতদিনে কখনও হাসার বা হারানোর সুযোগ না পেয়ে এখন স্বল্পবাক এবং গম্ভীর, একসময় যে ছিল বন্ধুবৎসল, এখন হয়ত পরিণত বয়েসে সেই পোড় খাওয়া মানুষটার কাছে বন্ধুত্ব এক অচল সম্পর্ক। একদা তার সাথে যার ঘনিষ্ঠ পরিচয় ছিল, পরবর্তীতে সেই একই লোক তাকে ফোন করলে হয়ত অপরিচিত কণ্ঠস্বরে প্রশ্ন শুনতে পেত, 'হ্যালো, কে বলছেন?'  অচেনা কণ্ঠস্বর শুনে সংশয় সৃষ্টি হওয়া স্বাভাবিক যে ফোনের অপর প্রান্তে যথার্থ তার সেই পুরোনো বন্ধুটি-ই কিনা। তারপর যখন নিজের পরিচয় দেওয়ার পালা তখন নিজের নাম বললে যে অন্যজন চিনতে পারবে তার নিশ্চয়তা নেই। চল্লিশ বছর আগের কথা কি সকলের মনে থাকে? পরবর্তীতে অতিক্রান্ত নানান অধ্যায়ের তুলনায় সুদূর অতীতের স্কুল-জীবনের অধ্যায়ের তাৎপর্য কতটুকু যে তা স্মৃতিতে স্থান দাবী করতে পারে! পরিচয় শুনে যদি উচ্ছ্বসিত হয়ে না ওঠে তাহলে বুঝতে হবে চিনতে পারেনি। তখন পুরোনো পরিচয়ে চিনতে না পারার কারণে পরবর্তী তথা অধুনা পরিচয়ে আগ্রহ দেখা যাবে তার। আসল কথা হলো জেনে নেওয়া যে ফোন যে করছে সে তার সমীহ আদায় করার মতো, নাকি তাচ্ছিল্য করার মতো। এই দুইয়ের যেটাই হোক না কেন, নিয়ত ভেদবুদ্ধির চর্চায় অভ্যস্ত মনে সাড়া ফেলতে পারে না এহেন পুনর্মিলনী অনুষ্ঠানের তথা পুরোনো বন্ধুত্বের নবীকরণের প্রস্তাব। ফলে হতাশা দেখা দিল আয়োজক বৃন্দের অনেকের মধ্যেই।

সেই হতাশা আপত্তির আকারে প্রকাশ পেল পরবর্তী মিটিংয়ে। অনেকেই বলল, 'থাক আর দরকার নেই, যা হওয়ার নয় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া একসময় পণ্ডশ্রম হয়ে দাঁড়াবে। কেন? মিলিত হওয়ার পথে অনেক বাধা যে! কিসের বাধা? সকলে যে তারা এখন কেজো মানুষ, মনে প্রাণে বস্তুগত, কেবল প্রয়োজনের নিয়মে তাদের সক্রিয়তা, কেবল প্রয়োজনতান্ত্রিক যাপন তাদের। গত জন্মের স্মৃতির মতই পুরোনো বন্ধুত্বের স্মৃতি এখন তাদের কাছে রোমন্থন অসাধ্য। বাধা সেইটাই। নিজেকে দিয়েই তাদের বুঝি, সুতরাং অনুধাবনে ভ্রান্তির সম্ভাবনা কম। তাদের অনুচ্চারিত কথাগুলো বুঝতে পেরেছি বলেই তা অপমান হয়ে বিঁধেছে। নতুন করে এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে জীবনে প্রতিষ্ঠা লাভ সকলের সমান নয়। এমনকি সব সময় যে তা যোগ্যতার সমানুপাতিক, তাও নয়। কখনও কখনও ভাগ্যের ফের অনেক বেশি সত্য। এও সত্যি যে ভাগ্যের ফেরে যার যেখানে অবস্থান, তারা বিশ্বাস করে তাতেই তাদের আত্মপরিচয়, তাতেই তাদের সনাক্তকরণ নিজের কাছে। বিচ্ছেদ যখন সম্পূর্ণ, তখন মিলনের আশা ক্ষীণ। যে উচ্চপদ দখল করে আছে তার কাছে মাথা নত করে বাবু সম্বোধন না করলে তার সাথে সম্বন্ধ স্থাপন সম্ভব নয়। আমাদের বন্ধু হৃষিকেশ রায়, যার ট্রাভেল অ্যাজেন্সির অফিসের এক কোনো বসে আমাদের সান্ধ্য মিটিংগুলি অনুষ্ঠিত হয় , সহজবোধ্য কারণেই তার মতামতের উপর আমাদের বিশেষ গুরুত্ব দিতে হয়। সে বলেছিল প্রোগ্রাম বাতিল করে দিতে। বলেছিল, স্বপ্নদোষে যেমন সন্তান প্রসব হয়না, তেমনি হৃদয়ে খরা নেমে এলে আর পুনর্মিলন সম্ভব নয়। শরদিন্দু সেন, যে যথেষ্ট বড় চাকরি করত, বাড়ি গাড়ি সব করেছিল চাকরি করে, সে পর্যন্ত হৃষিকেশকে সমর্থন করেছিল। সে বলেছিল, কাউকে লাগবে না, আমরা এই কয়জন মিলেই অনুষ্ঠান করব।

বিমান মিত্রের মুখের দিকে তখন তাকিয়েছিল সবাই, হয়ত মতামতের আশাতেই। অন্যদের থেকে সে কিছুটা অন্যরকম বটে, কিন্তু সেদিন তাকে মিটিংয়ের আবহাওয়ার সাথে মানানসই দেখাচ্ছিল। একই রকম থম থম করছিল তার মুখও। অন্যদের থেকে অন্যরকম হওয়ার অহংকার যা অঘোষিত থাকে ক্কচিৎ, এদিন যেন তা আর মাথা তুলে দাঁড়াতে পারছিল না। ব্যথা তার বুকে বাজুক না বাজুক, কারণ ছিল তার বুকে সবচেয়ে বেশি করে বাজবার, যেহেতু অনুষ্ঠানের দায়িত্ব ভার গ্রহণের ক্ষেত্রে তার অংশগ্রহণ সবচেয়ে বেশি, অনুষ্ঠান নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হচ্ছে তাকেই। মেম্বারদের কাছ থেকে চাঁদা সংগ্রহের মাধ্যমে যতখানি অর্থ সংগ্রহ সম্ভব তা সমগ্র অনুষ্ঠানের প্রয়োজনের তুলনায় নগন্য। বিমান তাই প্রস্তাব দিয়েছে আমাদের সংগঠন' আবার সত্তর'র নামে স্মারক পত্রিকা প্রকাশ করার তথা উক্ত পত্রিকার প্রয়োজনে বিজ্ঞাপন সংগ্রহ করার। বিজ্ঞাপন সংগ্রহের দায়িত্ব সে নিজে নিয়েছে। পত্রিকায় প্রকাশ করার জন্য লেখা সংগ্রহ এবং তা সম্পাদনার দায়িত্বও নিয়েছে সে। এত বড় উদ্যোগ মাঠে মারা যাবে যদি এই পুনর্মিলনী অনুষ্ঠান এখন বাতিল করে দিতে হয়। অথচ তা জোর দিয়ে বলার উপায় নেই যে অনুষ্ঠান হবেই, কারণ তা অন্যায় হবে, অন্যায় তাদের উপর যারা সেই অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করার জন্য দিন রাত এক করে দিয়ে খাটছে। তাদের মনে পুঞ্জিভূত যে ক্ষোভের প্রকাশ তাদের এমন মতামত, তা বিবেচনায় না আনলে অন্যায় করা হবে তাদের প্রতি। কোথায় তাদের ব্যথা তা সহজেই অনুমেয়।

তখন বিমান মিত্র অভিনব একটা প্রস্তাব রাখল। বলল, ফোন করে আর অমন নিমন্ত্রণ জানানোর দরকার নেই। তবু ফোন করতে হবে, যাদের যাদের নাম্বার পাওয়া গেছে তাদের সকলকেই, কিন্তু তা কেবল তাদের পোস্টাল অ্যাড্রেস জানার জন্য এবং তাদের কাছ থেকে আমাদের ব্যাচের অন্য কারো নাম্বার জানার জন্য যা আমরা এখনও যোগাড় করতে পারিনি। পোস্টাল অ্যাড্রেস কেন জানতে চাইছি জিজ্ঞেস করলে বলতে হবে যে আমরা আমাদের ব্যাচের যে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করছি, তার চিঠি পাঠানোর জন্য। নতুন করে কিছু জিজ্ঞেস না করলে অতিরিক্ত আর একটি কথাও বলার দরকার নেই। তারপর? তারপর চিঠি পাঠানো হবে তাদের কাছে। সেই চিঠিতে প্রেরকের জায়গায় কোনো ব্যক্তির নাম থাকবে না, থাকবে আমাদের কমিটি বা আমাদের সংস্থার নাম। সুতরাং আমাদের কমিটি বা সংস্থার একটা সুন্দর দেখে নাম রাখতে হবে। চিঠিতে রবীন্দ্রনাথের ঐ গানের সুর অনুসরণ করে লেখা থাকবে, 'আয় আরেকটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয়'। লেখা থাকবে জীবনের উপান্তে এসে এই যে সাধ আজ প্রকট হয়ে উঠেছে তা পূর্ণ করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করিস না। ভালবাসা নির্ভর সংসারে যাদের নিয়ে আছি তাদের সকলকে নিয়ে এসে পরিচয় করিয়ে দেব আমাদের ভালবাসার প্রথম অধ্যায়ের সাথে। এই আয়োজন উপলক্ষ্যে আমাদের প্রথম মিটিং আগামী অমুক তারিখে অমুক সময় অমুক জায়গায়। তোদের মতামত না নিয়ে আমরা একলা তা ঠিক করি কেমন করে। বলতে বলতে বিমান মিত্রের চোখে জল এসে গিয়েছিল। পকেট থেকে রুমাল বের করে মুছতে মুছতে বলল, চিঠিটা কিন্তু চোখের সামনে থাকবে কয়েকদিন ধরে। টেলিফোনে যেমন এককথায় ডিসপোজ করে দেওয়া যায় তেমনটা এখানে সম্ভব হবে না। যতবার চোখ যাবে ততবারই অনুরোধের মর্মকথা অন্তরে বাজবে। তাছাড়া স্ত্রী পুত্রের চোখে পড়লে তারা আকৃষ্ট হবে, আব্দার ধরবে আসার জন্য। সে অনুরোধ পায়ে ঠেলতে পারবে না।

সেটাই স্থির হলো, অনেক কাঠখড় পোড়াতে হলো অনুষ্ঠানের সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য। সকলের প্রচেষ্টায় আয়োজন যখন সম্পূর্ণ, কোনোরকম ব্যত্যয় ঘটার আশঙ্কা যখন নেই, তখন অনুষ্ঠানের আগের দিন আয়োজক বৃন্দের সকলকে নিয়ে বসল বিমান মিত্র। পরিশ্রান্ত আমরা সকলে অপ্রয়োজনীয় মনে করেছিলাম অনুষ্ঠানের প্রাক্কালে এমন একটা মিটিংয়ের, বিশেষত যখন আর একটি কাজও বাকি নেই। ভুল ভাঙ্গল বিমানের বক্তব্য শোনার পর। বলল, সবে বহিরঙ্গের সাজ সম্পন্ন হলো, অন্তর্দেশের সাজ এখনও বাকি। সেইটাই আসল, তা সম্পন্ন না হলে আগামিকাল সমূহ বিপদের সম্ভাবনা, আমাদের উদ্দেশ্য সব ব্যার্থ হয়ে যেত পারে। আগামিকাল সারাদিন প্রত্যেকে আমরা যা করব, যেমন ভাবে করব, তা যেন ঐক্যের সুরে বাঁধা থাকে। মনে রাখতে হবে কাল যারা সপরিবারে আসবে তারা সকলেই আমাদের মতো প্রৌঢ়ত্বে পা দিয়েছে। শারীরিক এবং মানসিক যে অভ্যাস মধ্য দিয়ে জীবনের চল্লিশটা বছর তারা অতিবাহিত করেছে, তা তাদের মধ্যে অমোচনীয় পরিবর্তন ঘটিয়ে দিয়ে গেছে অনেক। স্কুলের দিনে আমরা যেমন ছিলাম এখন যে আর তেমন নেই, এ কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এমন অনেক কথা বা এমন অনেক আচরণ যা তখন আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করত না, এখন তা অনায়াসেই করতে পারে। সুতরাং তেমনটা কখনই ঘটতে দেওয়া যাবে না। প্রথমত, কারো প্রতি আচরণে যেন এতটুকুও বৈষম্য না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে কয়েকজন, আর্থিক দুরবস্থার কারণে চাঁদা দিতে পারেনি। অনেক অনুরোধে তাদের আসতে রাজী করানো হয়েছে। আমাদের মধ্যে বেশ কয়েকজন আছে যারা নির্ধারিত চাঁদার থেকে অনেক বেশি টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়েছে। এই দুইপ্রকার বন্ধুদের ক্ষেত্রে যেন আমাদের আচরণে এতটুকুও বৈষম্য না ঘটে। আমরা যেন কেউ জানি না কে চাঁদা দিতে পারেনি বা কে বেশি টাকা দিয়েছে। দ্বিতীয়ত, আরেকটা কথা বিশেষ করে মনে রাখতে হবে যে জীবনে প্রতিষ্ঠা লাভ সকলের সমান নয়, তারতম্য আছেই, কিন্তু তা যেন কোনোভাবেই আমাদের বিচার ধারায় প্রভাব না ফেলে। কারো প্রতি এতটুকুও উপেক্ষা নয়, কাউকে নিয়ে এতটুকুও আদিখ্যেতা নয়। বিশেষত আমাদের মধ্যে যেন ইনফিরিয়রটি বা সুপিরিয়রিটি কোনোরকম কমপ্লেক্সই ঠাই না পায়।

বিমানের মুখে সত্যিই এসব কথা মানায়। অল ইন্ডিয়া সার্ভিসের একজন ক্যাডার এবং অত্যন্ত উচ্চ পদে আসীন ছিল সে তখন। লোকে তাকে মান্যিগন্যি করে, পোশাক পরিহিত পুলিশের লোকেরা দেখামাত্র স্যালুট করে। অথচ ব্যবহারে কত অমায়িক, কত নিরহংকারী, কত সহজে আমাদের সাথে মেশে, কত সহজে আমাদের নিয়ে মেতে ওঠে। তাই সে যা পরামর্শ দিল সেগুলো স্বভাব বৈশিষ্ট্যের কারণে তার পক্ষে স্বাভাবিক ব্যবহার, কিন্তু আমাদের বেলায় তার প্রয়োগের জন্য সচেতন চেষ্টার দরকার। অস্বীকার করতে পারি না এতকালের জীবনাভ্যাসের কারণে কোথাও অনিয়ন্ত্রিত ভাবে মাথা আপনা থেকেই নত হয়ে আসে, কোথাও তীব্র ইচ্ছা জেগে অন্যজনকে নতমস্তক দেখার। সম্মুখস্থ জন হয় নিম্নপদস্থ, নতুবা উচ্চপদস্থ। হয় ছোট, নয় বড় --- এছাড়া আর কোনো ব্যাকরণ জানা নেই। বিমানের পরামর্শের পর থেকে মনে মনে নিজেকে তৈরীর কাজে ব্যস্ত ছিলাম। স্কুল জীবনে যেমন আমরা সকলে সমান ছিলাম পরস্পরের, ঠিক তেমনই সমান হয়ে যেতে হবে আবার। বিশেষ সতর্কতার প্রয়োজন আরো এই কারণে যে এখন তারা একা আসবে না। তাদের সাথে তাদের স্ত্রী, এমনকি পুত্র কন্যাও থাকতে পারে। এমন হতেই পারে কোনো একটা আচরণে বন্ধু ক্ষুব্ধ না হলেও তার পরিবারের লোকেরা আহত হলো। আমাদের আয়োজন, আয়োজনের উদ্দেশ্য তাহলে সব পণ্ড হয়ে যাবে। বিমান মিত্রের ডাকা মিটিং শেষ হলো একটি সুখবর জানিয়ে যে অনিল আচার্য আসবে, টেলিফোনে সে কনফার্ম করেছে।

অনিল এসেছিল। সত্যিই এসেছিল। আসবে জেনেও তার আসায় সকলে এমন বিস্ময় প্রকাশ করেছিল, এমনকী বিমানও, যেন অপ্রত্যাশিত কিছু একটা ঘটেছে। খবর তো ছিলই তার আসার, কিন্তু খবরে আর কেউ কতটুকু আস্থা রাখতে পারে! তা ছাড়া যে অনিলের আসার খবর ছিল সেই অনিল আর যে অনিল এসেছিল তারা যেন এক নয়। কী অপরূপ দেখতে হয়েছে তাকে, মাথার চুল সব সাদা, কিন্তু তা যেন বার্ধক্যের রঙ নয়, যেন সুউচ্চ পর্বতের শিখর চূড়ার শুভ্রতা। চুল সাদা, কিন্তু চোখে পুরোনো দিনের সেই পরিচিত কৈশোরের ঝিলিক, আর চেহারায় দিব্যবিভা। মনে হলো ঈশ্বর তাকে আপন হাতে সাজিয়েছে। বিমান মিত্রের ছদ্মবেশ এদিন ধরা পড়ে গেল, রুমাল দিয়ে চোখের জল মুছতে মুছতে সে বোকার মতো জিজ্ঞেস করল, 'তুই এসেছিস? সত্যিই তুই এসেছিস অনিল?' অনিল হো হো করে হেসে উঠে বলল, 'না এসে পারলাম না যে, অমন একটা চিঠি লিখেছিস তোরা, ভালবাসার প্রথম অধ্যায়!' বিমান অনিলের থেকে লম্বা, অনেকখানি লম্বা, তবু অনিল দুহাত বাড়িয়ে দিয়ে তার কাঁধের উপর রেখে বলল, 'জানিস, ঐ চিঠি পড়ার পর থেকে যেদিকে তাকাই, ঘরের বইয়ের তাক, আসবাব পত্র, স্ত্রী, পুত্র, বাড়িতে আসা অতিথি অথবা কাজের জন্য আসা লোকজন, সব জায়গায় দেখতে পাই ভালবাসা মূর্ত হয়ে আছে, শুধু ভালবাসা আর ভালবাসা। কিন্তু হিসাব করে দেখলাম সবই পরবর্তী অধ্যায়। তখন মানতে বাধ্য হলাম চিঠির বয়ান, তথা ভালবাসার প্রথম অধ্যায়ের খবর। মনটা আকুতি বিকুলি করে উঠল তা একবার প্রত্যক্ষ করে আসার জন্য। না এসে আর কি পারা যায়। সবাই দেখছে, কিন্তু বিমানের এতটুকুও লজ্জা নেই, কিংবা হয়ত অজান্তেই দুচোখ তার বারবার জলে ভরে আসছে। অনিল জিজ্ঞেস করল, 'হ্যাঁ রে, চিঠির ড্রাফট কে করেছে রে?'  বিমান বলল, 'আমরাই আমরা সকলে মিলে'। অমনি দীপঙ্কর চিৎকার করে উঠল, 'না, না, বিমান। বিমান করেছে'। সঙ্গে সঙ্গে সমর্থন করল হৃষিকেশ এবং অন্যরা, 'হ্যাঁ, হ্যাঁ, বিমান করেছে, আমাদের বিমান'। অনিল বলল, 'আমারও তাই মনে হচ্ছে ওর মুখ দেখে। কিন্তু স্কুলে তো তোর বাংলায় এমন ব্যুৎপত্তি দেখিনি, কবে আয়ত্ত করলি রে এসব?' বিমান বলল, 'বাদ দে তো! আমি যাই, সবাইকে জানিয়ে দিয়ে আসি তুই এসেছিস, বলে আসি আমাদের উৎসবের মঙ্গলঘট পূর্ণ হলো এতক্ষণে'। অনিল হাত চেপে ধরেছিল, খানিক রূঢ়তা হয়ত ছিল সেই আচরণে কিন্তু যে প্রত্যয়ের সাথে নিষেধ জানাতে 'না' শব্দটি উচ্চারণ করল, তা আরো বেশি রূঢ় শোনালো। বলল, 'তুই যে লেখালিখি করিস এখন বুঝতে পারছি'। কথাটা যে প্রশংসার্থে নয়, তা বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু অভিযোগটা কী বা কেন তা বুঝতে না পারায় সে জিজ্ঞেস করল 'কেন?' অনিল বলল, 'আমি একটা জিনিস খুব ভাল মতো বুঝেছি জানিস, টেক্সট হলো ইন মোস্ট অফ দি কেসেস ডিসেপটিভ। লেখাটা আসলে লেখকের বাহাদুরি, তার সাথে বিষয়ের সত্যতার কোনো সম্পর্ক নেই। লেখক কী বলছে তা অমূলক, কথাটা বলায় কতখানি বাহাদুরি দেখাতে পেরেছে সেটাই বড় কথা। এই যে মঙ্গলঘটের কথা বলছিস, তার সাথে তোদের চিঠির কথার কোনো মিল আছে? সেখানে লিখেছিস আমাদের ভালবাসার প্রথম অধ্যায়ের কথা। আমাদের ভালবাসার সেই প্রথম অধ্যায়ে কি এইরকম কোনো মঙ্গলঘটের কনসেপ্ট ছিল? তখন কি আমরা এমন কখনও ভাবতাম কারো উপস্থিতির কারণে মঙ্গলঘট পূর্ণ হওয়ার কথা। তার মানে ঐ প্রথম অধ্যায়ে ফিরে যাওয়ার কথাটা একেবারেই বাকওয়াস, আমরা আসলে এখানেই থাকব, এই বর্তমানে, বড় জোর এখানে দাঁড়িয়ে সেই প্রথম অধ্যায়ের স্মৃতি রোমন্থন করব, শুধু এইটুকুই। অথচ আমি কিন্তু সেই পাটনা এত দূর ছুটে এসেছি অন্য কথা ভেবে, অন্য কিছু আশা করে, ঐ ভালবাসার প্রথম অধ্যায়ের মায়ায় পড়ে। ভাবতে ভাবতে এসেছি আসরে পৌঁছানো মাত্রই সবাই ‘অনিল, অনিল' করতে করতে ঘিরে ধরছে, পিছনে লাগছে, আর পাটনা আই আই টি'র ডিরেক্টরের ভার সাময়িক আমার ঘাড় থেকে একটু একটু করে নেমে যাচ্ছে। এই ছুটিটুকু পেতেই তো এখানে এসেছি'।

সোমনাথ আমাদেরই একজন বন্ধু, বিমান মিত্রের থেকে পড়াশোনায় সে অনেক ভাল ছিল, কিন্তু চাকরি বাকরিতে না গিয়ে সে লিকার শপের পারিবারিক ব্যবসাকেই ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে, সে এদিন অনিলকে ঘিরে রাখা সেই ঘেরাওয়ের একজন হয়ে ছিল। চড়া গলায় সে ডাকল 'বিমান'। বিমান তখন মাথা নীচু করে অনিলের উন্মুক্ত হৃদয়ের ভাষা শুনছিল। লজ্জায় মরছিল যে মাথা নীচু করেও উচ্চতায় অনিলের থেকে নীচে নেমে যাওয়া সম্ভব হচ্ছে না। নিজেকে তখন বড় বেমানান লাগছিল। সোমনাথের হুংকার যেন তাকে বাঁচাল। ঈর্ষণীয় আর্থিক প্রতিপত্তি তার, সেই বিচারে বিমান কখনও তুলনায় আসতে পারে না তার।  তা সে জানে, তবু ঈর্ষা করে তাকে, তার বহিরঙ্গের উজ্জ্বলতা দেখে। চারিদিক থেকে স্যালুটের পর স্যালুট, গাড়ি থেকে নামার সময় পোশাক পরিহিত পুলিশের দরজা খুলে দেওয়া প্রভৃতি দৃশ্য যেন তাকে তার পরাজয়ের খবর দেয়। বাসনা এক আর প্রাপ্তি আরেক। এই সংঘাত তাকে দীর্ণ করে। এই বয়েসে এসেও তার অবসান হয়নি। অথচ অনিলকে নিয়ে এইরকম কোনো বিকার তার নেই, অন্তত তার আচরণে তেমন কিছু ধরা পড়েনি। সে যাইহোক, বিমান তার ডাকে সাড়া দিয়েছিল, অমন হুংকার দেওয়া ডাকের উত্তরে বিনীত হতে কিন্তু কার্পণ্য করেনি সে। বলল, 'আসছি রে'। যেন বেঁচে গেল অনিলের সামনে থেকে সরে আসার একটা কারণ খুঁজে পেয়ে। হয়ত সেটাও একটা কারণ হতে পারে সোমনাথের রূঢ়তার উত্তরে রূঢ় না হওয়ার। সোমনাথের কাছে এসে বলেছিল, 'কী বলছিস, বল'। সোমনাথ বলল, 'এদিকে আয়', বলে কিছুটা দূরে সরে গিয়েছিল। সেখানেও কয়েকজন ছিল, সোমনাথ তাদের শুনিয়ে বিমানকে বলল, 'কাল তো বিরাট ভাষণ দিয়েছিলি আমাদের আচরণে যেন কোনোরকম বৈষম্য দেখা না যায়। কারো জীবনের পরবর্তী অধ্যায়ের কথা যেন আমাদের জানা নেই -- এমন নিস্পৃহ হতে হবে আমাদের। স্কুলের দিনে যেরকম সমদৃষ্টি ছিল আমাদের, ঠিক তেমনটা হতে হবে প্রত্যেকের প্রতি'। মেনে নিলো বিমান, বলল, 'হ্যাঁ বলেছিলাম'।

--- কিন্তু নিজে তুই কী করলি আজ?

--- দেখলাম আমার ক্ষমতা হার মানল, আমি পারলাম না। সত্যিই তা বলেছিলাম যে আমাদের আচরণে বৈষম্য দেখা না যায় পাছে জীবনে প্রতিষ্ঠায় যারা পিছিয়ে পড়েছে তারা আহত না হয়। যখন বলেছিলাম তখন তাদের কথাই মাথায় ছিল। অনিলও সেই কথাই বলল, কিন্তু ওর ব্যাখ্যা অন্যরকম। ওর আফসোস ও দলছুট হয়ে যাচ্ছে বলে, ওর থেকে সবাই দূরত্ব বজায় রেখে চলছে বলে। তার জন্যে অনিল আমাকেই দায়ী করছে। তোর অভিযোগ যেমন মেনে নিলাম, তেমনই ওর অভিযোগ ও মেনে নিয়েছি। এবং এতটুকুও কুণ্ঠিত হয়নি তার জন্য। আমার নিজের অবস্থান ব্যাখ্যা করার যথেষ্ট যুক্তি ছিল, কিন্তু তা বলা ধৃষ্টতা বলে বলতে যাইনি। ধর সবাই মিলে যদি আমরা ঠাকুর দেখতে যেতাম তাহলে সবাই আমরা ঠাকুরকে প্রণাম করতাম। তখন যেমন কেউ বলত না আমাদের আর ঠাকুরের মধ্যে বৈষম্য মূলক আচরণ করা হলো, এও তেমনি, অনিল আমাদের থেকে ঠিক ততখানি এগিয়ে। আমাদের পরিমাপ করার সাধ্যের মধ্যে সে পড়ে না। কিন্তু অনিল নিজে নেমে আসতে চাইছে মাটিতে, তাই আমার বিরুদ্ধে ওর অভিযোগ, আর সেটাই আজ আমার কাছে পরম পাওয়া। এবার তুই আমাকে যা গালাগালি দিবি দে, আমি কোনো প্রতিবাদ করব না।

কিন্তু সোমনাথ আর একটি কথাও বলতে পারল না, গালাগাল করা তো দূরের কথা। বরং কাছে এসে বিমানের পিঠের উপর হাত রাখল। অসময়ের জ্যোৎস্নায় তার মুখ তখন আলোকিত আর সেই আলোয় যেন সমস্ত অসূয়া তার ঢাকা পড়ে গেল। বিমানের পিঠের উপর থেকে নিজের হাতটা টেনে এনে কপালে ঠেকিয়ে হাসতে হাসতে বলেছিল, 'স্যার, স্যালুট! দেখে বল ঠিক হচ্ছে কিনা'। বিমান বলেছিল, 'ধুস, তুই না! পারিসও বটে!' কেমন যেন গলে গিয়েছিল সোমনাথ, একেবারে উপযুক্ত হয়ে উঠেছিল পুনর্মিলন অনুষ্ঠান উদযাপনের। তারপর অনিল আচার্য শুধুই অনিল হয়ে গেল, বিমান মিত্র বিমান, সোমনাথ সূর সোমনাথ, শরদিন্দু সেন শরদিন্দু, এমনই বাকি সবাই। প্রবীণের সাহস ফেরানোর উদ্যোগ নিল অনিল নিজেই, যাতে তার মধ্যে হীনমন্যতার রেশ আর না থাকে। মহিলা এবং অল্প বয়েসীদের কান এড়িয়ে একদা সেই স্কুলের দিনে প্রবীণের মুখ থেকে শোনা একটা অশ্লীল এবং আদি রসাত্মক গল্প যখন ঠিক প্রবীণের ভাষায় শুনিয়ে দিল অনিল, তখন প্রবীণ লজ্জায় মাথা নীচু করলেও বাকি সকলের সব বাধা সরে গিয়েছিল।

কতদিন আগের কথা এ সব, কিন্তু এখনও জলছবির মতো স্পষ্ট ভেসে ওঠে চোখের সামনে। ছবিগুলো যেন কেমন মায়ায় জড়ানো, আর সেই সব সংলাপগুলো যেন সুরধ্বনি হয়ে কানে বাজে। হয়ত কারণ তার অন্য, অনেকেই তারা যে আর নেই। অনিল নেই, বিশু নেই, প্রবীণ নেই, শরদিন্দু নেই। বিমান মিত্র ছিল এই কিছুদিন আগে পর্যন্ত। 'ধুস' বলে হঠাত সেদিন একেবারে বিনা নোটিশে চলে গেল। অসুখ বিমুখ নেই, ডাক্তার বদ্যি নেই, হাসপাতালে ছোটাছুটি নেই, রাতে ঘুমিয়ে সকালে আর উঠল না। তার মাত্র ক'দিন আগে সোমনাথ যখন চলে গেল, আমাদের সাথে বিমানও গিয়েছিল শেষ দেখা দেখতে। দীপঙ্কর নেই, হৃষিকেশ নেই, আরো অনেকে নেই। কিন্তু মন মানে না, বিশ্বাস করতে ইচ্ছে করে ওরা সবাই আছে, কোথাও না কোথাও আছে, যাপনের সমস্ত সঞ্চয় ব্যয় করে যেখানে যেতে হয়। আমাদের শেষ পারানি এখনও যোগাড় হয়নি বলেই হয়ত আমরা পড়ে আছি। জানিনা কেমন করে যোগাড় করতে হয় শেষ পারানি কিংবা কতখানি বাকি আছে এখনও। এই যেমন অনিল, ওর পথে যতখানি শীর্ষে ওঠা সম্ভব ছিল ততখানি উঠেছিল সে, পথ আর বাকি পড়ে ছিল না। অন্যদিকে প্রবীণ, দারিদ্রের দুঃখ কষ্ট সবচেয়ে বেশি যতখানি হতে পারে সবটুকু পাওয়া হয়ে গিয়েছিল তার, আর কিছু বাকি ছিল না। বাকি ছিল কেবল বিদায় বেলার একটি সুরের। সেটুকুও বেজেছিল, একমাত্র মেয়ে যখন আমেরিকার বার্কলে থেকে পোস্ট ডক্টরেট করে ফিরল। সেদিন মনে মনে ভেবেছিল একবার যদি দেখা হতো অনিলের সাথে তাহলে বলতে পারত সে যেখান থেকে পোস্ট ডক্টরেট করেছে, তার মেয়েও সেখান থেকে। সেই সময় একদিন যখন প্রবীণের সাথে ফোনে কথা হচ্ছিল, তখন সে আমায় বলেছিল, 'এখন না হিসেবটা সহজ হয়ে গেছে, মাত্র এক প্রজন্ম পিছিয়ে আছি অনিলের থেকে'। এই বোধ নিয়েই সারা হলো তার ইহকাল। জীবনের ওপারে গিয়ে যদি অনিলের সাথে তার কখনও দেখা হয়ে থাকে, তখন যে এসব কথা একবারও বলেনি তাকে, তা জানি। বলতেই পারে না, কারণ তা কখনও প্রসঙ্গ হতে পারে না তখন, যেহেতু দ্বারপ্রান্তে লৌকিক সংসারের সব পরিচয় খসিয়ে ফেলে তবে প্রবেশাধিকার পেয়েছে তারা। অনিলের অনিলত্ব ঘুচেছে, প্রবীণের প্রবীণত্ব, এমনই সকলের। আশ্চর্যের ব্যাপার একটা লক্ষ্য করেছি, এই আমি যে এখনও পড়ে আছি, আমারও দেখছি তাদের অবস্থা হতে চলেছে। জীবনে অনিল হতে পারিনি বলে কোনো আক্ষেপ নেই, প্রবীণ হতে হয়নি বলে কোনো স্বস্তি অনুভব করি না। এখন মনে হয় সবই জগতকে সাজানোর প্রয়োজনীয় উপকরণ এবং প্রয়োজনের পরিকল্পনার সাথে সাযুজ্য রাখার জন্য উপকরণের পরিকল্পনা। তার কোনোটি ছোট, কোনোটি বড় এবং এক একটির এক এক রকম দাম কিন্তু তাতে তাদের মিলন বা পুনর্মিলন কোনোটাই বাধা পাওয়ার কথা নয়। আবার এমনও হয় কখনও কখনও যখন আর মিলন চোখে পড়ে না, দেখি একাকার হয়ে আছে সব।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন